তাঁর কারণেই আমি কবরী হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা-মায়ের কাছ থেকে আসার পর আমার অভিভাবক হিসেবে যাকে পেয়েছি তিনি সুভাষ দত্ত। আমার প্রিয় দত্ত দা। উনার মতো একজন ভালো মানুষের হাত ধরেই চলচ্চিত্রে আমার আগমন। ‘সুতরাং’ ছবি দিয়েই সবাই আমাকে চেনে। আজকে সবাই যখন আমাকে একজন ভালো শিল্পী হিসেবে মূল্যায়ন করে সেটার পুরো কৃতিত্ব দত্ত দার।’কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা ও বর্তমান সাংসদ কবরী সারোয়ার। সদ্য প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তকে নিয়ে তিনি এভাবেই প্রথম আলো ডটকমের কাছে স্মৃতিচারণ করলেন।কবরী আরও বলেন, ‘সুভাষ দত্ত সঠিকভাবে পথ না দেখালে আমার পক্ষে আজকের অবস্থানে পৌঁছানো কখনোই সম্ভব হতো না। তাঁর কারণে আমি কবরী হতে পেরেছি।’ গুণী নির্মাতা সুভাষ দত্তের সঙ্গে মিশতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করেন এই অভিনেত্রী। তবে শেষের দিকে সুভাষ দত্তের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়টিও অকপটে স্বীকার করেছেন কবরী। তিনি বলেন, ‘উনার সঙ্গে মিশে মনে হয়েছে উনি অনেক কিছুই জানতেন, কিন্তু কখনো প্রকাশ করতেন না। কথাও বলতেন খুব কম। কারো কাছে কিছু চাইতেন না। নিজের মতো করে থাকাটা পছন্দ করতেন। তবে শেষের দিকে অভিমান কাজ করেছি বেশি। দাদাকে আমরা অনেকেই ভুল বুঝতাম। আমি নিজেও। এখন এসব ভেবে খুব কষ্ট হচ্ছে। আজ মনে হচ্ছে, উনার সঙ্গে আরও বেশি করে মিশতে পারলে ভালো হতো।’