তাঁরা তিন সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মডেল ও অভিনয়শিল্পী সুমন পাটোয়ারী এবং অর্থহীন ব্যান্ডের সুমন। তিন সুমন। নিজ নিজ অঙ্গনে তাঁরা তিনজনই জনপ্রিয়। একজন অন্যজনকে চেনেন, অন্যজনের কাজের ব্যাপারে ধারণা আছে; কিন্তু একসঙ্গে কখনো আড্ডা দেওয়া হয়নি। এবার তাঁদের একসঙ্গে পাওয়া গেল।শুক্রবার। বিশ্বকাপ ক্রিকেটে চট্টগ্রামে বাংলাদেশ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। খেলা দেখা আর তারই ফাঁকে আড্ডা। প্রথম আলোর কার্যালয়ে আড্ডা শুরু হয়েছিল ওই দিন বিকেল তিনটায়।সুমন পাটোয়ারী আর অর্থহীন ব্যান্ডের সুমন চলে এসেছিলেন একটু আগেই। হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বৈশাখী টিভিতে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বৈশাখী টিভিতে প্রতিদিন দুপুরে টাইম টু ক্রিকেট নামের একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। তিনি এসেছিলেন সেখান থেকে। ‘ইংল্যান্ডের তিনটা উইকেট পড়ে গেছে! বাংলাদেশ কিন্তু দারুণ খেলছে। অল্প রানে ওদের ধরে রাখতে পারলে বাংলাদেশ অবশ্যই জিতবে।’ টিভিরুমে ঢুকেই বসতে বসতে কথাগুলো বললেন বাশার। অন্য দুজন প্রায় একই সঙ্গে বাশারকে স্বাগত জানালেন, ‘বাশার ভাই, ঠিকই বলেছেন!’এভাবেই আড্ডা শুরু হয়। অর্থহীনের সুমনের দিকে তাকিয়ে বাশার জিজ্ঞেস করলেন, ‘আপনি ভৌতিক ব্যাপারে আগ্রহী হলেন কেন?’অর্থহীনের সুমন বললেন, ‘ছোটবেলা থেকেই অতি-প্রাকৃতিক যেকোনো বিষয়ে আমার দারুণ আগ্রহ। অনেক দিন আগে টিভিতে একটা রিয়েলিটি শো দেখেছিলাম—ফিয়ার। তখনই ভূত-প্রেত নিয়ে একটা অনুষ্ঠান করার ভাবনা মাথায় আসে। এরপর আমার গানের একটা মিউজিক ভিডিও তৈরির কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। সেখানে একটা বাড়ির খোঁজ পেয়ে যাই। টিনের চালে ঢিলের আওয়াজ ছাড়াও সারা রাতে ভূত-প্রেতসংক্রান্ত নানা আলামত পেয়েছিলাম। আমরা ক্যামেরায় সেগুলো ধারণ করি। ফিরে এসে তা সম্পাদনা করে একটা কিছু দাঁড় করানোর চেষ্টা হয়। দেখি ভালোই হয়েছে। সেই থেকে বুঝতে পারি, ভূত-প্রেত নিয়ে আকর্ষণীয় অনুষ্ঠান তৈরি সম্ভব। রেডিও ফুর্তিতে ভূত-প্রেত নিয়ে নিয়মিত একটা অনুষ্ঠান করছি। এখানে শ্রোতাদের অভিজ্ঞতার কথাই বেশি শোনা হয়।’পাটোয়ারী জিজ্ঞেস করলেন, ‘বাশার ভাই, আপনি গান করেন?’‘না না। যাঁরা গান করেন, তাঁদের আমার কাছে অতিমানব বলে মনে হয়। আমার কণ্ঠে সুর বলে কিছু নেই।’ বাশার বললেন।অর্থহীনের সুমন বললেন, ‘ইদানীং কিন্তু কণ্ঠে সুর নেই—এমন অনেকেই গান করছেন। অ্যালবাম বের করছেন।’‘সবাইকে দিয়ে সব কাজ হয় না।’ বাশার বললেন, ‘খেলাধুলা, অভিনয়, গান—এগুলো ভেতরে না থাকলে তৈরি করা যায় না।’