তাঁরা তিনজন বিচারক

‘ডেটল সেরা আমি সঙ্গে মা ২০১৪’ প্রতিযোগিতায় এবার বিচারক হচ্ছেন শম্পা রেজা, সাবেরী আলম ও মুনমুন আহমেদ। দেশসেরা মা ও শিশু জুটি খোঁজার জন্য শুরু হলো এই রিয়েলিটি শো। এখানে মা ও শিশুর বিশেষ বন্ধনকে তুলে ধরা হবে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে। প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান প্রচারিত হবে আরটিভিতে।
এখন চলছে নাম নিবন্ধন। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা তাদের মাকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
গতকাল রোববার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন আয়োজন করে এই রিয়েলিটি শোর আয়োজক প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। এখানেই জানানো হয় তথ্যগুলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিপণন) মাহবুব বাসেত ও ব্যবস্থাপক (বিপণন) ফারিয়া ইয়াসমিন এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করতে হবে www.DSASM.com ঠিকানার ওয়েবসাইটে। ফেসবুকে www.facebook.com/dettolbd ৷