তাঁরাও রাজ্জাকের সন্তান
নব্বই দশকের শুরুর দিক থেকে বাংলা চলচ্চিত্রে একাধিক নায়ক-নায়িকা তাঁকে পেয়েছেন অন্য এক রাজ্জাক হিসেবে। নায়ক থেকে বেরিয়ে বাবা হিসেবে একাধিক ছবিতে অভিনয় করেছেন এই চলচ্চিত্রের রাজা। এই চিরসবুজ অভিনেতার ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন একাধিক তারকা। তাঁরা সবাই বললেন, তাঁরাও রাজ্জাকের সন্তানতুল্য ছিলেন।

শাবনূর
রাজ্জাক চাচার সঙ্গে প্রথম অভিনয় করি পৃথিবী তোমার আমার ছবিতে। সেখানে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর এক টাকার বউসহ আরও কয়েকটি ছবিতে আমার বাবা হয়েছিলেন তিনি। কাজ করতে গিয়ে দেখেছি, পর্দার বাবা আর বাস্তবের বাবার মধ্যে পার্থক্য নেই তাঁর কাছে। কাজের মধ্যে কিংবা বাইরে তাঁর যে আন্তরিকতা, দায়িত্বশীলতা—মনে হতো আমাদের সম্পর্ক বাস্তবের বাবা-মেয়ের মতোই।
তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়ের অভিজ্ঞতার কথা আজও মনে আছে। তখন আমি সিনেমাতে কাজ শুরু করিনি। এহতেশাম দাদুর সঙ্গে এফডিসিতে গিয়েছিলাম। দাদুই তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমাকে দেখে রাজ্জাক চাচা বললেন, ‘কাছে আই, তুই তো দেখছি, একেবারেই ছোট্ট, পিচ্চি! যা আমার পরবর্তী ছবিতে তোকে নিয়ে কাজ করব।’ পরে অন্য পরিচালকের ছবিতে তাঁর মেয়ের চরিত্রে কাজ করলেও তাঁর পরিচালিত ছবিতে কাজ করা হয়নি। আর হবেও না। আফসোস রয়ে গেল।

পপি
বাস্তবে বাবার মতোই আমাকে ভালোবাসতেন রাজ্জাক আংকেল। বাবার চরিত্রে তাঁকে প্রথম পেয়েছি জীবনচাবি ছবিতে। এরপর প্রাণের প্রিয়তমা, বাপ-বেটির যুদ্ধসহ প্রায় এক ডজন ছবিতে তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে কত মধুর স্মৃতি আছে!
বান্দরবানে প্রাণের প্রিয়তমা ছবির শুটিংয়ের স্মৃতি আমাকে এখনো তাড়িত করে। সেই ছবিতে আমার বাবা হয়েছিলেন তিনি। শুটিংয়ে খাওয়ার সময় হলেই আমাকে কাছে ডেকে নিতেন। বেশ কয়েক দিন মুখে তুলে খাইয়ে দিয়েছিলেন আমাকে। যখন মুখে তুলে খাওয়াতেন তখন তাঁকে পর্দার বাবা মনেই হতো না। যতগুলো ছবিতে তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছি, সবগুলো ছবিতেই শুটিংয়ের সময় বাবার আদর পেতাম। শুটিংয়ে প্রায় তিনি আমাকে বলতেন, ‘তোর অভিনয় অনেক ভালো। ইস! আমাদের সময় নায়িকা হিসেবে আসলি না কেন, তাহলে ভালো ভালো পরিচালক, ভালো ভালো গল্পের ছবিতে কাজের সুযোগ পেতি।’

ফেরদৌস
রাজ্জাক আংকেল আমার চলচ্চিত্রে অভিনয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ১৯৯৯ সালের কথা। তখন হঠাৎ বৃষ্টি ছবিটি হিট। ঢাকার ক্লাবে সাকসেস পার্টি দিলাম। ওই অনুষ্ঠানে আমার বাবা-মা উপস্থিত ছিলেন। রাজ্জাক আংকেলও এসেছিলেন। সেই সময় বাবার সিদ্ধান্ত ছিল, যা হওয়ার হয়েছে আমাকে আর অভিনয় করতে হবে না। বিমানের পাইলট বানাবেন। অনুষ্ঠানে শেষে রাজ্জাক আংকেলের সঙ্গে বাবার পরিচয় করিয়ে দিলাম। তিনি যখন জানলেন, বাবা-মা চাইছেন না যে আমি আর সিনেমাতে অভিনয় করি। তখন রাজ্জাক আংকেল বাবাকে বোঝালেন, বললেন, ‘ও তো খুব ভালো কাজ করছে, কেন তাঁকে অভিনয় করতে দেবেন না আপনারা? আর আমি তো ওর বাবার মতোই, আমি এখানে আছি। ওর ভালো মন্দ আমি দেখব।’ বাসায় ফিরেই বাবার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। বাবা নিজ থেকেই সিনেমায় অভিনয়ের অনুমতি দিলেন।
এর কিছুদিন পর রাজ্জাক আংকেল তাঁর নিজের পরিচালিত সন্তান যখন শত্রু ছবিতে অভিনয়ের জন্য আমাকে ডাকলেন। সেখানে তিনি বাবার চরিত্রেও অভিনয় করেছিলেন। এ ছাড়া জীবনচাবি, বিয়ের লগ্ন, কখনো মেঘ কখনো বৃষ্টিসহ আরও বেশ কিছু ছবিতে তিনি আমার বাবা হয়েছিলেন। সত্যি কথা বলতে কী, সন্তান যেমন বাবার কাছ থেকে শিক্ষা নেয়, তাঁর সঙ্গে কাজের দিনগুলোতে সেই গুণই তাঁর মধ্যে পেয়েছি। পর্দার বাবা আর বাস্তবের বাবার সঙ্গে ছেলের সম্পর্ক মিলেমিশে একাকার। একটা ঘটনার কথা বলি—আমার এক কাপ চা ছবিতে আংকেল একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। পারিশ্রমিক দেওয়ার সাহস পাইনি। একটি চাদর উপহার দিয়েছিলাম। তাঁর ৭৫তম জন্মদিনে চ্যানেল আই তাঁকে নিয়ে অনুষ্ঠান করেছিল। সেখানে আমাকে দেখে বলে কী, ‘আমার গায়ের জিনিসটা চিনতে পারছ। চাদরটি তুমিই আমাকে দিয়েছিলে। আজ পরে এসেছি।’ শুনে চোখে পানি চলে এসেছিল। মনে হলো, সন্তানের প্রতি এটি বাবার ভালোবাসা।

অপু বিশ্বাস
কোটি টাকার কাবিন, আমি বাঁচতে চাই, পিতার আসনসহ আরও বেশ কিছু ছবিতে রাজ্জাক আংকেলের সঙ্গে অভিনয় করেছি। সবগুলোতেই তিনি আমার বাবার চরিত্র করেছেন। এর মধ্যে আমি বাঁচতে চাই ছবিটি তিনি নিজেই পরিচালনা করেছেন। রাজ্জাক আংকেলকে নিয়ে একটা কথাই আমি বলতে চাই—তাঁর বেলায় পর্দার বাবা-মেয়ে সম্পর্ক আর বাস্তবের সম্পর্ক খুব একটা আলাদা করা যাবে না।
চলচ্চিত্রে অভিনয়ের শুরুর দিককার দিনগুলোতে সব সময়ই এগিয়ে যেতে সাহস জুগিয়েছেন তিনি। তাঁর সঙ্গে প্রথম ছবি কোটি টাকার কাবিন-এর ডাবিংয়ের কিছু কথা আজ খুব মনে পড়ছে। সেই সময় তিনি বলেছিলেন, ‘কাজ দেখে ভয় পাবে না। তাহলে কাজ সহজ হবে। আর যতটুকু করবা শ্রদ্ধা, ভালোবাসা দিয়েই তা করবা।’ শুটিংয়ের সময় তিনি আরেকটি কথা প্রায় বলতেন, ‘দেখো, নিজেকে কখনোই নায়িকা মনে করবা না। অভিনেত্রী মনে করবা। তাহলে অনেক দূর এগিয়ে যাবা।’ সেই মন্ত্র নিয়েই আজ আমি এ পর্যন্ত এসেছি।
গ্রন্থনা: শফিক আল মামুন