
কিছুদিন আগেও তাঁরা তিনজন ছিলেন সাধারণ তরুণের মতোই। ক্লাস, পড়াশোনা, বন্ধুদের সঙ্গে আড্ডা ও খেলাধুলা নিয়েই কাটত তাঁদের দিন। ৯ অক্টোবর রাতে পুরোপুরি বদলে যায় তাঁদের জীবন। সেদিন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ঘোষণা করা হয় রিয়্যালিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো’ চ্যাম্পিয়ন ও রানারআপদের নাম। তাঁরা হলেন বাঁধন, পূষণ ও তন্ময়। সেই হিসেবে তাঁরা তিনজনই এখন ‘হিরো’। ১০ অক্টোবর তাঁরা এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে। শুনিয়েছেন নিজেদের সেরা হওয়ার গল্প।
ফুটবল খেলতে খুব ভালোবাসেন বাঁধন সাহা। পড়াশোনার ফাঁকে তাই সময় পেলেই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা নিয়েই মেতে থাকেন। অন্যদিকে পূষণের পছন্দ ক্রিকেট। এটা তাঁর ধ্যানজ্ঞানও বলা যায়। ২০১২ সালে খেলেছেন জাতীয় লিগও। ক্লাস এইটে পড়ার সময় ইউনিসেফের হয়ে চার বছর পর্যন্ত শিশু অধিকার নিয়ে সাংবাদিকতাও করেছেন। আর তন্ময় তবলা বাজাতে পছন্দ করতেন। গানের প্রতিও একটা ঝোঁক ছিল। বড় বোন গান গাইতেন আর তিনি তবলা বাজাতেন। ২০০৮ সালের দিকে এসে টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য ঢাকার একটি নাট্যদলের সঙ্গেও যুক্ত হন। চ্যানেল আইয়ের হিরো বাছাইয়ের প্রতিযোগিতায় সেরা তিনে জায়গা করে নেওয়া বাঁধন, পূষণ ও তন্ময় এভাবেই নিজেদের একসময়ের স্বপ্নের কথাগুলো জানালেন।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই তিন তরুণের স্বপ্ন ডালপালা মেলতে থাকে। এ কাজে বন্ধুরা সহযোগীর ভূমিকা পালন করেছেন। ভারতের শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুল থেকে এইচএসসি পাস করে ঢাকায় এসে ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে শেষ করেছেন বিবিএ। ফুটবল খেলোয়াড় থেকে হিরো হওয়ার খাতায় নাম লেখানোর ব্যাপার সম্পর্কে বাঁধন বলেন, ‘কয়েক মাস আগে সিলেটে ঘুরতে গিয়েছিলাম। তখন এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারি। আগ্রহ দেখাইনি। ঢাকায় ফেরার পর হঠাৎ একদিন সাভার থেকে এক বন্ধু ফোন দিয়ে বলল, “আমি তোর ঢাকার বাসায় আসছি। আর্মিদের সঙ্গে আমাদের একটা খেলা আছে, তা নিয়ে কথা বলতে হবে।” পরে শুনি, হিরো বাছাইয়ের প্রতিযোগিতায় আমার ছবি পাঠিয়ে দিয়েছে সে।’
সেরা হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না বাঁধনের। একপর্যায়ে নাকি প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। বাঁধনের সঙ্গে একমত পোষণ করেন পূষণ এবং তন্ময়ও। বাঁধন বললেন, ‘প্রাথমিক বাছাইয়ে আমি স্রেফ হাফপ্যান্ট ও টি-শার্ট পরে যাই। কীভাবে যেন প্রথম রাউন্ডে সিলেক্টও হয়ে যাই। সেরা বিশে আসার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের একটা কমান্ডো প্রশিক্ষণে অংশ নিতে হয়। যদিও এটি আমাদের অন্য রকম একটা জীবন দিয়েছে কিন্তু শুরুর দিকে আমরা পালিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম।’
কেমন সে অভিজ্ঞতা জানতে চাইলে তিনজনের চোখে-মুখে তখন আতঙ্কের ছাপ। পূষণ তো বললেন, ‘আমরা মনে করেছি সেখানে শুধু মজা করব। আড্ডা দেব। একটা পর্যায়ে একজন আর্মি অফিসার এসে সবাইকে যার যার অবস্থানে দাঁড়িয়ে যেতে বললেন। আদেশ দিলেন, পুশআপ দেওয়ার। টানা দুই ঘণ্টা সেই ব্যায়ামে আমাদের সবার অবস্থা ভয়াবহ খারাপ হয়ে যায়। কেউ তো বমি করা শুরু করে দেয়। দুই ঘণ্টা পর আমরা আসলে তার আগের কোনো ঘটনাও মনে করতে পারিনি।’
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে নবম সেমিস্টারের ছাত্র পূষণ। হিরো হওয়ার লড়াইয়ে অংশ নিতে গিয়ে একটা সেমিস্টার পড়া থেকে দূরে ছিলেন। বললেন, ‘বন্ধু জাহিদ আমার নাম নিবন্ধন করে দেয়। সৈনিক ক্লাবে ছিল আমার বাছাই। সবার সামনে যখন এসে দাঁড়ালাম, তখন আশপাশে তাকিয়ে দেখলাম, সবাই বয়সে ও সাইজে আমার থেকে বড়। আর সবাই বডি বিল্ডার। শুরুতে ভেবেছিলাম বাদ পড়ে যাব। কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম। আমি কখনো হার মানি না। ভয় জিনিসটাও আমার মধ্যে নাই। এটাই আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে।’
আলাপ শেষ করতে হবে। বাঁধন, পূষণ ও তন্ময়কে ছুটতে হবে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়ে। সেখানে সাক্ষাৎকার ও ফটোসেশনে অংশ নিতে। তার আগে প্রথম আলোর স্টুডিওতে ফটোসেশন শেষে বিদায় নেন তাঁরা।