তাঁর তারুণ্যের রহস্য জানালেন আমির

গত শুক্রবার ৪৯ বছর বয়সে পা দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। কিন্তু তাঁকে দেখে মোটেও বোঝার উপায় নেই যে জীবনের এতটা পথ পাড়ি দিয়েছেন তিনি। তাঁকে দেখে মনে হয় ত্রিশের কোঠায় পা দেওয়া কোনো যুবক। আমিরের এই তারুণ্য ধরে রাখার বিষয়টি রীতিমতো রহস্যই বলা যায়। সম্প্রতি এ রহস্যের জট খুলেছেন আমির নিজেই। তিনি জানিয়েছেন, সুস্থ জীবন-যাপন পদ্ধতি, সুষম খাবার গ্রহণ ও কঠোর খাদ্য নিয়ন্ত্রণ এবং ভালো জিন বা বংশানুগতির নিয়ন্ত্রক উপাদানের কারণেই ৪৯ বছর বয়সেও তারুণ্য ধরে রাখতে পেরেছেন তিনি।
সম্প্রতি সংবাদকর্মীরা আমির খানের কাছে তাঁর তারুণ্য ধরে রাখার গোপন রহস্য জানতে চাইলে জবাবে আমির বলেন, ‘আমি যে কী বলব, তা ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মনে হয়, ভালো জিন বা বংশানুগতির নিয়ন্ত্রক উপাদানের বড় একটি ভূমিকা রয়েছে এর পেছনে। তা ছাড়া, আমি সব সময় স্বাস্থ্যসম্মত ও সুষম খাবার গ্রহণ করি। কঠোরভাবে খাদ্য নিয়ন্ত্রণও করি। কখনোই এর বিচ্যুতি ঘটে না। সর্বোপরি আমি সব সময় খাবার গ্রহণের ব্যাপারে খুবই সচেতন থাকি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
২৫ বছরেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্র শিল্পে সাফল্যের সঙ্গে অভিনয় করে চলেছেন আমির খান। প্রতিটি ছবিতে নিজের চরিত্রকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার ক্ষেত্রে বরাবরই নিজের প্রবল ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন তিনি। ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমাও বসেছে তাঁর নামের পাশে।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘গজনি’ ছবিতে চরিত্রের প্রয়োজনে কঠোর অনুশীলন আর শরীরচর্চার মাধ্যমে শারীরিক অবয়বে ব্যাপক পরিবর্তন এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আমির। ‘গজনি’ ছবিতে আমিরের এইট প্যাক দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁর অগণিত ভক্ত ও দর্শক। গত বছর বক্স অফিসে ঝড় তোলা ‘ধুম ৩’ ছবিতেও আমিরের পেশিবহুল শরীর নজর কেড়েছে দর্শকদের।
বর্তমানে ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত আছেন আমির। তাঁর সঞ্চালনায় ‘সত্যমেভ জয়তে’ টিভি অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছে ২ মার্চ থেকে। কন্যাশিশুর ভ্রূণ হত্যা, শিশু যৌন হয়রানি, যৌতুক, গৃহ সন্ত্রাস, অ্যালকোহল আসক্তিসহ সংবেদনশীল নানা বিষয় নিয়ে নির্মিত বিভিন্ন পর্ব প্রচারিত হওয়ার পর ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের প্রথম মৌসুম ব্যাপক আলোচিত হয়। সমাজের এসব ক্ষত তুলে ধরে দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হন আমির খান। অনুষ্ঠানটির কয়েকটি পর্ব টিআরপি রেটিঙে রেকর্ডও গড়েছিল।