

দায়গ্রস্ত হয়ে মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট নাকি মানসিক ভারসাম্য হারিয়েছেন! এ নিয়ে এখন সরগরম পশ্চিমা গণমাধ্যমগুলো। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কাছে এক বিলিয়ন ডলারের সাহায্য চাওয়ার পর কানিয়ের অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরও পোক্ত হয়েছে। কোথায় ঋণমুক্ত হওয়ার জন্য কাজে মন দেবেন, তা নয়, উল্টো পাগলামি করে নিত্য নতুন সমালোচনার মুখে পড়ছেন কিম কার্ডাশিয়ানের স্বামী কানিয়ে। এই দুঃসময়ে কানিয়ে সাহস খুঁজে পেতে পারেন বলিউড তারকাদের কাছ থেকে। কারণ বলিউডে এমন তারকা আছেন, যাঁরা দেউলিয়া হওয়ার পরও আবার ঘুরে দাঁড়িয়েছেন, ফিরে পেয়েছেন সচ্ছলতা।

শুরু করা যাক কিংবদন্তিদের দিয়ে। অভিনেতা রাজ কাপুর একপর্যায়ে এসে ঋণে জর্জরিত হয়ে পড়েন। নিজের সম্পত্তি বন্ধক রেখে ছয় বছর সময় নিয়ে তৈরি করেন মেরা নাম জোকার (১৯৭০) ছবিটি। কিন্তু বক্স অফিসে ছবিটি মার খায়। পুরো কাপুর পরিবারের মান-সম্মান প্রশ্নের মুখে পড়ে যায়। তিন বছর পর ঋষি কাপুর অভিনীত ববি (১৯৭৩) ছবিটি সাফল্যের মুখ দেখলে আবারও আশার আলো খুঁজে পায় কাপুর পরিবার ও আরকে ফিল্মস। বলা হয়, ১৯৭০ সালের পর কাপুর পরিবারের আর্থিক অবস্থা এত খারাপ হয়ে যায় যে তাঁদের ওপর মায়া করে ববি ছবির বেশির ভাগ শিল্পী আর কলাকুশলী কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন। ববি সফল হওয়ার পরও পুরোপুরি সচ্ছলতা ফিরে পায়নি কাপুর পরিবার। ছয় বছর সময় লেগেছে রাজ কাপুরকে সব ধরনের ধারদেনা থেকে নিজেকে মুক্ত করতে।

এবার অমিতাভ বচ্চনের জীবনে উঁকি দেওয়া যাক। ‘২০০০ সালে সবাই যখন নতুন শতক উদ্যাপনের আনন্দে ভাসছে, তখন আমি আমার দুর্দশাকে উদ্যাপন করছিলাম! হাতে কোনো ছবি ছিল না, কোনো পয়সাকড়ি নেই, ছিল না নিজের কোনো প্রতিষ্ঠানও।’ অমিতাভ তাঁর ঋণগ্রস্ত সময় নিয়ে এভাবেই নিজের ব্লগে লিখেছিলেন। ২০০০ সালে অমিতাভ বচ্চনের এবিসিএলকে (অমিতাভ বচ্চন করপোরেশন লিমিটেড) ভারতের আদালত দেউলিয়া ঘোষণা করেন। অবস্থা এতই খারাপ যে নিজের বাংলো পর্যন্ত বন্ধক রাখতে হয় বিগ বিকে। পরে একই বছর অনেকটা আশীর্বাদের মতোই অমিতাভ বচ্চনের জীবনে আসে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ গেইম শোর প্রস্তাব। সেই টিভি অনুষ্ঠানের সাফল্যের পর আবার হারানো সম্পত্তি ফিরে পান বলিউডের এই ‘শাহেনশাহ’।
তবে অমিতাভ যে সময় দেউলিয়া হয়েছেন, তখন যদি বলিউডের ‘ভাইজান’ সালমান খান এখনকার মতো সচ্ছল থাকতেন, তাহলে আর কথাই ছিল না। কারণ বিপদের দিনে সত্যিকারের বন্ধু হিসেবে সালমানের বেশ সুনাম রয়েছে। এই ‘ভাইজান’ বলিউডের অনেক তারকাকেই একেবারে ধুলোয় মিলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন। এ তালিকায় সবার আগে বলতে হয় জ্যাকি শ্রফের নাম। জ্যাকি শ্রফ তাঁর পাওনাদারদের থেকে বাঁচার জন্য প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছ থেকে বড় অঙ্কের অর্থ ধার করেছিলেন। কিন্তু সাজিদকে অনেক বছর ঘোরানোর পরও সেই দেনা শোধ করতে পারেননি জ্যাকি। বিষয়টি যখন গণমাধ্যমে ফাঁস হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন এগিয়ে আসেন সালমান। তিনি জ্যাকি শ্রফকে দেউলিয়া হওয়ার হাত থেকে উদ্ধার করে ফিরিয়ে আনেন স্বাভাবিক জীবনে। এ জন্যই কিন্তু বিভিন্ন সাক্ষাৎকার কিংবা অনুষ্ঠানে এখন জ্যাকির ছেলে টাইগার শ্রফ কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমান খানের প্রতি।


সালমানের কাছে কৃতজ্ঞ প্রীতি জিনতাও। এ অভিনেত্রী প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন ইশক ইন প্যারিস ছবিতে। কিন্তু ক্রিকেট মাঠের রসায়নের মতো ছবি প্রযোজনার সমীকরণ মেলাতে পারেননি তিনি। মার খায় তাঁর ছবিটি। প্রীতি যখন দেউলিয়া হতে যাচ্ছেন, তখনই ত্রাণকর্তা হিসেবে সামনে আসেন সালমান খান।
বলিউডের এই উদার খান গোবিন্দের দুঃসময়েও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সবাই যখন গোবিন্দের কাছে পাওনা টাকা আদায়ের জন্য ধরনা দিচ্ছে, তখন সালমান খান পরিচালক ডেভিড ধাওয়ানকে দিয়ে গোবিন্দের কাছে পার্টনার ছবির প্রস্তাব পাঠান। ওই সময় ডেভিড ধাওয়ানও আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। পার্টনার ছবির সাফল্যের মধ্য দিয়ে আবারও সচ্ছল জীবন ফিরে পান ডেভিড ধাওয়ান আর গোবিন্দ।
অর্থকষ্টে ভোগা এমন আরও কিছু বলিউড তারকার মধ্যে উল্লেখযোগ্য অভয় দেওল। ঋণ শোধ করার জন্য তাঁকে নিজের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করতে হয়। তা ছাড়া শিল্পা শেঠিও কিন্তু অর্থ সংকটের কথা স্বীকার করেন গণমাধ্যমের কাছে। তবে দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়নি তাঁর।
পাগলামি ছেড়ে সময় থাকতে সঠিক পথে হাঁটার জন্য আরও দৃষ্টান্ত দরকার আছে কানিয়ে ওয়েস্টের?
আদর রহমান
ইন্ডিয়া টাইমস, আইএএনএস, টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফ, আইবিএন লাইভ ও লুক হু ইজ টকিং উইথ নিরঞ্জন

