তাক লাগানো ফরাসি কসরত
পায়ের শুধু একটিমাত্র আঙুলের ওপর ভর করে মঞ্চজুড়ে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণী। মাঝে মাঝে যন্ত্রবাদনের তালে তালে শূন্যে ভেসে উঠে তাক লাগানো নান্দনিক শারীরিক কসরত দেখিয়ে যাচ্ছেন তিনি। কখনো সহশিল্পীর এক হাতের তালুতে উঠে নিজের শরীরটিকে সম্পূর্ণরূপে বাঁকিয়ে ফেলছেন। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য! মিলনায়তনজুড়ে দর্শকের মুহুর্মুহু করতালি আর উল্লাসধ্বনি। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছিল এই চমক লাগানো আয়োজন। ফরাসি শিল্পীদের এমন চমকপ্রদ নৃত্যছন্দে শারীরিক কসরত, নাটক মঞ্চায়ন এবং নাটক নিয়ে আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে চতুর্থ ফরাসি নাট্যোৎসব। জাতীয় নাট্যশালা সাজানো হয়েছে কালজয়ী ফরাসি নাট্যকারদের প্রতিকৃতি আর তাঁদের নাটকের সারসংক্ষেপ দিয়ে। ভেতরের করিডরে আলোছায়ার মিশ্রণে বিচিত্র পরিবেশনা। আলিয়ঁস ফ্রঁসেজ, নাটুকে ও ফেইম স্কুল অব ড্যান্সের যৌথ আয়োজনে চতুর্থ বারের মতো আয়োজিত ফরাসি নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ ।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সালেহা লোফেভের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার; সঞ্চালনা করেন নাটুকের দলপ্রধান আল নোমান। বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও নাটকের সঙ্গে ফরাসি নাটকের সম্পর্ক কয়েক শ বছরের পুরোনো। ফরাসি নাট্যোৎসব সেই ধারাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে।উদ্বোধন শেষে ফ্রান্স থেকে আসা অ্যাক্রোবেটিক থিয়েটার দল ‘প্রেত আ পোর্তা’র নৃত্যছন্দময় শারীরিক কসরত পরিবেশন করে। শেষে চট্টগ্রামের ফেইম স্কুল ড্রামা পরিবেশন করে ইউজেন আইনেস্কো রচিত ও অসীম দাশ নির্দেশিত নাটক দ্য লেসন।