তাঁরা সত্যিকারের বন্ধু
সালমান খান দীর্ঘকাল যাবৎ ভারতের মহারাষ্ট্র প্রদেশের পঞ্চগনিতে একটি বাংলো বানানোর পরিকল্পনা করে আসছিলেন। কিন্তু সালমানের এ মনোবাসনা কোনোভাবেই বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে আমির খানের সহযোগিতায় সে স্বপ্ন পূরণ হতে চলেছে। সম্প্রতি সালমান এ ব্যাপারে বন্ধু আমির খানের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর ইচ্ছার কথা খুলে বলেন। সবকিছু শোনার পর আমির তাঁকে এ ব্যাপারে সব রকমে সহযোগিতা করার আশ্বাস দেন। পঞ্চগনি আমির খানের দ্বিতীয় বাড়ি হিসেবে বিবেচিত। সেখানে তাঁর বেশ বড় একটি বাংলো আছে। বন্ধুর ইচ্ছার কথা শুনে আমির পঞ্চগনিতে বেশ কয়েকটি প্লটের একটি তালিকা তৈরি করেন, যাতে সালমান সেগুলো থেকে নিজের পছন্দসই প্লটটি সহজেই বেছে নিতে পারেন। সালমানও আমিরের বেছে দেওয়া প্লটগুলো থেকে নিজের পছন্দসই প্লটটি বাছাই করেন। বন্ধুর সহযোগিতায় অবশেষে সালমানের দীর্ঘকালের অতৃপ্তি ঘুচল। একেই বলে বিপদে বন্ধুর পরিচয়।প্রসঙ্গত, পঞ্চগনি হচ্ছে মহারাষ্ট্রের একটি পাহাড়ি এলাকা। এটি পাঁচটি পাহাড় দিয়ে ঘেরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মালভূমি।