তাঁর স্বীকৃতি পশ্চিমারা ছিনতাই করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে নারী নাট্যকার হাতে গোনা। তাঁদের একজন নাসরীন মুস্তাফা। ইতিমধ্যে তাঁর লেখা নাটক লীলাবতী আখ্যান ঢাকার মঞ্চে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁরই লেখা আরও দুটি নাটক নিয়ে ঢাকার দুটি বড় দল কাজ শুরু করেছে। আজ তাঁর সাক্ষাৎকার।এই মুহূর্তে আপনার কী কী নাটক নিয়ে কাজ হচ্ছে?বর্তমানে আমার লেখা লীলাবতী আখ্যান নাটকটি ‘লোকনাট্যদল’ (সিদ্ধেশ্বরী) নিয়মিতই মঞ্চায়ন করছে। নাটকটির প্রায় ২৫টিরও বেশি প্রদর্শনী হয়ে গেছে। একই দল আমার লেখা আচার্য্য জগদীশ চন্দ্র বসুকে নিয়ে জগদীশ নামে আরেকটি নাটক মঞ্চে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আরেকটি নাটক করছে পদাতিক নাট্যসংসদ। এটির নাম জলমাংক। দুটি দল থেকেই আমাকে জানানো হয়েছে যে আগামী রোজার পরপরই নাটক দুটি মঞ্চে আসবে।জগদীশ চন্দ্র বসুর কোন দিকটা নাটকে প্রাধান্য দেওয়া হয়েছে?আচার্য্য জগদীশ চন্দ্র বসুর দুটি বড় আবিষ্কার আছে। একটি রেডিও আবিষ্কার, অন্যটি গাছের যে প্রাণ আছে সেই বিষয়টি। জগদীশ রেডিও আবিষ্কার করলেও তাঁকে স্বীকৃতি দেওয়া হয়নি। আমি মনে করি, তাঁর স্বীকৃতি পশ্চিমারা ছিনতাই করেছে। মার্কনিকে এ জন্য নোবেল দেওয়া হলো, যা জগদীশের প্রাপ্য ছিল। কিন্তু দেখা যায়, পশ্চিমারা বরাবরই প্রাচ্যের মানুষের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতারণা করছে। তারা এই মহাদেশের মানুষের কোনো বিষয়ই মূল্যায়ন করছে না। তারা এখান থেকে তথ্য নিয়ে বড় বড় কাজ করছে। অথচ পুরো কৃতিত্বই তারা নিয়ে নিচ্ছে। জগদীশ স্বীকৃতি নিয়ে পশ্চিমারা যে রাজনীতির খেলা খেলেছে, তা-ই নাটকে দেখা যাবে। আর আমি তাঁর জীবনীর চেয়ে এই দিকটাই বেশি গুরুত্ব মনে করেছি এবং নাটকে তা তুলে এনেছি।ঢাকার মঞ্চে নারী নাট্যকারের সংখ্যা হাতে গোনা। এ ব্যাপারে আপনি কী বলেন?নারীদের দৃষ্টিভঙ্গি পুরুষের থেকে ভিন্ন। তাঁরা যদি এ কাজে এগিয়ে আসেন, তাহলে ভিন্ন ধরনের নাটক উপহার দেওয়া সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম। বর্তমান সময়ে নারীদের কাজের ক্ষেত্রে তেমন একটা বাধা আছে বলে মনে হয় না। তাই তাঁরা যদি থিয়েটারের জন্য নাটক লেখেন, তাহলে ভিন্ন আমেজের নাটকও পাওয়া যাবে। থিয়েটারে নারী নাট্যকর্মীদের অংশগ্রহণের আগ্রহও বাড়বে।মঞ্চনাটক লেখার আগ্রহ কীভাবে এল?আগে রেডিও-টেলিভিশনে নাটক লিখেছি। ছোটবেলা থেকেই লেখালেখির একটা আলাদা আগ্রহ ছিল। প্রথম লীলাবতী নাটকটি ১৯৯৬ সালে ছাত্র থাকা অবস্থায় রেডিওর জন্য লিখেছিলাম। তখন রেডিওতে একটি নাটকের প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমার এই নাটকটি প্রথম হয়েছিল। তখন থেকে বিভিন্ন মাধ্যমে নাটক লেখার আগ্রহ আরও বাড়ে। একটা সময় লীলাবতী আখ্যান নাটকটির কিছু পরিবর্ধন-পরিশোধন করে মঞ্চের উপযোগী করে লিখেছি। আমার লেখার কোনো সীমাবদ্ধতা নেই। যখন যে ক্ষেত্রের জন্য নাটক লিখি, সেই ক্ষেত্রোপযোগী করে লিখি।আপনার লেখা যে কয়েকটি নাটক নিয়ে মঞ্চে কাজ হচ্ছে, প্রায় সবগুলোই গবেষণাধর্মী। কেন?আমার সব নাটকই যে গবেষণাধর্মী, বিষয়টাকে আমি ওভাবে বলব না। লেখার ক্ষেত্রে তা নাটকই হোক আর উপন্যাস বা গল্পই হোক, যখন যে বিষয় নিয়ে ভাবি, তার ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা আমার নিজের অভ্যাসই বলতে পারেন। বিষয়টি নিয়ে নিজের মধ্যে তাড়না কাজ করে। পুরো বিষয়টির নাড়ি-নক্ষত্র বের করে এনে লেখার কাজ শুরু করি।আপনি বাংলাদেশ সরকারের নেপাল দূতাবাসে চাকরি করছেন। চাকরির সুবাদে তো আপনাকে দেশের বাইরে বেশির ভাগ সময় থাকতে হয়। নাটক লেখার সুযোগ কীভাবে বের করে নেন?সুযোগ পেলেই লিখি। বাংলাদেশে থাকি আর নেপালেই থাকি, গতবার দেশ থেকে নেপালে যাওয়ার আগে জগদীশ লেখা শেষ করে গেছি। লেখার তো কোনো সীমানা নেই। কাজের অবসরে সময়-সুযোগ করে নিয়ে নাটক লিখি এবং তা সময় নিয়ে শেষ করি। যেমন এর আগে লীলাবতী আখ্যান এক বছর ধরে লিখেছি। মঞ্চের জন্য নতুন কোনো নাটক লিখছেন কি?নতুন একটি বিষয় আমার মাথায় এসেছে। ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরুও করেছি। নাটকটির নাম দিয়েছি কুমারী। দক্ষিণ এশিয়ার মেয়েরা সংগ্রাম করে পথ হাঁটছে। মেয়েদের এই সংগ্রামী জীবনটাই নাটকে উঠে আসবে।