দুজনের দৃষ্টি এখন বাশারের দিকে, ‘আপনি তো অভিনয় করেছেন।’‘হাঃ হাঃ হাঃ। ওটা কিন্তু হঠাৎ করে হয়েছে। মাহবুব মতিনের পাসওয়ার্ড নাটকের সংলাপগুলোর কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে, যেন পরীক্ষার পড়া মুখস্থ করছি। সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম, সব ভুলে গেছি। আবার পড়ো...।’সুমন পাটোয়ারীকে বাশার জিজ্ঞেস করলেন, ‘আপনি কখনো ক্রিকেট খেলেছেন?’পাটোয়ারী বললেন, ‘অসংখ্যবার। আমার একটা পুমা ব্যাট ছিল। খুব শখ ছিল সিএ ব্যাট কিনব। তখন ওটার দাম ছিল ১০০ পাউন্ড। পারিনি।’বাশার বললেন, ‘ওগুলো তো ইংলিশ ব্যাট। ওখানকার ব্যাটের দাম একটু বেশি। আমার তখন ও রকম একটা ব্যাটের স্বপ্ন ছিল। আমিও পারিনি। তবে আমাদের দেশে ভারতীয় ব্যাটই সবাই বেশি ব্যবহার করে।’অর্থহীনের সুমন বললেন, ‘আমি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র ছিলাম। নির্মাণ স্কুল টুর্নামেন্টে খেলেছি। আমি ছিলাম উদ্বোধনী ব্যাটসম্যান। একদিন আবাহনী মাঠে প্র্যাকটিস করার সময় একটা বল এসে আমার কপালে লাগে। কেটে যায়। সেলাই দিতে হয়েছিল। ওই ভয়ের কারণে এরপর আর ক্রিকেট খেলতে পারিনি।’এ দেশে সুমন নামের কতজনকে পাওয়া যাবে? পাটোয়ারী বললেন, ‘রাস্তায় দাঁড়িয়ে সুমন নামে কেউ যদি ডাক দেয়, আমি বিশ্বাস করি, অন্তত এই মুহূর্তে তিনজন ফিরে তাকাবে। বেশিও হতে পারে।’অর্থহীনের সুমন বললেন, ‘আগে আনন্দ বিচিত্রা নামে একটা ম্যাগাজিন বের হতো। ওখানে প্রায় প্রতি সংখ্যায়ই নতুন নতুন ব্যান্ডের খবর থাকত। দেখতাম, বেশির ভাগ ব্যান্ডেই সুমন নামে একজন আছে।’পাটোয়ারী বললেন, ‘আর দেখবেন, সব সুমনই ব্যান্ডে বেইজ গিটার বাজায়। আপনি (অর্থহীনের সুমনের দিকে তাকিয়ে) বাজান। আমি চেষ্টা করেছি। হাবিব, বালাম এবং আরও কয়েকজন মিলে আমরা একসময় ব্যান্ড গড়েছিলাম।’সুমন নামের অর্থ কী? বাশার বললেন, ‘সুন্দর মন। আমি ওটা বলতেই পছন্দ করি।’ পাটোয়ারী আর অর্থহীনের সুমন বললেন, ‘ফুল। উচ্চারণের ভয়ে অনেক সময়ই বলতে চাই না। হাঃ হাঃ হাঃ।’আচ্ছা, কোনো খেলায় হেরে যাওয়ার পর আপনাদের অবস্থা কেমন হয়? দুজনের চোখই বাশারের দিকে। বাশার বললেন, ‘আগে বুঝতে হবে ওটা দেশে, নাকি দেশের বাইরে। আসলে ও রকম অবস্থার পর সবারই মন খারাপ থাকে। হোটেলে ফেরার সময় বাসে কেউ কোনো কথা বলে না। আবার সংবাদ সম্মেলনে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে পরদিন সকালেই নাশতার টেবিলে সবাইকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করতাম। আগের দিনের খেলার ভুলগুলো নিয়ে আলোচনা করি। এরপর পরের ম্যাচের পরিকল্পনা নিয়ে বসে পড়ি, প্র্যাকটিসে যাই। তবে হারটা যদি দেশে হয়, তাহলেই সেরেছে। বাইরে তো আছেই, হোটেলের ক্লিনার পর্যন্ত বলে, “এটা কী করলেন, ভাই?” খাবার খেতে গেলাম। যিনি খাবার সার্ভ করছেন, তিনি বললেন, “এমনভাবে খেললেন? ঠিক হলো না।” বুঝতেই পারছেন, দেশে হারার পর অবস্থাটা কেমন হয়।’