তাঁরা এখন কোথায়
চলচ্চিত্র এবং টিভি-দর্শকের কাছে তুমুল জনপ্রিয়, এমন পাঁচজন—রিয়াজ, শাবনূর, অপি করিম, রিচি ও তিন্নি। হঠাৎ করেই পর্দা থেকে উধাও তাঁরা। কারণ কী?মাস কয়েক আগে ঢাকা এসেছিলেন অপি করিম। বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যেই দুটি নাটকের কাজ করেন। এক মাস দেশে কাটিয়ে অপি আবার চলে যান জার্মানি। ফিরবেন আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি। বিয়ে, শিক্ষকতা, তারপর আবার পড়াশোনা করতে দেশের বাইরে যাওয়ার কারণে অপি যেন ক্রমশই চোখের আড়াল হতে চলেছেন। জার্মানিতে যাওয়ার আগে বলছিলেন এ বিষয়ে। ‘কাজ তো আর আমি সারা জীবন করব না। অনেকই তো কাজ করেছি। তবে মাঝেমধ্যে জার্মানিতে থেকে মনে হয়, অনেক দিন হলো ক্যামেরার সামনে আসি না। দেশে আসার আগে তাই কারও কারও সঙ্গে যোগাযোগ করি। এসে দু-একটা কাজ করি। এতেই আনন্দ পাই।’অপির অনুপস্থিতির কথা বলছিলেন আবুল হায়াত, ‘সাংঘাতিক মেধাবী অভিনেত্রী। প্রচুর কাজ করেছি ওকে নিয়ে। হঠাৎই ওর অনুপস্থিতির কারণে বিকল্প কাউকে খুঁজে নিতেও সময় লাগে।’মিডিয়াতে এসে সবার দৃষ্টি কেড়েছিলেন তিন্নি—কি নাটকে কি বিজ্ঞাপন চিত্রে। নিজেকে প্রিয় মুখ হিসেবেই মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। তিন্নি সম্পর্কে গিয়াসউদ্দিন সেলিম বলেছিলেন, ‘একজন মানুষ একই সঙ্গে সুন্দরী ও ভালো অভিনেত্রী যে হতে পারে, তার বড় প্রমাণ হচ্ছে তিন্নি।’অকালপ্রয়াত নায়ক মান্না বলেছিলেন, ‘তিন্নির জন্য আমাদের সিনেমার দুয়ারটা খোলা ছিল। এলেই স্বাগত জানাত সবাই।’তিন্নি চলচ্চিত্রে এসেছেন ঠিকই। কিন্তু সময় যে তখন অনেক দূর বয়ে গেছে।নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর একসময় হিল্লোলকে বিয়ে করেন। ভালোই ছিলেন তিনি। ঘর আলো করে সন্তানও হয়েছে তাঁর। কিছুদিন পরেই শোনা গেল, হিল্লোল-তিন্নির সংসারে ভাঙন ধরেছে। তারপর...।তিন্নি আবার কাজ শুরু করলেন। একটি-দুটি নাটক। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ এল, তিনি কাজে মনোযোগী নন। কোনো কোনো কাজ অর্ধসমাপ্ত অবস্থাতেই বন্ধ করা হলো। কদিন আগেই বড় রকমের কলহ হলো চলচ্চিত্রেও। শিডিউল দিয়ে শুটিং স্পটে না আসা এবং কয়েক দফা বিচার-সালিস এবং ধুঁকে ধুঁকে সে আমার মন কেড়েছে ছবির কাজ শেষে তিন্নি যেন লাপাত্তা হয়ে গেলেন। নির্মাতা ইফতেখার উদ্দিন ফাহমী তাঁর টু বি কন্টিনিউড ছবিতে নিয়েছিলেন তিন্নিকে। কিন্তু শেষ পর্যন্ত নায়িকা পরিবর্তন করলেন। তিন্নি এখন পারিবারিক কলহ মিটিয়ে আবার হিল্লোলের কাছে ফিরে গেছেন। দীর্ঘদিন কোনো কাজ করেননি। ১৫ জুলাই থেকে তিনি দুটি নতুন নাটকের কাজ শুরু করবেন।রিচি প্রায় চার মাসের জন্য দেশে এসেছিলেন। গত ১২ জুলাই তিনি ওমরাহ করার জন্য দেশ ছেড়েছেন। সেখান থেকে চলে যাবেন আমেরিকায়। কবে আসবেন তা তিনি যাওয়ার আগে বলতে পারেননি। বললেন, দেশে এসে কয়েকটি নাটকের কাজ করেছেন। কিন্তু তিনি এখন আর আগের মতো কাজ করে আনন্দ পান না। বাসায় ছোট বাচ্চা। সারাক্ষণ সন্তানের জন্য মনটা ছটফট করে। ‘আসলে এখন আমি আমার সন্তান ছাড়া অন্য কিছু নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। একসময় গ্লামারের নেশা পেয়েছিল। