
লাভ অ্যাট ফার্স্ট সাইট? প্রথম দর্শনেই প্রেম! তা নয়তো কি? দুজন দুজনের হয়ে গিয়েছিলেন ২০০২ সালে। প্রায় এক যুগ হয়ে গেল। এই ১২ বছরে হলিউডের কোনো বাসিন্দার ঘর ২৪ বার ভাঙে। কিন্তু তবুও তাদের জুটি অটুট। না, কোনো রোমান্টিক যুগলের কথা বলা হচ্ছে না। আবার হচ্ছেও! এই জুটি লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্টিন স্করসিসের। একজন অভিনেতা, অন্যজন পরিচালক। অভিনেতা-পরিচালকের মধ্যে প্রেমিক-প্রেমিকার বোঝাপড়া না থাকলে কি চলে!
গত ১২ বছরে ডিক্যাপ্রিওর জীবনে অনেক পরিবর্তন এসেছে। এই সময়ের ভেতরে ডিক্যাপ্রিওর হূদয়ের কানাগলিতে ধাক্কা খেয়ে আবার বড় রাস্তার পথ ধরে বেরিয়ে গেছেন জিসেল বুন্ডশেন, বার রাফায়েলি, ব্লেক লাইভলি ও এরিন হিথারটনের মতো সুন্দরীরা। টাইটানিক-এর জ্যাক এক প্রেমের জন্য জীবন দিতে পারে বটে, কিন্তু বাস্তবের জ্যাক যে সেই রোজের দেখাই পেলেন না। কোনো প্রেমই তাই বেশি দিন টেকে না ডিক্যাপ্রিওর। কেবল একটা প্রেমই টিকে গেছে, স্করসিসের সঙ্গে তাঁর প্রেম।
২০০২ সালে প্রথম স্করসিসের সঙ্গে কাজ করেছিলেন ডিক্যাপ্রিও। এই সালটা আলাদাভাবে মনে তাঁকে রাখতেই হবে। কারণ, একই বছর তিনি কাজ করেছেন স্টিভেন স্পিলবার্গের সঙ্গেও। একই বছর হলিউডে দুই ইতিহাস-সেরা পরিচালকের ছবিতে অভিনয়—এতটা চাঁদকপাল কজনের হয়!
স্পিলবার্গের ক্যাচ মি ইফ ইউ ক্যান আর স্করসিসের গ্যাংগস অব নিউইয়র্ক। দুটো ছবিই সাফল্যের নুড়িপাথর কুড়িয়েছে ঢের। তবে এখান থেকেই যাত্রা শুরু অন্য এক সফল জুটির। যে জুটি এরপর উপহার দিয়েছে দি অ্যাভিয়েটর, দ্য ডিপার্টেড ও শাটার আইল্যান্ড-এর মতো আলোচিত ছবি। ডিক্যাপ্রিও-স্করসিস জুটির পঞ্চম ছবি মুক্তি পেল এবার। দ্য উলফ অব ওয়াল স্ট্রিট।
স্করসিসের সঙ্গে তাঁর জুটিটা যে অন্য রকম, সেটা ডিক্যাপ্রিও বলছেন, ‘মার্টির মাপের একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটাই আমার জন্য বিরাট সম্মানের। মার্টির সঙ্গে পাঁচটি ছবি করেছি, আমাদের সম্পর্কটা যেকোনো দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের মতোই। গ্যাংগস অব নিউইয়র্ক-এর সময় আমরা দুজনই দুজনের মন জয় করার চেষ্টা করেছি। অ্যাভিয়েটর, ডিপার্টেড ও শাটার আইল্যান্ড-এর সময় আমাদের সম্পর্কটা আরও বিস্তৃত ও গভীর হয়েছে। এখন উলফ অব ওয়াল স্ট্রিট-এ আমরা যেন অনেক দিনের পুরো এক জোড়া দম্পতির মতোই।’
স্করসিস আরও সুন্দর ব্যাখ্যা দিলেন, ‘চলচ্চিত্র হচ্ছে কঠোর পরিশ্রমের কাজ। এটা প্রতিদিনকার যুদ্ধ। আর আপনি যখন যুদ্ধে যাবেন, এমন কাউকে সঙ্গে নিয়েই যাওয়া ভালো, যাকে আপনি সম্মান করেন, বিশ্বাস করেন এবং যাকে আপনি পছন্দ করেন। একজন অসামান্য অভিনেতার মধ্যে আমি যেসব গুণ খুঁজি, এর সবকিছুই লিওর মধ্যে আছে।’
স্করসিসের সঙ্গে দুর্দান্ত এক জুটি ছিল রবার্ট ডি নিরোর। ১৯৭২ সালে মিন স্ট্রিটস দিয়ে শুরু হয়েছিল এই জুটির যাত্রা। এরপর একে একে আট-আটটি ছবি। মজার ব্যাপার হলো, এই নিরোই প্রথম ডিক্যাপ্রিওর কথা স্করসিসকে বলেছিলেন। ১৯৯৩ সালে দিস বয়’স লাইফ করার সময়ই ১৮ বছর বয়সী ডিক্যাপ্রিওর মধ্যে প্রতিভার ঝলক দেখতে পেয়েছিলেন নিরো। সংখ্যায় না হলেও সাফল্য ও সম্ভাবনায় নিরো-স্করসিস জুটিকেও ছাপিয়ে যাচ্ছে ডিক্যাপ্রিও-স্করসিস জুটি!
এই জুটির আগের চারটি ছবিই সাফল্যের ঢেকুর তুলেছে। এই জুটির বানানো ছবিগুলো বিভিন্ন বিভাগে নয়টি অস্কার ট্রফি জিতেছে। গোল্ডেন গ্লোব জিতেছে ছয়টি। শুধু পুরস্কারই নয়, ছবিগুলো বাণিজ্যিক সাফল্যও পেয়েছে ঢের। তবে উলফ অব ওয়াল স্ট্রিটও এবারের অস্কারের বড় দাবিদার।
এমন সফল ‘প্রেম’ রোমিও-জুলিয়েটরও তো ছিল না!
রাজীব হাসান
ভ্যানিটি ফেয়ার অবলম্বনে