তাজিনের'তবুও স্বপ্ন দেখা'য় মিলন-রিচি

তাজিন আহমেদ নিজেকে অভিনয়েই ব্যস্ত রাখেন বেশি। তবে মাঝেমধ্যে অবসর মিললে নাটকও লেখেন। সম্প্রতি তাজিনের লেখা গল্প নিয়ে নির্মিতব্য এক টেলিছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও রিচি সোলায়মান। টেলিছবির নাম ‘তবুও স্বপ্ন দেখা’।
এ প্রসঙ্গে তাজিন বলেছেন, ‘মানুষের মধ্যে যদি স্বপ্ন, বিশ্বাস ও ভালোবাসা থাকে, তাহলে যেকোনো কাজেই সাফল্য আসে। এটাই মূলত এই গল্পের মূল বিষয়বস্তু।’
টেলিছবিটি প্রসঙ্গে রিচি জানান, নতুন টেলিছবিতে কাজ করতে ভালো লাগছে তাঁর। আর সহশিল্পী অভিনেতা মিলন প্রসঙ্গে রিচি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে মিলন ভাই অসাধারণ। আর মানুষ হিসেবে তিনি খুবই মজার একজন মানুষ। খুব সহজেই তিনি একজন মানুষের বন্ধু হতে পারেন।’

এদিকে মিলন রিচি প্রসঙ্গে বলেন, ‘অভিনেত্রী হিসেবে রিচি আমার অনেক পছন্দের। এ কারণে তাঁর সঙ্গে কাজ করার সময় আমি মনের মতো অভিনয় করতে পারি।’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘তবুও স্বপ্ন দেখা’ টেলিছবিটি চ্যানেল আইতে ৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা দুইটা ৩০ মিনিটে
প্রচারিত হবে।