তাঁরা এখন তারকা
মম, বাঁধন, মুনমুন, মিম, মেহজাবিন-‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পাঁচ তারকা। তাঁদের মধ্যে মম ২০০৬, মিম ২০০৭ আর মেহজাবিন ২০০৯ সালের চ্যাম্পিয়ন। বাঁধন ২০০৬ সালের দ্বিতীয় রানারআপ আর মুনমুন চতুর্থ। এই একটি মাত্র প্রতিযোগিতা বদলে দেয় তাঁদের জীবন। তাঁদের কাছ থেকেই জেনে নিই বদলে যাওয়া জীবনের কথা

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার এক দিন আগেও তাঁরা ছিলেন আর দশজন সাধারণ মেয়ের মতো। কিন্তু এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হওয়ার পর থেকেই তাঁরা সবাই তারকা।
এখন চলচ্চিত্র আর নাটকে অভিনয়, বিজ্ঞাপনচিত্রের শুটিং, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, টিভি কিংবা পত্রিকায় সাক্ষাৎকার দেওয়া-অন্য এক জগতে এসেছেন তাঁরা। এখানে আছে যশ, খ্যাতি আর অর্থযোগ। দ্রুত ওপরে ওঠার সুযোগ।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা কীভাবে বদলে দিয়েছে তাঁদের জীবন? গত মঙ্গলবার মুঠোফোনে কথা হলো তাঁদের সঙ্গে।
বাঁধন বললেন, ‘আমি ছিলাম বাংলাদেশ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। নানা কারণে তখন দুই বছর পড়াশোনা থেকে দূরে ছিলাম। মেডিকেলের পড়া বাদ দিয়ে বিবিএতে ভর্তি হওয়ার কথা ভাবছিলাম। ওই সময় এই প্রতিযোগিতায় অংশ নিই। নাচ, গান, অভিনয়-কিছুই পারি না। কিন্তু গ্রুমিং সেশনে অংশ নিয়ে আমি দ্রুত বদলে যাই। আত্মবিশ্বাস তৈরি হয়। গ্র্যান্ড ফিনালে হয়েছিল ২২ সেপ্টেম্বর। ওই দিনটি আমার কাছে দ্বিতীয় জন্মদিন। দ্বিতীয় রানারআপের পুরস্কার হিসেবে যে তিন লাখ টাকা পেয়েছিলাম, তা দিয়ে আমি আবার বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হই। এরপর চিকিৎসক হয়েছি। পাশাপাশি নাটকে অভিনয় করছি। স্বামী আর মেয়েকে নিয়ে খুব সুখে আছি।’
মিম এখন ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয় করেন হুমায়ূন আহমেদের আমার আছে জল ছবিতে। এরপর অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে আমার প্রাণের প্রিয়া ছবিতে। গত মাসে মুক্তি পেয়েছে খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো । পাশাপাশি নাটক তো আছেই। মিম বলেন, ‘এই একটিমাত্র প্রতিযোগিতার পর আমি যেন নতুন মিম হয়েছি। একা এলে এত দ্রুত আজকের অবস্থানে আসতে পারতাম কি না, জানি না। এখন আমাকে নিরাপত্তা নিয়ে ভাবতে হয় না, কারণ আমি একটা বড় প্ল্যাটফরম থেকে এসেছি।’
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর তৌকীর আহমেদের দারুচিনি দ্বীপ ছবিতে অভিনয় করেন মম। প্রথম ছবিতেই তিনি পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মম বলেন, ‘গ্রুমিং সেশনে প্রখ্যাত অভিনেতা আলী যাকেরের সঙ্গে কথা হয়। তিনি তখন আমাকে বলেছিলেন, “তুমি অনেক দূর যাবে।” গত রোববার লাক্সের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি আবার সেই কথা মনে করিয়ে দিলেন। সত্যিই, আজকের মমর সঙ্গে আট বছর আগের মমর কোনো মিল নেই।’
মাঝে মম কাজ করেছেন ছোট পর্দায়। ব্যস্ত থেকেছেন নাটক নিয়ে। মম আবার চলচ্চিত্রে অভিনয় করছেন। সিলেটে এখন তিনি শিহাব শাহীনের পরিচালনায় ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করছেন। এর আগে কাজ করেছেন রকিবুল আলমের প্রেম করব তোমার সাথে ছবিতে।
উপস্থাপক মুনমুনের ব্যস্ততা এখন অনেক বেশি। তিনি ছিলেন ২০০৬ সালের প্রতিযোগী। পরের বছরই আয়োজকেরা তাঁকে এই প্রতিযোগিতা উপস্থাপনার দায়িত্ব দেন। এ পর্যন্ত মোট পাঁচটি আসরের উপস্থাপনা তিনি করেছেন। উপস্থাপক মুনমুনের বড় অর্জন দেশের মাটিতে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ও সাফ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা, ‘বিবিসি জানালা’ (বিটিভি), ‘স্পেলিং বি’ (চ্যানেল আই), ‘আমার আমি’র (বাংলাভিশন) ১৫০টি পর্ব আর পর পর দুই বছর প্রথম আলো আয়োজিত ‘বর্ণমেলা’ উপস্থাপনা।
মুনমুন বলেন, ‘এই প্রতিযোগিতা থেকে আমার মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, তা-ই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে আছে আমার পরিবারের সমর্থন।’
মেহজাবিন বলেন, ‘প্রতিযোগিতা শেষ না হতেই আমার হাতে ধুমধাম করে অনেক কাজ চলে এসেছে। এরপর শুধুই কাজ আর কাজ। সেলিব্রিটি হওয়ার একটা নেতিবাচক দিকও আছে। এই যেমন কোনো মার্কেটে কেনাকাটা করতে গেছি, অমনি আমাকে ঘিরে ভিড় জমে যায়। রাস্তায় চলার সময়ও একই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।’
মেহজাবিন এখন ব্যস্ত নাটক আর বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে। জানালেন, লাক্স আর বাংলালিংকের বিজ্ঞাপনচিত্র আমাকে অন্যমাত্রার জনপ্রিয়তা এনে দিয়েছে।
এখানে শুধু কথা হয়েছে পাঁচজনের সঙ্গে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রতিটি আসর থেকে বের হচ্ছেন অসংখ্য তারকা। এই তারকারা নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছেন, পাশাপাশি পাল্টে ফেলেছেন নিজেদের জীবন। প্রতিযোগিতাটি তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে, যার আলোকেই তাঁদের পথচলা।