তাকাদা কিয়াকোর ভুবনে
সবার জানা কথা দিয়েই শুরু করা যাক। সভ্যতার প্রথম দিকে মানুষ গাছের পাতা বা বাকল দিয়ে শরীর ঢাকত। এরপর চামড়া দিয়ে। তারা শিখল পশুর লোম থেকে উল বানিয়ে কাপড় বোনার কৌশল। সেটা পুরোটাই হতো হাতে হাতে। যান্ত্রিক ঢাকায় আজকের দিনে কেউ একজন এ প্রক্রিয়ায় কাপড় বানাচ্ছেন—ভাবতে একটু কষ্টই হয়। কিন্তু গল্প হলেও সত্যি বলে একটা কথা তো আছেই।
তবে গল্পটা সত্যি করেছেন জাপানি শিল্পী তাকাদা কিয়োকো। ১৫ ফেব্রুয়ারি তিনি সম্পূর্ণ হাতে বোনা উল বয়ে এনেছেন জাপান থেকে, যেগুলো ভেড়ার লোম থেকে হাতে বানানো হয়েছে। সেদিন থেকে তিনি আছেন গ্রিন রোডের বৃত্ত আর্ট ট্রাস্ট পরিসরে। এ দেশের তরুণ সাত শিল্পীকে নিয়ে এক কর্মশালা করেছেন তিন দিনব্যাপী।
২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি হওয়া সে কর্মশালায় তিনি তাঁদের শিখিয়েছেন কী করে উলের সঙ্গে সিল্ক বা সুতি কাপড় মিশিয়ে আধুনিক উপায়ে কাপড় বানাতে হয়। কিয়োকো বললেন, প্রাচীন মঙ্গোলীয় বা তুর্কি রীতিতে পুরোটাই হতো উলের। কাপড়ের সঙ্গে উল মেশানোর ফলে সেটা পাতলা হয়েছে। জাপানের এ ধরনের কাজ ‘নুনো ফেল্ট’ নামে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। জাপানি শব্দ নুনো অর্থ ফেব্রিক, আর ইংরেজি ফেল্ট মানে কম্বলের কাপড়।
কর্মশালার পরে কিয়োকো নিজেও করেছেন অনেকগুলো কাজ। কিয়োকো ও তাঁর শিষ্যরা যে কাপড়গুলো বানিয়েছেন, সেগুলোর প্রদর্শনী শুরু হয়েছে গতকাল গ্রিন রোডের বৃত্ত আর্ট ট্রাস্ট পরিসরে। আজ ও আগামীকাল বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
কিয়োকোকে বাঙালি বললেও খুব একটা ভুল হবে না। তাঁর চোস্ত বাংলা অনেক বাঙালিকেও লজ্জা দেবে।