তাঁর লেখায় শোষিত মানুষের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তাঁর সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী ক্ষুরধার লেখনী আজও পাঠককে নাড়া দেয়। তাঁর লেখায় ছিল নিপীড়িত মানুষের অবয়ব। শোষকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ছিল মা, মাটি ও মানুষের জীবনছবি। তাঁর ছিল প্রখর স্মৃতিশক্তি, ছিল প্রাণচাঞ্চল্যে ভরা জীবন। সব প্রতিকূলতার মধ্যেও তিনি শিশুর মতো নির্মল হাসতে পারতেন।’রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল সোমবার বাংলাসাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের স্মরণানুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। গতকাল ছিল তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে স্মরণসভার আয়োজন করে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ। শওকত ওসমানের সাহিত্য ও কর্মজীবনের নানা বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক বুলবন ওসমান, লেখক আন্দালিব রাশদী ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। পিতৃস্মৃতিচারণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন রবীন্দ্র-গবেষক ও ভাষাসৈনিক আহমদ রফিক। আলোচনা শেষে শওকত ওসমানের জন্ম জন্মান্তর গ্রন্থ অবলম্বনে সারোয়ার তমিজউদ্দীন নির্দেশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী হয়।শওকত ওসমান ১৯৯৮ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তাঁর জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, স্মৃতিকথা ও শিশুতোষ মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক।