হলিউডের নামীদামি তারকাদের অনেকেই অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন। সেই হিসাবে বহিরাগত হলেও মার্কিন নাগরিক হিসেবে এখন তাঁদের আলাদা করা কঠিন। অভিনয়ের পাশাপাশি কেউ কল্যাণমূলক কাজকর্মে জড়িয়েছেন, এমনকি রাজনীতিতেও। আসুন, এ রকম কয়েকজন তারকা সম্পর্কে কিছুটা জেনে নিই—

সালমা হায়েক
জন্ম মেক্সিকোয়। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও অভিনয়ের শুরু সেখানেই। ১৯৯১ সালে লস অ্যাঞ্জেলেসে পাড়ি দেওয়ার আগেই নিজ দেশে সালমা হায়েক তারকা বনে যান। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর একটা সময় তাঁর ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তখন অল্পদিনের জন্য তিনি অবৈধ অভিবাসী ছিলেন। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হায়েক অংশ নেন হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারাভিযানে। ট্রাম্পবিরোধী বক্তব্যও দিয়েছেন।

নিকোল কিডম্যান
তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক। নিকোল কিডম্যানের জন্ম হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলুতে। তাঁর অস্ট্রেলীয় মা-বাবা পড়াশোনার ভিসা নিয়ে মার্কিন মুলুকে গিয়েছিলেন। মার্কিন নির্বাচনী প্রচারণায় কিডম্যান কার পক্ষে অংশ নিয়েছিলেন, তা জানা যায়নি। তবে নির্বাচনের পরে তিনি ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরনল্ড শোয়ার্জেনেগার
১৯৬৮ সালে ২১ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে যান। তখন শরীর গঠনকেই পেশা হিসেবে নিতে চেয়েছিলেন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই অস্ট্রিয়া থেকে মার্কিন মুলুকে তাঁর পদার্পণ। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্বও পালন করেছেন। বিদেশি নাগরিকদের ওপর সম্প্রতি মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেন তিনি।

নাটালি পোর্টম্যান
জেরুজালেমে জন্ম। তিন বছর বয়সেই তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। সেখানে তখন তাঁর বাবা চিকিত্সাবিদ্যায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। এখন নাটালি পোর্টম্যান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। তিনি নারী অধিকারের পক্ষে কথাবার্তা বলে থাকেন। সম্প্রতি তিনি প্রকৃতির কাছ থেকে প্রেরণা নিতে নারীদের প্রতি আহ্বান জানান।

শার্লিজ থেরন
জন্ম দক্ষিণ আফ্রিকার বেনোনিতে। ১৯ বছর বয়সে মায়ের হাত ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যান। অভিনয়ের স্বপ্নপূরণ করতেই দূরদেশটিতে যাত্রা করেছিলেন। ২০০৭ সালে মার্কিন নাগরিকত্ব পান।
হলিউড রিপোর্টার অবলম্বনে আশিস আচার্য