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এটাই সবকিছু নয়। আমি জানি, ইচ্ছা করলে আমি আরও কয়েক বছর জনপ্রিয়তা ধরে রেখেই কাজ করতে পারতাম। তার পরও মনে হয়েছে, মানুষের জীবনে একটা সংসার অনেক বড় কিছু। সেই জীবনের সন্ধান আমি পেয়েছি।’ বলছিলেন রিচি।রিচির অভিনীত লেডিস ফার্স্ট এখন বাংলাভিশনে প্রচারিত হচ্ছে। ঈদে রিচির অভিনীত দুটি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। এরপর রিচির অভিনীত নতুন কোনো নাটক আপাতত দেখা যাবে না।বাংলা সিনেমায় শাবানা তিন দশক একাই রাজত্ব করেছিলেন। তাঁর নামে গল্প হতো, তাঁকে কেন্দ্র করেই চলচ্চিত্র তৈরি হতো। শাবানার পর শাবনূর দুই দশক বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়িকা হয়ে ছিলেন। স্কুল-কলেজের ছেলেমেয়ে থেকে শুরু করে শাবনূরের ভক্ত কে নয়?সেই শাবনূরও হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। বর্তমানে তিনি আছেন অস্ট্রেলিয়াতে। সেখানে নাগরিকত্ব পেতে আবেদন করেছেন। এরই মধ্যে অস্ট্রেলিয়া সরকার শাবনূরের আবেদন গ্রহণ করেছেন এবং তিনি জানালেন, নাগরিকত্ব পেতে চলেছেন। তবে কি বিদায় শাবনূর?মুঠোফোনে এমন প্রশ্ন শুনে শাবনূর হাসেন। ‘নাহ্। এখনই নয়। তবে খুব বেশি কাজ করতে চাই না। আর শুধু অভিনয় নয়, চলচ্চিত্র নির্মাণ করতে চাই। এ জন্য আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি,’ বললেন শাবনূর।জানালেন, চলতি মাসেই দেশে ফিরবেন। দেশে ফিরে ভালোবাসা সেন্টমার্টিনে ছবিটির কাজ শুরু করবেন। এ ছাড়া আরও দুটি চলচ্চিত্রের কাজ নির্মাণাধীন অবস্থায় আছে। সেগুলোর কাজ শেষ করবেন। তারপর তিনি কী করবেন?উত্তরে শাবনূর হাসলেন, কিন্তু কিছু বলেননি।যেখানে শাবনূর এতটাই জনপ্রিয়, সেখানে এত দ্রুত কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন? শাবনূর বললেন, ‘মনের মতো গল্প না পেলে কী করব? অনেক বছর তো কাজ করেছি। একই চরিত্রে কাজ করতে কার ভালো লাগে? এখন যদি আমার সঙ্গে মানানসই গল্প না থাকে, তাহলে কীভাবে সেই কাজ করব?’সালমান-যুগের পর বাংলা চলচ্চিত্রের হাল ধরেছিলেন রিয়াজ। একে একে সুপারহিট ছবি উপহার দিয়ে তিনি সালমানের শূন্যতা পূরণ করেছিলেন। সর্বশেষ মনের মাঝে তুমি, হূদয়ের কথা, মোল্লাবাড়ির বউ-এর মতো ছবি উপহার দিয়ে রিয়াজ দর্শকদের প্রিয় নায়ক বনে যান। কিন্তু এর পরের ছবিগুলো ব্যবসায়িকভাবে মার খেল। রিয়াজ অনেকটাই যেন নিঃসঙ্গ হয়ে গেলেন। রিয়াজ এখন কী করছেন?একটি আবাসন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। মাঝে নিজে ব্যবসাপ্রতিষ্ঠান দিয়েছিলেন। এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। তবে চলচ্চিত্রকে তিনি ভোলেননি বিন্দু পরিমাণ। প্রতিদিন সকালে খবরের কাগজে চোখ বুলিয়ে জেনে নেন সিনেমার খবরাখবর। তাতে পুলকিত হন। বললেন, ‘সিনেমা একটা সময় আমাকে অনেক কিছুই দিয়েছে। সিনেমার কারণে আমি রিয়াজ হয়েছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসার বন্ধন অটুট রয়েছে এবং থাকবে।’