‘মুক্তিযুদ্ধের ওই সময় তাজউদ্দীন আহমদ না থাকলে দেশের কী হতো, তা আমি ভাবতেও পারি না। কারণ, সে সময় বঙ্গবন্ধু কোথায় আমরা জানতাম না। সবচেয়ে বড় কথা তখন দেশে নির্ভর করার মতো কেউ ছিলেন না।’মুক্তিযুদ্ধকালীন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বললেন তাঁর তখনকার একান্ত সচিব ফারুক আজিজ খান। তাজউদ্দীন আহমদ ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল শুক্রবার সকালে সেগুনবাগিচায় নিজেদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের বক্তব্য পর্বে কথা বলতে গিয়ে তাজউদ্দীন আহমদের একান্ত সচিব ফারুক আজিজ খান আরও বলেন, ‘অস্থায়ী সরকারের মন্ত্রীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত সাংসারিক জীবনযাপন না করার শপথ নিলেও অনেকেই তা রক্ষা করতে পারেননি। একমাত্র তাজউদ্দীন আহমদই শেষ পর্যন্ত সেই শপথ পালন করেছিলেন। সংসারের জরুরি কোনো প্রয়োজন থাকলেও মুক্তিযুদ্ধকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন।’ফারুক আজিজ খান বলেন, ‘তাজউদ্দীন আহমদ খুব সাধারণ জীবনযাপন করতেন। তাঁকে শীতকালে আমি একটি কম্বল আর এক জোড়া পোশাক কিনে দিয়েছিলাম। সেই পোশাক পরেই তিনি সারা দেশ ঘুরেছেন।’ সুতপা সাহার ‘শ্রদ্ধাঞ্জলি’ সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক মাহবুবুল আলম। তাজউদ্দীন আহমদের ডায়েরি থেকে পাঠ করেন নাসিমা খান বকুল ও হিমেল অনার্য। ‘চারুবাক’-এর দলীয় আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।আহমদ ছফা স্মৃতি বক্তৃতা: মুনীর চৌধুরীর চরিত্র ও ব্যক্তিত্ব বিশ্লেষণ করা সহজ কাজ নয়। কারণ, সমকালীন ইতিহাসের বর্ণাঢ্য চরিত্রগুলোর অন্যতম তিনি। তাঁর কোনো বাক্য, আচরণ কিংবা মন্তব্য থেকে তাঁর সম্পর্কে কোনোরকম সহজ সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়।দশম আহমদ ছফা স্মৃতি বক্তৃতার মূল প্রবন্ধে বাংলা ভাষা ও সাহিত্য গবেষক অধ্যাপক মনসুর মুসা এ কথা বলেছেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে আহমদ ছফা রাষ্ট্রসভা ‘ভাষা বিজ্ঞানী মুনীর চৌধুরী’ শীর্ষক ওই স্মৃতি বক্তৃতার আয়োজন করে।মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে মনসুর মুসা বলেন, তিনি ছিলেন কথার রাজা, শব্দকৌশলী, ভাষাতাত্ত্বিক ও নাট্যকার। তিনি কথা বলতে জানতেন। তিনি জানতেন কোন শব্দ ব্যবহার করলে শ্রোতার মনের কোন দিগন্ত উন্মোচিত হবে। শুনেছি বিতর্ক সভায় তিনি যখন পক্ষে বলেছেন, সেই পক্ষ জয়লাভ করেছে। বিপক্ষে যখন বলেছেন, তখন বিপক্ষই জয়লাভ করেছে।মুনীর চৌধুরীকে নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের পর ছিল আহমদ ছফার স্মৃতিচারণা অনুষ্ঠান। স্মৃতিচারণা করেন আহমদ ছফা রাষ্ট্রসভার সদস্য আবদুল হক, অধ্যাপক পিয়াস করিম, আমিনুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক স্বপন আদনান, সলিমুল্লাহ খান প্রমুখ।বক্তারা বলেন, আহমদ ছফা প্রতিভার খোঁজে থাকতেন। তিনি প্রতিভাকে লালন করতেন। কবি হিসেবে লেখালেখি শুরু করলেও তিনি পরিচিতি পেয়েছেন প্রাবন্ধিক হিসেবে। তিনি দেশকে নিয়ে ভাবতেন। স্বাধীনতা-উত্তর সময়ে দেশের অনিয়ম তাঁকে পীড়া দিত। এশীয় শিল্প ও সংস্কৃতি সভার সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।মীনা, মিঠু ও রাজু এবার রেডিওতে: জনপ্রিয় শিক্ষামূলক কার্টুন চরিত্র মীনা, মিঠু ও রাজুকে এবার রেডিওতে পাওয়া যাবে। এই অনুষ্ঠানে বিশেষ করে অনগ্রসর ও বিপন্ন শিশুরা সরাসরি ফোন করে মীনা-মিঠু-রাজুর কাছে তাদের মনের কথা তুলে ধরতে পারবে। ইউনিসেফ বাংলাদেশ ও এবিসি রেডিও এফএম ৮৯.২-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পরিকল্পনা ও সঞ্চালনায় থাকবে শিশুরা। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার। অনুষ্ঠানের মেয়াদ হবে আগামী ছয় মাস।গতকাল শুক্রবার ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে ফোনে তাদের প্রশ্ন, ইচ্ছা-অনিচ্ছার কথা জানাতে পারবে। মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে মতামত জানাতে ও সমস্যার কথা বলতে পারবে তারা। কার্যদিবসে যেসব খুদেবার্তা পাঠানো হবে, তা পরের সপ্তাহের শুক্রবারে প্রচার করা হবে। এবিসি রেডিওর প্রধান অপারেটিং কর্মকর্তা সানাউল্লাহ বলেন, ‘শিশুদের মত প্রকাশের ক্ষেত্রে এই অনুষ্ঠান একটি জাতীয় মঞ্চের রূপ নেবে।’