
৬ মার্চ দুপুরে প্রথম আলোর কার্যালয়ে স্টুডিওর দরজা ঠেলে ঢুকতেই কানে আসে গিটারের টুংটাং আওয়াজ। দুজন একসঙ্গে বাজাচ্ছেন। মুন ও সভ্যতা। ঢেঁকি স্বর্গে গেলেও যেমন ধান ভানে, সংগীতশিল্পী বোধ হয় ফটোশুটে এসেও গান গান। গিটারের সুরে ব্যাঘাত ঘটাতে ইচ্ছা হয়নি, তাই আলাপ শুরুর অপেক্ষা। সেখানে ছিলেন আরও একজন শিল্পী, লিমন। আলোকচিত্রীর ক্যামেরার সামনে তিনি তখন নানা ভঙ্গিমায় ছবি তুলতে ব্যস্ত।
২৭ ফেব্রুয়ারি কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও সুরকার এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গান নিয়ে এক নির্ঝরের গান অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। আয়োজন করে গানশালা কলকাতা ও সারেগামা। এই অনুষ্ঠানে গান গেয়েছেন ঢাকার শিল্পী সভ্যতা, লিমন ও মুন আর কলকাতার কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা আর সৌম্যদত্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিন্দিতা কাজী।
সভ্যতাকে দিয়েই আলাপের শুরু। কেমন ছিল তাঁদের কলকাতায় এই গানের সফর? বললেন, ‘ভালো। খুব ভালো। এটা লিমন ভাই অথবা মুন ভাইকে জিজ্ঞেস করুন, তাঁরা আরও ভালো বলতে পারবেন।’ তারপর লিমনই শুরু করলেন এক নির্ঝরের গান নিয়ে তাঁদের কলকাতা সফরের গল্প। জানালেন, এনামুল করিম নির্ঝরের এক নির্ঝরের গান অ্যালবাম বাংলাদেশে মুক্তি পেয়েছে আগেই। এই অ্যালবামের ১০১টি গানের মধ্যে নির্বাচিত ৩২টি গানের সংকলন এবার কলকাতায় প্রকাশ করেছে সারেগামা। শুধু মোড়ক উন্মোচন করেই ফিরে আসেননি তাঁরা, কলকাতা শহর মাতিয়ে এসেছেন। সব মিলিয়ে সেখানে এক সপ্তাহ ছিলেন। গানে গানেই কেটেছে তিনজনের সময়।
হ্যঁা, আইসিসিআর মিলনায়তনে ঢাকার এই তিন শিল্পীর গান শুনে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিত অতিথিরা।
মুন বলেন, ‘কলকাতার শ্রোতারা আমাদের মন খুলে গাওয়া গান বেশ পছন্দ করেছেন। দুই অঞ্চলের ভাষা এক হলেও শিল্পীদের গাওয়ার ভঙ্গিতে রয়েছে ভিন্নতা। আমাদের গায়কির ভিন্নতাই তাঁদের মুগ্ধ করেছে।’
এই যে বিদেশের মাটিতে গান দিয়ে সবাইকে মাত করলেন, কেমন লাগছে? সভ্যতা হেসে বলেন, ‘আমার কাছে প্রথমে আলাদা কিছু মনে হয়নি। মনে হচ্ছিল গানই তো গাইব। তা এ দেশেই হোক আর ও দেশে; তাই তেমন কোনো রোমাঞ্চ অনুভব করিনি। তবে সেখানে সবাই আমাদের গান পছন্দ করেছে, তাই ভালো লেগেছে।’
মুনের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। জানালেন, কলকাতায় এবার একই সঙ্গে এক নির্ঝরের গান এবং গানশালার যাত্রা শুরু।
গানশালা কী? এর ট্যাগ লাইন হলো, কথা ও সুরের কারখানা। বাংলাদেশ ও ভারত, এই দুই দেশের সংগীত বিনিময় এবং শিল্পীদের মধ্যে গানের যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যেই গানশালার জন্ম। তাঁরা জানালেন, ওপার বাংলার শ্রোতারা বাংলাদেশের শিল্পীদের গানের ভক্ত, তাঁরা ইন্টারনেটে এ দেশের শিল্পীদের গান শোনেন। আরও বেশি বেশি শুনতে চান।
কলকাতায় তাঁরা ছিলেন সাত দিন। এই সময় মুন, লিমন আর সভ্যতা গান গেয়েছেন তিনটি টিভি চ্যানেল আর দুটি এফএম রেডিওতে। ২৭ ফেব্রুয়ারি যোধপুর পার্কে ‘আবার বৈঠক’ নামের একটি মিউজিক ক্যাফেতে গান করেছেন তাঁরা।
ঢাকার এই তিন শিল্পী ওই কয়টা দিন গানের সঙ্গেই ছিলেন। আর এমনিতেও তো গান নিয়েই আছেন। প্রত্যেকেই তাঁদের নিজের অ্যালবাম, সংগীতায়োজন, গান লেখা ও সুর করা নিয়ে ব্যস্ত ছিলেন।
মুন জানান, কলকাতায় তাঁদের অবস্থা হয়েছিল স্যান্ডউইচের মতো। কারণ কোথাও যাতায়াতের সময় মুন আর লিমনের মাঝখানে থাকতেন সভ্যতা। সভ্যতা প্রতিবাদ করেন, ‘কারণ এই দুজন সব সময় জানালার পাশে বসেছেন।’ এই কথা শুনে হেসে ওঠেন অন্য দুজন।
এভাবে গল্প-আড্ডায় বিদায় নেওয়ার সময় চলে আসে, যাওয়ার আগে লিমন একজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান, তিনি গানশালা কলকাতার প্রধান অনিন্দিতা কাজী। মুন বললেন, ‘আমাদের পুরো কলকাতা সফরে সবদিক থেকে অনেক সহায়তা করেছেন অনিন্দিতা কাজী।’
মুন, লিমন আর সভ্যতা। কলকাতার এই সফরে তাঁদের মধ্যে গড়ে উঠেছে চমৎকার বন্ধুত্ব। আবার কবে তাঁদের একসঙ্গে দেখা যাবে? জানালেন, এক নির্ঝরের গান আয়োজনের দ্বিতীয় অ্যালবামেও থাকছে তাঁদের গান। আর সামনে গান নিয়ে তাঁরা পাড়ি দেবেন আরও দূরের পথ।