তাঁরা তিনজন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আরা নীপা, শুভ্র দেব ও মেহের আফরোজ শাওন
শামীম আরা নীপা, শুভ্র দেব ও মেহের আফরোজ শাওন

নৃত্যশিল্পী শামীম আরা নীপা, অভিনয়শিল্পী ও পরিচালক মেহের আফরোজ শাওন এবং সংগীতশিল্পী শুভ্র দেব—এবার তাঁরা বিচারক। রিয়েলিটি শোর নাম ‘মেঘে ঢাকা তারা’। ব্র্যাক অ্যাডোলোসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সুবিধাবঞ্চিত কিশোরীদের জন্য সংগীত ও নাচের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শামীম আরা নীপা বলেন, ‘সুবিধাবঞ্চিত কথাটি শুনলে কোথায় যেন একটা অপরাধবোধ কাজ করে। পাশাপাশি দায়িত্ববোধের বিষয়টিও সামনে চলে আসে। “মেঘে ঢাকা তারা” অনুষ্ঠানের ভাবনা ভালো লেগেছে। তাই বিচারক হতে সম্মত হয়েছি।’ শুভ্র দেব বলেন, ‘“মেঘে ঢাকা তারা”র মতো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারাটা নিজের অনেক বড় অর্জন বলে মনে করছি।’ শাওন বলেন, ‘২০১১ সালে “মেঘে ঢাকা তারা” প্রতিযোগিতার তিনটি পর্বে অতিথি বিচারক হয়েছিলাম। অনুষ্ঠানটি তখনই অনেক ভালো লেগেছিল। তাই এবার যখন প্রধান বিচারক হওয়ার প্রস্তাবটা পেলাম, রাজি হয়ে গেলাম। আমাদের সম্পৃক্ততা যদি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলে, তাতেই নিজেকে সার্থক মনে করব।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের হেড অব ইভেন্টস ও ‘মেঘে ঢাকা তারা’র প্রকল্প পরিচালক কবির বকুল এবং ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) রাশিদা পারভীন। ‘মেঘে ঢাকা তারা’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।