তাঁর সঙ্গে কিছু সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরজিৎ রায়
সমরজিৎ রায়
এ পি জে আবদুল কালাম
এ পি জে আবদুল কালাম

চলে গেলেন একজন অসাধারণ মানুষ—ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। আমার সৌভাগ্য, এই মানুষটার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনবার মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলাম। গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সুবাদে দিল্লিতে প্রায় সব সরকারি অনুষ্ঠানেই নিয়মিত অংশ নেওয়ার সুযোগ হয়। এই অনুষ্ঠানগুলোর মধ্যে একটি বিশেষ অনুষ্ঠান হলো, প্রতিবছরের ২ অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন ও ৩০ জানুয়ারি মৃত্যু দিবসে তাঁর সমাধিস্থল রাজঘাটে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠান। এ পি জে আবদুল কালাম রাষ্ট্রপতি হয়ে যখন প্রথম এই অনুষ্ঠানে আসেন, তখন তিনি সিদ্ধান্ত নেন সকালবেলার রাজঘাটের অনুষ্ঠানের পরপরই এই একই অনুষ্ঠান তিনি রাষ্ট্রপতি ভবনে রাখবেন এবং এই অনুষ্ঠানের পরে শিল্পীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তাঁর এই সিদ্ধান্তে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম।
ওই অনুষ্ঠানে আমি আমার গুরুজি পদ্মশ্রী পণ্ডিত মধুপ মুদ্গলের সঙ্গে ভজন গাওয়ার জন্য যেতাম। অনুষ্ঠানের পরে আবদুল কালামজি নিজে এসে মুগ্ধ হাসিতে আমাদের গানের প্রশংসা করতেন। সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজ করার সময় তিনি সবার সঙ্গে প্রাণ খুলে কথা বলতেন। তিনি নিজে নিরামিষভোজী ছিলেন এবং আমাদের সবার জন্যও ভোজনে নিরামিষই থাকত।
দ্বিতীয়বার রাষ্ট্রপতি ভবনের একই অনুষ্ঠানের পরে আমরা সবাই যখন খাচ্ছিলাম, তখন ভিড়ের মধ্যে রাষ্ট্রপতির শরীরের সঙ্গে আমার প্লেটের ধাক্কা লাগল। আমি খুব লজ্জা পেলাম। সেটা বুঝতে পেরে তিনি আমাকে আশ্বস্ত করলেন। বললেন, তিনি কিছুই মনে করেননি। আমার চোখেমুখে উৎকণ্ঠা দেখে তিনি আমার সঙ্গে সংগীত ও ব্যক্তিগত বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলে আমাকে স্বাভাবিক করলেন। সত্যি, এত বড় মানুষ হয়েও এমন অমায়িক ব্যবহার আমি দেখিনি কোনো দিন।
এ পি জে আবদুল কালামের মৃত্যুসংবাদটি শুনে বুকের ভেতরটা কেমন যেন দুমড়েমুচড়ে উঠল। শত বছরেও এমন একজন মানুষের জন্ম হয় কি না আমার সন্দেহ।