তাড়া নেই ব্যারিমোরের

নামটা ‘ব্যারিমোর’ বলেই কিনা, আরও আরও চাই তাঁর। দুই বছরের মধ্যে দুবার মা হলেন ড্রিউ ব্যারিমোর। ঘরভর্তি কাচ্চাবাচ্চার হইহল্লা ছাড়া নাকি ভালোই লাগে না তাঁর! তা হোক, কিন্তু হলিউডে মা হওয়া মানেই তো নায়িকাদের জন্য আরেক সর্বনেশে খবর। মা হওয়ার সহজাত পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনেকে বেশ খানিকটা মুটিয়ে যান।
ফলে হলিউডের বাসিন্দা মায়েরা মাতৃত্বের পরপরই উঠে পড়ে লাগেন বাড়তি মেদ ঝেড়ে ফেলার পেছনে। তবে ব্যারিমোর জানাচ্ছেন, এত তাড়া তাঁর নেই। তাঁর সাফ জবাব, ‘মা হতে যেমন নয় মাস লাগে, মা হওয়ার ফলে শরীরটায় যে মেদ জমে, সেটা ঝেড়ে ফেলতেও নয় মাসই তো লাগবে, নাকি?’
ব্যারিমোরের অনেক পুরোনো বন্ধু ক্যামেরন ডিয়াজ আবার শরীরে একটুকুও মেদ জমতে দিতে ভয় পান। তাই বান্ধবীকে পরামর্শ দিয়ে গেছেন একেবারে মুফতে। কিন্তু ব্যারিমোর বলছেন, ‘ও অনেকগুলো কথাই বলেছে। আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কানে বের করে দিয়েছি!’ ইনস্টাইল।