তাঁরা তিন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব খান, হাবিব ও মোশাররফ করিম—চলচ্চিত্র, সংগীত ও টিভিমাধ্যমের তিন জনপ্রিয় তারকা। এই মুহূর্তে নিজ নিজ মাধ্যমের ১ নম্বর আসনটি তাঁদের দখলে। ব্যস্ততা তাঁদের অবসর দেয় না। তাই তিনজনকে একত্র করা আর অসাধ্য সাধন করা যেন এক। এক সন্ধ্যায় সেই অসাধ্য সাধিত হলো।তারকাদের সময়জ্ঞান কম। তাঁরা সময় দিয়ে তা রক্ষা করেন না—এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। তাই আশঙ্কা ছিল, তিন অঙ্গনের ১ নম্বর তারকাদের নিয়ে এই আড্ডা, এ যাত্রায়ও হয়তো কিছুটা ঝামেলা সইতে হতে পারে। কিন্তু দুশ্চিন্তার ভূতটা দ্রুতই মাথা থেকে নেমে গেল। কারণ শাকিব, হাবিব আর মোশাররফ—কেউই সেই দুর্নাম মাথায় নিলেন না। শত ব্যস্ততার মধ্যেও শনিবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়েই চলে এলেন বনানীর একটি স্টুডিওতে, নাম রেড। প্রথমে আসেন শাকিব খান, তারপর মোশাররফ, সবশেষে হাবিব।২.কাকতালীয়ভাবে একসঙ্গে তিনজনের এটাই প্রথম দেখা। এর আগে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে তিনজনের। মনে করে নিজেরাই সে তথ্য দিলেন। ‘এর আগেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির কাজ করার সময় চ্যানেল আইতে সাক্ষাত্কার দিতে গিয়ে হাবিবের সঙ্গে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে। তবে শাকিবের সঙ্গে কোথায় দেখা হয়েছিল ঠিক মনে নেই।’ বললেন মোশাররফ। তিনি মনে করতে না পারলেও শাকিব ঠিকই মনে করলেন, ‘পরিচিত একজনের বিয়ের অনুষ্ঠানে মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রথম আমার দেখা।’‘শাকিবের সঙ্গে আমার দেখা এই তো প্রেম ছবির ফটোসেশনে গিয়ে।’ বললেন হাবিব।৩.শাকিব, হাবিব আর মোশাররফ—তিনজনের মধ্যে কোনো যোগসূত্র আছে কী না, মেলাতে গিয়ে আবিষ্কৃত হলো আরেকটা কাকতালীয় বিষয়। তিনজনের প্রথম সফল কাজটির আদ্যক্ষর ‘ক’।ঢালিউডের এই মুহূর্তে সবচেয়ে দামি তারকা শাকিব খানকে দিয়ে শুরু করি। অনেক সংগ্রাম আর চড়াই-উতরাইয়ের পর পেয়েছেন তারকাখ্যাতি। প্রথম যে ছবির মাধ্যমে শাকিবের সাফল্যের চাকা ঘুরতে শুরু করে, সেই ছবির নাম কোটি টাকার কাবিন।এরপর হাবিব। যে অ্যালবামের সংগীতায়োজন করে হাবিব প্রথম সাফল্যের মুখ দেখেন, সেটি ছিল কৃষ্ণ। শাহ আবদুল করিমের কিছু গানসহ লোকজ গানের এই অ্যালবাম দারুণ শ্রোতাপ্রিয় হয়।সবশেষে মোশাররফ করিম। প্রথম প্রথম তাঁকে নিয়ে নির্মাতাদের তেমন একটা আগ্রহ ছিল না। তাতে অবশ্য দমে যাননি প্রতিভাবান এই অভিনেতা। ঠিকই তিনি তাঁর অভিনয় দিয়ে দর্শকহূদয়ে জায়গা করে নেন। মোশাররফের সেই সাফল্য আসে কেরাম নাটকের মাধ্যমে।৪.মুঠোফোনের মাধ্যমে তিনজন সম্পর্কে জানতে চাওয়া হলো জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর কাছে। তিনি বললেন, এই তিন তারকার জন্মতারিখ ও সালটা আগে জানা জরুরি। সেই তথ্য দেওয়া হলো। ঘণ্টা দুই পর কাওসার আহমেদ চৌধুরী জানালেন, মোশাররফ করিম ও হাবিবের জন্মসংখ্যা হলো ৬, আর শাকিবের ৩। তবে তিনজনই ৩, ৬, ৯—একই সরলরেখায় রয়েছেন। তাই বলা যায়, আরও বছর পাঁচেক তিনজনই সাফল্যের তুঙ্গে থাকবেন। অবশ্য এর মধ্যে প্রতিদ্বন্দ্বী কেউ এসে যেতে পারেন। তবে ভয় নেই। তাঁদের হারাতে হবে কাজ দিয়েই। শেষে বললেন, সাফল্য একটা আপেক্ষিক ব্যাপার। এটা দীর্ঘ সময় স্থায়ী হয় না।