তাঁর বাসায় আর যাওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস কাঞ্চনবসুন্ধরা ছবিতে যখন কাজ শুরু করলাম, তখন একদিন শিবলি সাদিকের সঙ্গে আমার পরিচয় হলো। সুভাষ দত্ত পরিচয় করিয়ে দিলেন। দেখলাম আমার চেয়েও অনেক বেশি স্মার্ট ও সুন্দর পোশাক পরা এক লোক। জানলাম, তিনি একসময় দত্তদার সহকারী হিসেবে কাজ করেছেন। এর পর থেকে দেখা হলেই বলতাম, ভাই কেমন আছেন? তিনিও খোঁজখবর নিতেন। দেখতে দেখতে শিবলি ভাইয়ের জীবনের বেশির ভাগ ছবির অভিনেতা হয়ে গেলাম আমি। যতটুকু মনে পড়ে তিনি ১৯টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার মধ্যে আমি ১৩টিতে অভিনয় করেছি।এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ত্যাগ, ভেজা চোখ, অচেনা, মা মাটি মানুষ। প্রত্যেকটি ব্যবসাসফল ছবি। এর মধ্যে ভেজা চোখ ছবিটি নিয়ে দুটি স্মৃতিচারণা করব।শিবলি সাদিকের মৃত্যুর খবরটা পাওয়ার পরপরই এই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছিল। কক্সবাজারে এক পাহাড়ের ওপর ৪০ ফুট ওপরে তোলা হলো আমাকে। ‘ঝুলে পড় ঝুলে পড়’ গানটি করতে গিয়ে আমি পড়ে গেলাম। কোমরে ব্যথা পেলাম। মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। হাসপাতালে যখন নেওয়া হলো, তখন ভেজা চোখ ছবির একটি গান মুখ দিয়ে বেরিয়ে গেল। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’। শিবলি ভাই আমাকে ধরলেন। বললেন, ‘কিচ্ছু হবে না।’ প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষটি কোথা থেকে যে এত সাহস পেতেন জানি না।তাজমহলে গেলাম শুটিং করতে। তখন শুটিং করার অনুমতি দেওয়া হচ্ছিল না। মে মাসে সেখানে এতটাই গরম যে হোটেল থেকে বের হওয়া যায় না। আমি বিকেলে গেলাম তাজমহলে। মমতাজ বাগানের পথ ধরে হাঁটছি। শিবলি ভাই এলেন। বললেন, ‘মাত্র কয়েক ঘণ্টার জন্য অনুমতি মিলেছে। কিন্তু সমস্যা হলো এখানে কোনো গান বাজানো যাবে না।’ কিন্তু ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ গানটির শুটিং করতেই হবে। আমাকে বললেন, ‘তুমি তো গান জান। গানটা মুখস্থ করে নাও। টেপ রেকর্ডার ছাড়াই তুমি গান করবে আর ক্যামেরাম্যান ক্যামেরা চালাবে।’ যেমন কথা তেমন কাজ। অসাধারণভাবে শিবলি ভাই সেসব দৃশ্য ক্যামেরাবন্দী করলেন। তাজমহলের সামনে আমি মারা গেলাম। প্রেক্ষাগৃহে ছবি চলল, দর্শক চোখ মুছতে মুছতে প্রেক্ষাগৃহ ছাড়ল। এরপর শিবলি ভাই একে একে একাধিক ছবিতেই আমাকে নিয়ে কাজ করলেন।জীবনের শেষ দিকে এসে তিনি মাথাও উপর ছায়া নামের একটি ছবি নির্মাণের জন্য সবকিছু চূড়ান্ত করলেন। এই ছবির কাজ শুরু করার সময় আমরা দেখলাম, তার সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক কিছুই তিনি স্মরণ রাখতে পারছেন না। দিন দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন।অনেক দিন আর শিবলি ভাইয়ের কোনো খোঁজ পাইনি। একদিন শুনলাম তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপর একদিন নামাজ পড়তে গিয়ে দেখি, দুজন লোক ধরাধরি করে শিবলি ভাইকে নামাজ পড়তে নিয়ে এসেছেন। শিবলি ভাইকে বললাম, ভাই আপনার বাসা উত্তরার কোথায়? শিবলি ভাই ঠিকানা দিলেন। আমি লন্ডনে চলে গেলাম। আসার পর জানলাম তিনি ভীষণ অসুস্থ। তারপর হঠাত্ করেই মৃত্যুসংবাদ শুনলাম। আফসোস, শেষ দেখা আর করা হলো না শিবলি ভাইয়ের সঙ্গে। এমন একজন মেধাবী মানুষ আমরা কোথায় পাব। বাংলা চলচ্চিত্র একে একে হারাচ্ছে গুণী মানুষদের। এই শূন্যস্থান পূরণ হবে কী দিয়ে?