প্রথম ছবিটি সাদা-কালো। ছবিতে একজন তরুণ দাঁড়িয়ে আছেন। কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ছবিটি তোলা হয়েছে। একটু এগিয়ে যেতেই মিলল আরেকটি ফ্রেম, যেখানে একজন মানুষ তার পাশের মানুষটির কানের কাছে গিয়ে কী যেন বলছেন। ছবির এই বক্তা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর শ্রোতা বাংলাদেশের ইতিহাসের এক অনন্য চরিত্র তাজউদ্দীন আহমদ। সাদা-কালো এই ছবিটিই বলে দেয় এই দুই মহান ব্যক্তিত্বের পরস্পরের সম্পর্কটা কত গভীর ছিল। মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের পর জাতির পাশে মুক্তিযুদ্ধের কান্ডারি হয়ে দাঁড়ান তাজউদ্দীন। বাঙালির জন্য উৎসর্গীকৃত তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বির্িভন্ন সময়ে বন্দী হয়েছে নানাজনের ক্যামেরায়। পাঁচ বছর ধরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাঁর এসব ছবি সংগ্রহ করা হয়েছে। আর সেসব ছবি নিয়ে গতকাল মঙ্গলবার তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে শুরু হলো বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, আজ যাঁর জন্মদিনে এ প্রদর্শনী হচ্ছে তাঁর প্রতি বাংলাদেশের মানুষের ঋণ কখনো শোধ হবে না। একাত্তরের উত্তাল দিনের সেই দুঃসময়ে হাল ধরেছিলেন তাজউদ্দীন আহমদ। তবে মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে তিনি যা করতে চেয়েছিলেন, তা করতে পারেননি। ঘাতকদের নির্মমতা ছিনিয়ে নিয়ে গেছে এই মহান নেতাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গবেষক সৈয়দ আবুল মকসুদ, তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি, শিল্পী শামিম সুবরানা প্রমুখ। গ্যালারি কর্তৃপক্ষ জানায়, তাজউদ্দীন আহমদের সংগ্রামী জীবনের ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর মধ্যে বেশ কিছু ছবি আগে কখনো প্রদর্শিত হয়নি। প্রদর্শনীতে রয়েছে একাত্তরে শত্রুমুক্ত হওয়া যশোরে তাজউদ্দীন আহমদের দীপ্ত ভঙ্গিতে ভাষণের দৃশ্য, তাজউদ্দীনের রণাঙ্গন পরিদর্শন, পরম মমতায় বুড়ীমারী সীমান্তে আহত এক মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার চিত্র। বঙ্গবন্ধুর প্রতি তাঁর হূদয়ের গভীর ভালোবাসার প্রমাণ মেলে বেশ কিছু ছবিতে। পঁচাত্তরের ১৫ আগস্টের বিভীষিকার পর আকাশবাণীর এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তাজউদ্দীনের চোখ থেকে ঝরে পড়ছে জল। অর্থমন্ত্রী হিসেবে বাজেট ঘোষণার আগে কালো ব্যাগ হাতে সংসদে যাচ্ছেন তাজউদ্দীন—এমন ছবিও আছে প্রদর্শনীতে। গ্যালারির শেষ ছবিটি হূদয়বিদারক। পঁচাত্তরের ৫ নভেম্বর সাতমসজিদের বাসভবনের বারান্দায় রাখার তাঁর নিথর দেহ। ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের গুলিতে নিহত হন এই মহান নেতা। ২২০টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ১৭ দিনের এ প্রদর্শনী শেষ হবে ৮ আগস্ট। প্রদর্শনী চলবে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।