৫.আমরা এরপর আড্ডায় ঢুকে পড়ি। তিনজন তিনজনের কাজ সম্পর্কে মূল্যায়ন করেন।শুরুটা করেন শাকিব। ‘ব্যস্ততার কারণে টিভি দেখার সময় পাই কম। তার পরও মোশাররফ ভাইয়ের দু-একটা নাটক আমার দেখা হয়েছে। এটা তো বলার অপেক্ষাই রাখে না যে, মোশাররফ করিম নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেতা। তাঁর অভিনয় বেশ সাবলীল। আর হাবিব সম্পর্কে বলব, এর আগে সংগীতে যে ধারা চলছিল, তা বদলে নতুন একটা ধারা সৃষ্টি করেছেন তিনি। হাবিবের কম্পোজিশন এক কথায় চমত্কার। নিঃসন্দেহে তিনি জিনিয়াস।’এরপর বললেন হাবিব। ‘মোশাররফ ভাই খুব স্বাভাবিক অভিনয় করেন। ছোটবেলায় টিভিতে নাটক দেখতাম। ওই সময় যাঁদের অভিনয় ভালো লাগত, তাঁদের একজন হুমায়ুন ফরীদি। তাঁর অভিনয়ে যে অরিজিনালিটি ছিল, অনেক দিন পর যাঁর মধ্যে সেটা দেখতে পেলাম, তিনি মোশাররফ করিম; অনেক মানসম্মত অভিনয় করেন।’শাকিব সম্পর্কে হাবিবের মতামতটা একটু ভিন্ন। ‘প্রেক্ষাগৃহে গিয়ে আমার ছবি দেখা হয় না। শাকিবের বেশ কয়েকটা ছবি টিভি চ্যানেলে দেখার সুযোগ হয়েছে। তবে এ ক্ষেত্রে আমি কী বলছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দর্শক-শ্রোতা কী বলছে। দেশের বিপুল দর্শক-শ্রোতা যখন কোনো কিছু গ্রহণ করে নেয়, তখন ভাবতেই হবে তিনি কাজ ভালো করেন।’ব্যস্ততার কারণে শাকিবের কোনো কাজই দেখা হয়নি মোশাররফের। তবে তাঁর মুখে হাবিবকে নিয়ে প্রশংসা আর স্তুতি। ‘আমি সেই অর্থে গান খুব একটা বুঝি না। তবে হাবিবের গান শুনে আমার যেটা মনে হয়; আমি ভাবনার বাইরে একটা কিছু পাই, চিন্তার বাইরে একটা কিছু পাই। সেটাকে আমি “ম্যাজিক” বলব।’ মোশাররফের কথা টেনে নিয়ে হাবিব বলেন, বাহ্! আলহামদুলিল্লাহ। তবে এই ‘ম্যাজিক’ আসে ওপর থেকে, কারণ, তিনি দেবেন কি দেবেন না, তা তো জানি না।’আমি বলি, সবকিছুর মধ্যেই তো একটা ‘ম্যাজিক’ ব্যাপার রয়েছে। আপনারা নিজ নিজ ক্ষেত্রে একটা জায়গায় চলে গেছেন, সেটাও এই ম্যাজিক দ্বারাই নিয়ন্ত্রিত।৬.এবার ঈদে শাকিব ও মোশাররফ কেউ থাকছেন না দেশে। ঈদের সময়টা শাকিব থাকবেন সিঙ্গাপুরে, আর মোশাররফ যুক্তরাজ্যের লন্ডনে। বাবা-মাকে রেখে দেশের বাইরে ঈদের সময়টা কাটাতে হবে, তাই কিছুটা মন খারাপ শাকিবের। ‘গত তিন বছরই শুটিংয়ের কারণে দেশের বাইরে ঈদ করতে হচ্ছে। কাজের চাপ বেশি। সিডিউল মেলাতে পারি না বলে ঈদের সময়টাও শুটিংয়ের জন্য প্রযোজকদের দিয়ে দিতে হচ্ছে।’ অন্যদিকে মোশাররফ বলেন, আমিও স্ত্রী, সন্তান রেখে ঈদের আগেই লন্ডনে যাচ্ছি। ওই সময় লন্ডনপ্রবাসী আমার এক বন্ধুর একটা নাটকের শুটিং হবে। ঈদের সময় পরিবার পরিজনদের খুব মিস করব।’তবে হাবিব দেশেই থাকছেন। তিনি বললেন, ‘আমি দীর্ঘ সময় লন্ডনে ছিলাম। দেশের বাইরে ঈদ করতে ভালো লাগে না আমার। ঢাকাতেই ঈদ করছি।’