
আলিয়া ভাট
মা-বাবা, বোন—সবাই ভারতের হলেও জন্মসূত্রে আলিয়া ভাট ব্রিটিশ নাগরিক। জীবনের অনেকটা বছরই কাটিয়েছেন সেখানে। ভারতে ফিরে আসার পর সুযোগ হলেও তিনি নাগরিকত্ব বদলাননি। বরং এখনো ব্রিটিশ নাগরিক হিসেবেই বলিউডে কাজ করে যাচ্ছেন।

ক্যাটরিনা কাইফ
আপাদমস্তক ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কাইফ। তাঁর বাবা ছিলেন ভারতের কাশ্মীরের মানুষ। কিন্তু ক্যাটরিনা যখন ছোট, তখনই তাঁর ব্রিটেনপ্রবাসী বাবা তাঁদের রেখে ভারতে চলে আসেন। তাই কখনোই ভারতে আসার কথা ভাবেননি ক্যাট।তবে জীবিকার তাগিদে একসময় তাঁকে ভারতে আসতেই হয়। কিন্তু ভারতে এলেও এখনো তিনি গ্রহণ করেননি ভারতের নাগরিকত্ব। এখনো ব্রিটিশ পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট নিয়ে বলিউডে কাজ করেন ক্যাটরিনা। মাঝেমধ্যে ছুটি নিয়ে ফিরে যান লন্ডনে, যেখানে থাকেন তাঁর মা ও ভাইবোনেরা।

ইমরান খান
অসহিষ্ণু ইস্যুতে একটা মন্তব্য করে রীতিমতো দেশছাড়া হওয়ার অবস্থা হয়েছিল আমির খানের। সত্যিই যদি দেশ ছাড়তে হতো আমিরকে তাহলে কোথায় যেতেন তিনি? নিঃসন্দেহে ভাগনে ইমরান খানের কাছে। কারণ, আমিরকে ভারত ছাড়তে হলে তিনি গিয়ে মার্কিন নাগরিক ভাগনে ইমরানের বাড়িতে উঠতে পারেন। ইমরান খান জন্মসূত্রে মার্কিন নাগরিক। নাগরিকত্ব টিকিয়ে রাখতে নিয়মিত তাঁকে আমেরিকায় যাওয়া-আসা করতে হয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাগরিকত্ব পরিবর্তনের কোনো ইচ্ছা নেই তাঁর। কারণ, মার্কিন থেকে ভারতীয় নাগরিক হতে হলে তাঁকে মোটা অঙ্কের কর পরিশোধ করতে হবে।

ব্যতিক্রম দীপিকা পাড়ুকোন
আর কয়েক বছর আগে এই প্রতিবেদন লেখা হলে এতে যোগ হতে পারত দীপিকা পাড়ুকোনের নাম। কিন্তু এখন আর দীপিকার নামটি এ তালিকায় যোগ করা যাবে না। কারণ, জন্মসূত্রে দীপিকা পাড়ুকোন ছিলেন ডেনমার্কের নাগরিক। তাঁর জন্ম হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেনে। কিন্তু বছর কয়েক আগে তিনি তাঁর নাগরিকত্ব বদলে ভারতের নাগরিক হয়েছেন। তাই এখন আর তাঁকে ভারতীয়রা ‘ভিনদেশি তারা’ বলতে পারবেন না।

অক্ষয় কুমার
এয়ারলিফট, রুস্তম, বেবি, হলিডে-এর মতো বলিউডের অনেক দেশপ্রেমনির্ভর ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। কিন্তু এত দেশপ্রেম যাঁর ভেতর, সেই শিল্পীটিই নাকি ভারতীয় নন। সত্যিই তা-ই। অক্ষয় কুমার কাগজে-কলমে কানাডার নাগরিক। বেশ কয়েক বছর আগে কানাডীয় হাইকমিশন থেকে তাঁকে দেশটির নাগরিকত্ব গ্রহণের অনুরোধ করলে তিনি তা গ্রহণ করেন এবং ভারতীয় পাসপোর্টের বদলে গ্রহণ করেন সেই দেশের পাসপোর্ট।
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, রেডিট মেইল ও বলিউড হাঙ্গামা অবলম্বনে