তাঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া, ইমরান ও মেহ্জাবীন। ছবি: আবদুস সালাম
নুসরাত ফারিয়া, ইমরান ও মেহ্জাবীন। ছবি: আবদুস সালাম

কয়েক দিন আগে প্রথম আলোর কার্যালয়ে এসেছিলেন তিন অঙ্গনের তিন তারকা সংগীতশিল্পী ইমরান, অভিনেত্রী নুসরাত ফারিয়া ও মেহ্জাবীন। মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০১৭-এর অংশগ্রহণকারী পাঠকদের পাঠানো কুপন তুলে বিজয়ী নির্ধারণ করেছেন তাঁরা। কুপন তোলার পরপরই আড্ডায় বসলেন এই তিনজন।

গুন গুন করে গাইতে গাইতে সিঁড়ি বয়ে প্রথম আলোরকার্যালয়ে উঠছিলেন বড় পর্দার অভিনেত্রী নুসরাত ফারিয়া। উঠতে উঠতে বলছিলেন, ‘আচ্ছা, গানের ওস্তাদ কোথায় পাওয়া যায়? তবে কি অভিনয় ছেড়ে গানের দুনিয়ায় পা রাখছেন তিনি? আড্ডার জন্য প্রশ্ন তোলা থাকল। ওদিকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন নির্ধারিত সময়ে এসে হাজির।

হ্যাঁ, তিন ভুবনের তিন বাসিন্দার আগমনের কারণ মেরিল-প্রথম আলো তারকা জরিপে অংশগ্রহণকারী পাঠকদের ভাগ্য নির্ধারণ। পত্রিকার কুপন, ফেসবুক, ইন্টারনেট—এই তিন মাধ্যমের হাজার হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে একজন করে নাম ওঠালেন এই তিন তারকা। কাজ শেষ। এবার বসলেন আড্ডায়।

এই তিন জনপ্রিয় তারকার একসঙ্গে কখনো দেখাও হয়নি। আড্ডা তো অনেক দূরের পথ।

প্রথমবার একসঙ্গে হওয়ার সুযোগে শুরু থেকেই আড্ডা জমে গেল তিন তারকার মধ্যে। কুপন ওঠানোর কাজ শেষ হতেই সেই আড্ডা পেল নতুন মাত্রা। আড্ডায় তঁদের মুখ থেকে জানা গেল নতুন তথ্য। তিনজনই একে অপরের কাজের ভক্ত। শুধু তাই না, একে অপরের সঙ্গে কাজের প্রস্তাবেও রাজি।

আড্ডায় প্রথমে ফারিয়াকে প্রশ্ন করা হয়েছিল—গানের প্রস্তাব পেলে গান করবেন? উত্তরে এই চিত্রনায়িকা বলেছিলেন, ‘আমি তো আগে অনেক গানের অনুষ্ঠান উপস্থাপনা করতাম। অনুষ্ঠান একটু মজার করার জন্য সেটে গান গাইতাম। একবার তো সংগীতশিল্পী কনা বলেছিলেন, ‘তোমার গান গাওয়া উচিত।’ আমারও ইচ্ছা আছে। সুযোগ পেলে কেন নয়? অভিনয়, উপস্থাপনা, নাচ হয়ে গেছে। এখন গানটাই বাদ যাবে কেন?’

বেশ উচ্ছ্বাস নিয়ে বলেন ফারিয়া। শুরুতে মনের কোণে জমানো প্রশ্নের উত্তর পাওয়া গেল।

যদি অভিনয়ের প্রস্তাব আসে, আপনার বিপরীতে নায়িকা হিসেবে কাকে বেছে নেবেন? ফারিয়া নাকি মেহজাবীন? দুই নায়িকার সামনে এমন প্রশ্ন শুনে ইমরানের চেহারায় লজ্জা ভর করে। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলেন, ‘না ভাই, আমি অভিনয় করব না। গানের মানুষ গানেই থাকতে চাই। আগে একাধিকবার নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। করিনি। গানটাই আমার আসল ঠিকানা।’

তবে দুজনের অভিনয়ই তাঁর ভালো লাগে, সে কথা জানালেন ইমরান। বলেন, ‘ফারিয়ার আশিকী, ধ্যাততেরিকি ছবি দুটি দেখেছি, ভালো লেগেছে। আর মেহজাবীনের বড় ছেলে টেলিছবিটি তো অসাধারণ! জীবনে একটিমাত্র নাটকই নিজের ফেসবুকের টাইমলাইনে আপ করেছি, সেটি বড় ছেলে।’

ওদিকে কথায় কথায় জানা গেল ইমরানের গানের ভক্ত মেহজাবীন। ‘কথা দাও’, ‘বলতে বলতে চলতে চলতে’সহ ইমরানের একাধিক গান শোনা হয়েছে তাঁর। মেহজাবীন বলেন, ‘ইমরানের গান শুধু আমার পছন্দ নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় ইমরান।’

তবে ইমরানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেল রাজি হবেন কি না, সেটা অবশ্য আলাদা ব্যাপার। একটু ভেবে নিয়ে বললেন, ‘ইমরানের অভিনয় হয়তো দর্শক দেখবেন। তাই বলে আমি কিন্তু হুট করেই তাঁর সঙ্গে অভিনয়ে রাজি হব না। সহশিল্পী দেখার আগে নাটকের চিত্রনাট্য ও চরিত্র দেখব, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।’

স্বল্প সময়েই ফারিয়াকে বড় পর্দার তারকা হয়ে ওঠার খেতাব দিলেন মেহ্জাবীন। ফারিয়ার প্রথম চলচ্চিত্র আশিকী ছবিটি মুক্তির আগে ছবির ‘তোর আশিকী’ গানটি দেখেই ফারিয়ার ভক্ত হয়েছেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘আশিকী ছবিটি মুক্তির আগেই গানটিতে ফারিয়াকে কী যে দারুণ লাগছিল!’

তবে ইমরানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে হাতছাড়া করবেন না ফারিয়া—এমনটাই জানালেন তিনি। তাঁর কথা, নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। আমি উপস্থাপনা থেকে নায়িকা হয়েছি। কেউ হয়তো বিশ্বাস করেছিল বলেই পেরেছি। আর ইমরানের প্রতি আমার সেই বিশ্বাস আছে, তাই তাঁর সঙ্গে কাজ মন্দ হবে না।’

সবারই ফেরার তাড়া। তাই থামাতে হয় জম্পেশ আড্ডা। একে অপরের কাছ থেকে বিদায় নেন।