তাঁর কারণেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকের কোনো এক সময়। আমি তখন ঢাকার বিভিন্ন স্টুডিওতে বাঁশি বাজিয়ে বেড়াই। এ রকমই একটা সময়, খুব সম্ভবত ’৯৩ সাল সেটা, হুমায়ূন স্যার লোক মারফত আমাকে তাঁর বাসায় আসতে বললেন। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে বাঁশি বাজাতে হবে। জন্মদিনের দিন তাঁর বাসায় গিয়ে দেখি এলাহি কাণ্ড। ঘরভর্তি লোকজন। আসাদুজ্জামান নূরসহ অনেক খ্যাতিমানের পাশাপাশি আছেন নেত্রকোনার একদল বাউল। সেই অনুষ্ঠানে আমি বাঁশি তো বাজালাম, কয়েকটি গানও গেয়ে শোনালাম।মজার বিষয় হচ্ছে, বাঁশির চেয়ে আমার গানই বেশি পছন্দ করলেন স্যার। বললেন, ‘গানগুলো কার?’ বললাম রশিদ উদ্দিন বাউল আর উকিল মুন্সির। স্যার বললেন, ‘এই গানগুলো রেকর্ড করাতে চাই আমি।’ তারপর আচমকা একদিন স্যার আমাকে ডন স্টুডিওতে ডাকলেন। সেখানে ‘আমার গায়ে যত দুঃখ সয়,’ ‘পুবালি বাতাসে’ গানগুলো রেকর্ড করা হলো। পরে ‘রঙের বাড়ই’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গানটি ব্যবহার করলেন তিনি। এরও অনেক পরে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের জন্য ‘শুয়া চান পাখি’ গানটি গাই আমি।তারপর খুব দ্রুত তাঁর ঘনিষ্ঠতা। স্যার মাঝেমধ্যেই নুহাশপল্লীতে আড্ডার আসর বসাতেন। সেখানে অধ্যাপক করিম, জুয়েল আইচ, এজাজুল ইসলাম, জাহিদ হাসান...অনেকেই থাকতেন। বিচিত্র সব কাণ্ড ঘটত সেখানে। একবার এক চাঁদনি রাতে স্যারের খুব শখ হলো তানপুরা শুনবেন। আমাকে খবর দেওয়া হলো। স্যারের হুকুম, আমি তখনই তানপুরা কাঁধে ধানমন্ডি থেকে ছুটলাম নুহাশপল্লীতে। সেখানে পৌঁছানোর পর নানা গল্পগুজবে রাত পার হয়ে গেল, তানপুরা আর বাজানো হলো না! স্যার হাসতে হাসতে বললেন, ‘মন খারাপ কোরো না বারী, সাম আদার ডে...।’স্যার ছিলেন অসম্ভব দূরদৃষ্টিসম্পন্ন একজন মানুষ। আমার ভেতরের গায়কসত্তাকে তিনি প্রথম দেখতে পেয়েছিলেন। ‘বারী, তুমি গান গাও। গানে তুমি ভালো করবা।’ এভাবে প্রতিনিয়তই আমাকে উৎসাহিত করেছেন তিনি। হুমায়ূন আহমেদের কারণেই আমি আজ গায়ক বারী সিদ্দিকী। বারী সিদ্দিকী: সংগীতশিল্পী