তাঁরা তিনজন নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনেওয়াজ কাকলী, মেহের আফরোজ শাওন আর মাতিয়া বানু শুকু। তিনজনই কাজ করছেন ছোট পর্দা আর বড় পর্দায়। তৈরি করছেন নাটক, চলচ্চিত্র। তাঁদের ‘নারী নির্মাতা হিসেবে বাড়তি কোনো সুবিধা বা অসুবিধার মুখোমুখি হতে হয়?’ এই প্রশ্নের ব্যাপারে কথা বলেছেন তাঁরা। তবে এই তিনজনই পরিচালক শব্দের আগে ‘নারী’ বসানোর ব্যাপারে আপত্তি জানিয়েছেন। ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে তৈরি হয়েছে প্রতিবেদনটি।
শাহনেওয়াজ কাকলী
শাহনেওয়াজ কাকলী

শাহনেওয়াজ কাকলী
‘অন্যান্য নারী নির্মাতা আর আমার মধ্যে কিছুটা পার্থক্য আছে।’ এভাবেই শুরু করলেন শাহনেওয়াজ কাকলী। বিষয় ছিল নারী নির্মাতা হিসেবে বাড়তি কোনো সুবিধা বা অসুবিধার মুখে পড়তে হয় কি না। বললেন, ‘আমাদের দেশে অনেক নির্মাতা আছেন, তাঁরা আগে অভিনয়শিল্পী ছিলেন এবং নিজেরা পরিচিত মুখ। সেই সুযোগটা আমার নেই। আমি আগাগোড়া একজন নির্মাতা। কিন্তু আমার বেলায় যা ঘটে, কোনো অফিসে গেলে নিজের অনেক পরিচয় দিয়ে তারপর হয়তো ভেতরে প্রবেশের অনুমতি মেলে। তারকা নির্মাতাদের জন্য সেটা অনেক সহজ।’
নিয়মিত নাটক ও চলচ্চিত্র পরিচালনা করেন কাকলী। নারী নির্মাতাদের স্বাধীনতার প্রসঙ্গে বলেন, ‘নারী হওয়া সত্ত্বেও আমি নিজে একটা সুবিধা পাই, তা হলো সংসারের পিছুটান না থাকা। কারণ আমার স্বামী প্রাণ নিজেও একজন অভিনয়শিল্পী। ফলে তিনি আমার অনেক সুযোগ-সুবিধা বোঝেন। যেটা অনেক নারী নির্মাতাই হয়তো পান না। চাইলে আমি কিন্তু এক মাসের জন্য বাইরে বেরিয়ে পড়তে পারি। কিন্তু অনেককে বাইরে কাজ করে এসে আবার সংসার সামলাতে হয়। হয়তো ঘরে কোনো কাজ ফেলে এসেছে, বাইরে কাজ শেষ করে ঘরে ফিরে সেই কাজটা সারতে হবে। এ রকম হরহামেশাই হয়।’

মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন
‘আর দশজন পুরুষ নির্মাতা যেমন সুযোগ বা সুবিধা পান, একজন নারী নির্মাতা হিসেবে আমরাও তা-ই পাই। আমি যখন কাজ করি, তখন নারী বা পুরুষ এসব নিয়ে ভাবি না। নিজেকে একজন নির্মাতা মনে করি!’ নিজের সম্পর্কে বললেন মেহের আফরোজ শাওন।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাওনের প্রথম চলচ্চিত্র কৃষ্ণপক্ষ। অভিজ্ঞতাও দারুণ। বললেন, ‘একজন পুরুষ যেমন দৌড়ঝাঁপ করতে পারেন, একজন নারী সেটা পারেন না। আমি চলচ্চিত্র নির্মাণের সময় এই সমস্যার মুখোমুখি হয়েছি। ইনডোর শুটিং তো সবার জন্য একই। আউটডোর শুটিংয়ে ভিড় হলে একজন পুরুষ সহজেই সেটা সামলে নিতে পারেন, কিন্তু নারী হিসেবে সেটা আমাদের জন্য কঠিনই বটে।’
তারকা খ্যাতির জন্য বিশেষ সুবিধা পাওয়া প্রসঙ্গে বলেন, ‘এই সুবিধা কিন্তু শুধু নির্মাণের বেলায় না, সব ক্ষেত্রেই আছে। আমি গ্ল্যামার বলব না, পরিচিত হওয়ার সুবাদে কিছু সুবিধা হয়তো পাই। বিপরীতে নতুনদের তো একটু কষ্ট করতেই হবে। এটা পুরুষ নির্মাতাদের বেলায়ও ঘটে।’
নতুন নির্মাতাদের জন্য শাওনের পরামর্শ, ‘মাথা থেকে নারী নির্মাতার ব্যাপারটি ভুলে যেতে হবে। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। শুধু সন্তান জন্ম দেওয়া আর লালন-পালনের সময় নিজেকে নারী ভাবা উচিত।’

মাতিয়া বানু শুকু
মাতিয়া বানু শুকু

মাতিয়া বানু শুকু
নির্মাতা হিসেবে পুরুষ ও নারী দুজনই সমান সুবিধা পান, এমনটাই মনে করেন নির্মাতা মতিয়া বানু শুকু। নারী হিসেবে যেটুকু পান, তা সামান্যই। যেমন নারী নির্মাতার সঙ্গে অভিনেত্রীরা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই সুবিধা ছাড়া খুব বেশি কিছু নেই। নারী হিসেবে সব জায়গায় যে ধরনের সমস্যা থাকে, সেটা নির্মাণের বেলায়ও আছে। এটা নিয়ে খুব বেশি মাখা ঘামান না। কয়েক বছর ধরে নানা ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করছেন তিনি। তাই নিজের কাজ প্রসঙ্গে বললেন, ‘উৎপাদনের জায়গায় কাজ কিন্তু ভাগ করা। যেমন ছেলেরা মাঠে ধান লাগাবে আর মেয়েরা সেই ধান বাড়িতে প্রক্রিয়াজাত করবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই বলে মেয়েরা মাঠে ধান লাগাতে পারবে না বা ছেলেরা ঘরে কোনো কাজ করতে পারবে না? আমি মনে করি অবশ্যই পারবে। নির্মাণের ব্যাপারটি তেমনই। চাইলে করা যায়। তবে কাজ যেখানেই করুক, নারী ও পুরুষের কাজের ছাপ আলাদা। তা থেকে যায়।’
নারী দিবসের কথা উঠতেই বললেন, ‘আমি আসলে এসব দিবসে খুব বেশি বিশ্বাসী নই। নারীবাদী চিন্তাভাবনায়ও না। এই ব্যাপারগুলো আমার কাছে যন্ত্রণাদায়ক মনে হয়। আলাদা করে পুরুষের জন্য কেন দিবস নেই?’