তাঁরা দুজনায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজু খাদেম
সাজু খাদেম

অভিনেতা সাজু খাদেমের রাজ্যের গুণাগুন। তিনি অবিরাম কৌতুক বলে হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দিতে পারেন। যে কাউকে হুবহু অনুকরণ করতে পারেন। টুকটাক গান লেখেন। অনুষ্ঠানপূর্ব এক আড্ডায় চোখের পলকে জুয়েল আইচের এমন একটি প্রতিকৃতি এঁকে ফেললেন যে খোদ জাদুশিল্পী জুয়েল আইচও বিস্মিত না হয়ে পারলেন না। কিন্তু সাজু মঞ্চে আসলে কেমন? সাজুর নানাবিধ প্রতিভা দেখি আর ভয় বাড়ে। স্রেফ আসর জমানো আর মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের মঞ্চ কাঁপানোর মধ্যে বিস্তর ফারাক। কাল্পনিক নোবেলজয়ী জাদুকর কুলপির চরিত্রটা খুব সহজ নয়। পর্দায় এবং মঞ্চে—দুই জায়গাতেই সাজুর পারফরম্যান্স সুকঠিন।
আগের দিন ঠিকঠাক অনুশীলন করার সুযোগ হয়নি। অনুষ্ঠানের দিন প্রমাদ গুনছি। শুরুতে কয়েকটা ভুল আত্মবিশ্বাস তলানিতে ঠেলে দিয়েছে। পর্দার পেছনে মুখ অন্ধকার করে বসে আছি। পেছনে ফিরে দেখি সাজু। মঞ্চে ওঠার অপেক্ষায়। এর মধ্যেই সাজু হাসলেন ‘ভাই টেনশন নিয়েন না। দেখেন, অনুষ্ঠান ভালো হবে।’
জাদুকর কুলপির জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রের ফাঁকে কুলপিরূপী সাজু মঞ্চে উঠলেন। আর কী আশ্চর্য, সত্যি সত্যি মেরিল-প্রথম আলো ২০১৩-এর অনুষ্ঠান যেন জেগে উঠল গা ঝাড়া দিয়ে। সংলাপে সংলাপে তালি পড়ছে। বাঁশি বাজিয়ে পরি নামানোর চেষ্টা থেকে নোবেল চুরি। রজ্জুকে সর্প বানানো থেকে কমেডি নাচা-গানা।
প্রতিটি সংলাপ, প্রতিটি অঙ্গভঙ্গি সাজু কী অবলীলায় উপভোগ্য করে তুলছেন। দর্শক হাসতে হাসতে গড়াগড়ি, সাজুর মজার কাণ্ডকারখানা ফুরোচ্ছে না।
অনুষ্ঠান শেষ হয়েছে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। সাজু আবার এলেন এক ফাঁকে। ‘ভাই, আমি কি কথা রাখতে পেরেছি?’
কী বলা যায় এমন দুর্দান্ত এক পারফরমারকে? স্বঘোষিত নোবেলজয়ী জাদুকর কুলপির জগাখিচুড়ি ভাষায় শুধু বলি, ‘ উস কো তালি মার।’

২.

পিয়া
পিয়া

আপনি কি মডেল নাকি অভিনেত্রী? উপস্থাপক নির্বাচনের আগে জান্নাতুল ফেরদৌস পিয়াকে প্রথম প্রশ্ন। ‘আমি আর্টিস্ট?’ পিয়ার জবাব, ‘আর্টিস্ট?’ আমাদের ‘আর্টিস্ট’ মানে সত্যিকার শিল্পীই তো চাই। তো হয়ে যাক।
চোরাবালি ছবিতে টপ মডেলের চরিত্রে তাঁকে দেখেছি। প্রথম আলো থেকে প্রকাশিত বর্ণিল বৈশাখ সাময়িকীর এই প্রচ্ছদকন্যা আদতেও সুপার মডেল। তাঁর হাতে মুক্তি প্রতীক্ষিত ছবির সংখ্যাও অনেক। কিন্তু মঞ্চে উপস্থাপনা? পারবেন নিশ্চয়ই। অনুশীলনে কী না হয়। গোল বাধল সেখানেই। অন্য একটা প্রোগ্রামে অংশ নিতে এফডিসিতে এক দিন গানের শুটিং করেই পিয়া উড়াল দিলেন আমেরিকা। অনুষ্ঠানের দুদিন বাকি, পিয়ার খোঁজ নেই। শেষমেশ ২৪ মে ভোরবেলা ফেসবুকে পিয়ার খুদে বার্তা, ‘আমি ঢাকায়।’ ভেবেছিলাম, যাক বাঁচা গেল। কিন্তু...চিত্রনাট্য পড়া বাদ দিয়ে পিয়া শুরু করলেন পোশাক সংগ্রহের কাজ। বারিধারা টু গুলশান। পিয়া দিনভর একের পর এক ফ্যাশন হাউসে যাচ্ছেন। তাঁকে নানাভাবে চিত্রনাট্য পড়ার কথা মনে করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাতে খুব কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না।
প্রায় সন্ধ্যা অবধি তার পোশাক ও গয়না অনুসন্ধান চলল। মডেলকন্যা বলে কথা!
পিয়া তাঁর ভেতরের ‘আর্টিস্ট’টাকে বের করে আনলেন একদম শেষ মুহূর্তে। মূল অনুষ্ঠান শুরুর প্রায় আগ পর্যন্ত স্টেজ রিহার্সেল করলেন বিরতিহীন। এমনকি শেষ মুহূর্তের অনুশীলনেও কাজ হয়—প্রমাণ পিয়া। মেরিল-প্রথম আলো অনুষ্ঠান ২০১৩ শেষে সবাই জানল মডেল ও অভিনেত্রীর বাইরেও পিয়ার আরেকটি পরিচয় হতে পারে উপস্থাপক। মঞ্চে পিয়া ছিলেন দারুণ আত্মবিশ্বাসী আর সাবলীল। জুয়েল আইচ ও সাজু খাদেমের মধ্যমণি হয়ে অনুষ্ঠানের এমন শোভা বর্ধনও আর কেইবা করতে পারতেন?