৭.ছোটবেলায় তিনজনই যেভাবে ঈদ উপভোগ করতেন, তারকাখ্যাতি পাওয়ার পর সেটা আর পারেন না। আফসোস করে শাকিব বলেন, ‘ছোটবেলায়ই খুব ভালো ছিলাম। মনে হয়, ঈদের দিনগুলোতে যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম!’ মোশাররফ ফিরে যান ছোটবেলার স্মৃতিতে, ‘আমার গ্রামে শিমুলতলায় পোল নামের একটা জায়গা আছে। খালের পাশে পুলের গোড়ায় একটা ছোট্ট দোকান, বন্ধুদের নিয়ে সেখানে বসে চা-টা খেতাম। এখন তো এটা অসম্ভব। কোথাও গেলে দর্শকের যে ভিড় হয়, তাতে একান্তে সময় কাটাতে পারি না। মনটা খুবই খারাপ হয়।’‘আমিও কিছু ব্যাপার মিস করি। ধরুন, আমি আমার কয়েকজন বন্ধুর সঙ্গে কোনো শপিংমলে গেলাম। হঠাৎ কথা বলতে বলতে মনে হলো, আমার একটা বন্ধুকে গালি দিই। কারণ তাঁকে গালিটা দিলে আমার খুব ভালো লাগবে। কিন্তু পরক্ষনই ভাবি, আমার মুখে খারাপ কথা শুনলে চারপাশের মানুষ কী ভাববে আমাকে? তারা তখন আমার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করে বলতে পারে, ও, হাবিব এমন! ওর গানই শুনব না। কিন্তু আমি কী আমার বন্ধুকে একটা গালি দিতে পারি না?’—হাবিবের আফসোস। ৮.ঈদে শাকিবের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। নাম্বার ওয়ান শাকিব খান, নিঃশ্বাস আমার তুমি এবং চাচ্চু আমার চাচ্চু। তিনটি ছবি নিয়েই উচ্ছ্বসিত শাকিব। বললেন, তিনটি তিন ধরনের ছবি। নাম্বার ওয়ান শাকিব খান কমেডি ধরনের, নিঃশ্বাসে আমার তুমি নিটোল প্রেমের ছবি আর চাচ্চু আমার চাচ্চু সামাজিক ছবি।তবে কোনটা কেমন হয়েছে, সেটা দর্শকের হাতে ছেড়ে দিয়ে বললেন, ‘দর্শক ছবি দেখে বিচার করবে কোনটা কেমন হয়েছে।’অন্যদিকে এবার ঈদে বাজারে থাকছে হাবিবের দুটো অ্যালবাম। একটি প্রজাপতি চলচ্চিত্রের অ্যালবাম। জানালেন, এই তো প্রেম-এর পর তিনি কোনো চলচ্চিত্রের সব কটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন। প্রজাপতি ছাড়াও চাচাতো বোন ও ভাই সায়ান এবং এরশাদের সঙ্গে একটি মিশ্র অ্যালবাম করেছেন, নাম জাস্ট ওয়াহিদ। এবারের ঈদে বেশ কিছু টিভি অনুষ্ঠানে দেখা যাবে হাবিবকে।এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে অনেক নাটক প্রচারিত হবে মোশাররফের। কিছুক্ষন চিন্তা করে যেগুলোর নাম বলতে পারলেন, তার মধ্যে সালাউদ্দিন লাভলুর মোহর শেখ, রেদোয়ান রনির সাত পর্বের নাটক হিমু, মিছির আলী এবং তাঁর চাচা, সেজান মাহমুদের পল্টিবাজ, অনিমেষ আইচের কাঁটা, সাগর জাহানের ভায়োলিন ইত্যাদি।৯.বিয়ের প্রসঙ্গ আসে। মোশাররফকে বলি, আপনি তো বিবাহিত। বাকি দুজন অবিবাহিত। তাঁদের জন্য কোনো পরামর্শ দেবেন?‘এটা তো কঠিন ব্যাপার। বিবাহিত হলে এক ধরনের অভিজ্ঞতা হয়, আর অবিবাহিত হলে বহুগামী অভিজ্ঞতা হয়।’তবে শাকিব তাঁর বিয়ের পরিকল্পনার কথা জানালেন, পাত্রী খুঁজছেন তিনি। খুঁজে পেলে আগামী বছরই শুভ কাজটা সেরে ফেলতে চান। আর হাবিব বললেন, ‘এখনো আমরা (!) সিদ্ধান্ত নিইনি।’১০.এরপর থামাতে হলো ব্যস্ত তিন তারকার জম্পেশ সেই আড্ডা। কারণ তিনজনেরই যেতে হবে কাজে। তাই তাঁরা ছুটলেন যাঁর যাঁর কাজের জায়গায়।