তানজিকা: আট বছর পর

আট বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় করলেন তানজিকা। তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডন নামের ছবিতে। সম্প্রতি লন্ডনে ছবিটির শুটিং শেষ করে দেশে ফিরেছেন তানজিকা। বললেন, ‘আমি অনেক দিন পর্যন্ত অভিনয় থেকে দূরে ছিলাম। ভাবছিলাম, যদি ফিরতে হয়, তাহলে ভালোভাবেই ফেরা উচিত। তাই মাধ্যম হিসেবে বড় পর্দাকে বেছে নিই।’
গুডমর্নিং লন্ডন ছবিতে তানজিকা একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করেছেন। একটা সময় মাফিয়াদের চক্রের মাধ্যমে লন্ডনে চলে যান। তারপর সেখানে মাফিয়া দলের নেতার সঙ্গে বিয়ে হয় তাঁর। ঘটতে থাকে নানা ঘটনা। তানজিকা বলেন, ‘তানিয়া আহমেদ আমার অনেক আগে থেকে পরিচিত। তাঁর পরিচালনায় প্রথম ছবিটির গল্প শোনার পর কাজটি করতে রাজি হই। লন্ডনের খুব চমৎকার কিছু লোকেশনে আমরা ছবিটির কাজ করেছি।’
‘এখন থেকে আমি আবার পুরোদমে কাজ শুরু করেছি। ভালো মানের নাটক ও চলচ্চিত্র—দুটোতেই কাজ করতে চাই।’ বললেন তানজিকা।
তানজিকা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ২০০৫ সালে। বকুল ফুলের মালা নামের ছবিতে তিনি অভিনয় করেন রিয়াজের বিপরীতে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবিটির প্রযোজক ছিল ইমপ্রেস টেলিফিল্মস।