সুমন পাটোয়ারীর ওজন একটু বেশি। কতটা বেশি? পাটোয়ারী বললেন, ‘১৩০ কেজি।’টিভিতে যে একটা বিজ্ঞাপনচিত্রে আপনি ঝুলে থাকেন, ওখানে কি আসলেই ঝুলে ছিলেন? দুজনেরই প্রশ্ন পাটোয়ারীকে। পাটোয়ারী হাসতে হাসতে বললেন, ‘জানতাম, এমন প্রশ্ন আপনারা করবেনই। এ পর্যন্ত অন্তত লক্ষবার যে এই প্রশ্নের মুখোমুখি হয়েছি! শোনেন, মাউন্টেন রোপ দিয়ে আমাকে ঝোলানো হয়েছিল।’ তিন সুমনেরই পছন্দ বই পড়া। বাশার দেশের বাইরে কোথাও খেলতে গেলেই সঙ্গে করে বই নিয়ে যেতেন। অর্থহীনের সুমন পড়েন ই-বুক। বললেন, ‘আমার বইগুলো এত মোটা মোটা, সঙ্গে করে নিয়ে যাওয়া সমস্যা। তাই ই-বুকেই বইগুলো পড়ে ফেলি।’ আর পাটোয়ারী বললেন, যেকোনো বই তাঁর পছন্দ।তিনজনই গান শোনেন। তবে তাঁদের সবার অপছন্দ হিন্দি গান। দেশে এবং দেশের বাইরে গেলে ছবি দেখেন। অর্থহীনের সুমন বললেন, ‘হলে গিয়ে শেষ ছবি দেখেছিলাম বন্ধুদের সঙ্গে, বেদের মেয়ে জোছনা।’বাশার ও অর্থহীনের সুমন অনেক আগেই বাবা হয়েছেন। বাশার বললেন, ‘আমার ছেলের নাম অহন। খেলার জন্য আমাকে তখন দেশের বাইরেই বেশি থাকতে হতো। ও তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু খেলা ছাড়ার পর ওকে এখন কাছ থেকে সরাতেই পারি না। বাবার খুব ভক্ত হয়ে গেছে।’অর্থহীনের সুমনের দুই সন্তান—আহনাফ আর অরোরা। তিন সুমনই ঢাকা শহরের দারুণ ভক্ত। বাশার বললেন, ‘ঢাকার সমস্যা নিয়ে বলে শেষ করা যাবে না। ঢাকায় থাকার সময় ব্যাপারগুলো নিয়ে অনেক সমালোচনা হয়। কিন্তু দেশের বাইরে কোথাও গেলে এক সপ্তাহ না যেতেই ফেরার জন্য মনটা কেমন যেন অস্থির হয়ে যায়।’অর্থহীনের সুমন বললেন, ‘আমি গাড়ি চালাতে ভালোবাসি। ভ্রমণ খুব ভালো লাগে। এ দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে ৩২ দিনে আমি ১৫ হাজার কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়েছি।’ পাটোয়ারী বললেন, ‘আমার যখন অনেক টাকা হবে, তখন মিউজিক নিয়ে কাজ করব।’আড্ডাটা ততক্ষণে দারুণ জমেছে। কথার ফাঁকে ফাঁকে প্রসঙ্গ পাল্টে যাচ্ছে। জানা যাচ্ছে অনেক কিছু। ওদিকে ইংল্যান্ডের চতুর্থ উইকেট জুটি অনেক রান করে ফেলেছে। আড্ডা শেষে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্ন, বাংলাদেশ পারবে তো? হাবিবুল বাশার হাসিমাখা মুখ নিয়ে বললেন, ‘বাংলাদেশ এখন আর হালকা কোনো দল নয়। দেখুন না, শেষ পর্যন্ত কী হয়।’ পাঠক, ইতিমধ্যে আপনি জেনে গেছেন শেষ পর্যন্ত কী হয়েছিল।