তাজউদ্দীনকে নিয়ে আলোকচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল গ্যালারি টোয়েন্টি ওয়ান আয়োজিত তঁার কর্মময় জীবনভিত্তিক আলোকচি​ত্র প্রদর্শনী দে​েখন দর্শক  l ছবি: প্রথম আলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল গ্যালারি টোয়েন্টি ওয়ান আয়োজিত তঁার কর্মময় জীবনভিত্তিক আলোকচি​ত্র প্রদর্শনী দে​েখন দর্শক l ছবি: প্রথম আলো

পাকিস্তানের বন্দিশালা থেকে ১৯৭২ সালে দেশে ফেরার পর বঙ্গবন্ধু ঘনিষ্ঠভাবে কথা বলছেন তাজউদ্দীনের সঙ্গে। আড়চোখে তাঁদের দেখছেন খোন্দকার মোশতাক। ১৯৭১ সালের আগুনঝরা মার্চে ঢাকায় প্রহসনের আলোচনার সময় পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে বঙ্গবন্ধু ও তাজউদ্দীন।
গ্যালারি টোয়েন্টি ওয়ানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে দেখা যাবে দেশের ইতিহাসের এ রকম বিশেষ মুহূর্তের অনেক ছবি।
২৩ জুলাই বঙ্গবন্ধুর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে এ আলোকচিত্র প্রদর্শনীর। গতকাল শুক্রবার এর উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী হাশেম খান, গ্যালারির অন্যতম উদ্যোক্তা শিল্পী শামীম সুব্রানা, তাজউদ্দীন কন্যা সাংসদ সিমিন হোসেন রিমি প্রমুখ।
উদ্বোধনের পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাজউদ্দীন চিরকাল নিভৃতচারী ছিলেন। এ মহান নেতা নিভৃতে থেকেই নিজের কাজ করে গেছেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের নেতৃত্বের মেলবন্ধনের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীনতার ধারাবাহিক ইতিহাস উঠে এসেছে।
হাশেম খান বলেন, পাকিস্তানি বাহিনী ভেবেছিল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে বাঙালিদের মুক্তিসংগ্রাম দমানো যাবে। কিন্তু তাজউদ্দীনের কারণে সেটি সম্ভব হয়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সে বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যাকাণ্ডের শিকার চার জাতীয় নেতার অন্যতম তাজউদ্দীন আহমদ। প্রদর্শনীতে তাঁর ছাত্রজীবন, পরবর্তী সময়ে রাজনীতিতে যোগদান, ’৬৯-এর গণ-অভ্যুত্থানে রাজপথে নেতৃত্ব দেওয়া, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর উত্তাল মার্চের বিভিন্ন ঘটনা ও মুক্তিযুদ্ধকালে প্রধানমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিভিন্ন কর্মকাণ্ডের ছবি স্থান পেয়েছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর কাছে তাজউদ্দীনের অর্থমন্ত্রী হিসেবে শপথগ্রহণ, ভারতের তখনকার রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঢাকায় আসা ইত্যাদি ছবি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া রয়েছে তাজউদ্দীন আহমদের কিছু পারিবারিক ছবি। ৩ নভেম্বর তাজউদ্দীনকে কারাগারে হত্যা করার দুদিন পরে নিজ বাসভবনে রাখা তাঁর মৃতদেহের ছবিটিও এখানে আছে। প্রদর্শনীর মোট ১৯৩টি ছবি বিভিন্ন আলোকচিত্রশিল্পীর তোলা। প্রদর্শনীটি চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ঈদের জন্য ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
জয়নুল গ্যালারিতে কোরীয় শিক্ষার্থীদের চিত্রকলা প্রদর্শনী: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হয়ে গেল কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ এবং কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রদর্শনীর উদ্বোধন করেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত উন ইয়াং। বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাইমা হক এবং কোরিয়ার অধ্যাপক ইন-সিয়ক পার্ক।
স্বপ্নদলের পাঁচ দিনব্যাপী সেলিম আল দীন জন্মোৎসব: প্রয়াত খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী আগামী ১৮ আগস্ট। এ উপলক্ষে নাট্য সংগঠন স্বপ্নদল ঢাকা ও ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব—২০১৪’ আয়োজন করেছে। উৎসব শুরু হবে ১৬ আগস্ট। উৎসবের উদ্বোধনী, দ্বিতীয় এবং সমাপনী দিনের অনুষ্ঠান ঢাকা শিল্পকলা একাডেমী এবং তৃতীয় ও চতুর্থ দিনের অনুষ্ঠান ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠনের প্রধান জাহিদ রিপন জানান, সেলিম আল দীনের দর্শন তথা আধুনিক বাংলা নাট্যরীতিবিষয়ক সচেতনতা কেবল রাজধানীতেই সীমাবদ্ধ না রেখে তা সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এ উৎসব একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে।
উৎসবের কর্মসূচিতে রয়েছে সেলিম আল দীনের হরগজ (স্বপ্নদল), ফেস্টুনে লেখা স্মৃতি (স্বপ্নদল), জন্ডিস ও বিধি বেলুন (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল), যৈবতী কন্যার মন (জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি) প্রভৃতি নাট্যপ্রযোজনা মঞ্চায়ন, ‘চর্যাগানের দল’ (সখিপুর, টাঙ্গাইল) ও ‘কিস্সা কাহিনি’ (ঢাকা)-এর পরিবেশনায় সংগীতানুষ্ঠান, প্রয়াত এ নাট্য ব্যক্তিত্বের জীবন ও শিল্পকর্মবিষয়ক আলোচনা ইত্যাদি।