তানজিলের গল্প
‘দেশীয় নৃত্যকলার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে পশ্চিমা নাচগুলো আমাদের গানের সঙ্গে আমাদের মতো করে উপস্থাপন করছি এবং তা বিশ্বমানের।’ বলছিলেন তানজিল আলম।বাংলাদেশে পশ্চিমা নৃত্যের অন্যতম এই কোরিওগ্রাফার সমসাময়িক, সালসা, টেংগো, হিপহপ, ওয়েস্টার্ন থেকে শুরু করে বলিউড নৃত্য নিয়েই মূলত কাজ করছেন। সম্প্রতি নিকেতনে তাঁর গড়া ঈগল্স ডান্স একাডেমি অফিসে বসে তাঁর একাডেমি এবং কোরিওগ্রাফার হয়ে ওঠার গল্পই শোনাচ্ছিলেন।একাডেমি অফিসে তাঁর নিজের রুমজুড়ে দেয়ালে দেয়ালে ফ্রেমে আটকানো ছবিগুলো। দেশ-বিদেশের কর্মশালার সনদ ও পুরস্কার গ্রহণ, তাঁর নির্দেশনায় বড় শিল্পীদের প্রশিক্ষণের সময়কার তোলা ছবিগুলোও উঁকি দেয়। যখন এগুলো খুঁটে খুঁটে দেখছি, তখন তানজিলের মুখজুড়ে হাসির রেখা। ‘আসলে এই সাফল্য এক দিনের নয়। আমাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। শেখার জন্য দেশের বাইরে একাধিক কর্মশালায় অংশ নিয়েছি। এখনো প্রতিবছরই নতুন নতুন কর্মশালায় যোগ দিতে ভারতে যাচ্ছি।’ বলছিলেন তানজিল। এই দীর্ঘ সংগ্রামের পথে সাফল্যের ঝুড়িতে যোগ হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সিজিএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড, বিনোদন বিচিত্রা, বাবিসাসসহ একাধিক পুরস্কার। তিনি জানালেন, দেশের এমন কোনো সেলিব্রিটি নেই, যিনি তাঁর কোরিওগ্রাফিতে কাজ করেননি। শুধু তা-ই নয়, দেশের বাইরে জ্যাকুলিন ফার্নান্দেজ, ঋতুপর্ণা, প্রিয়াংশুর মতো তারকাদের কোরিওগ্রাফি করার সুযোগ হয়েছে তাঁর। মেরিল-প্রথম আলো পুরস্কার, বিপিএল, ওয়ার্ল্ড কাপ ট্রাইনেশন শো, লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতা, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ একাধিক প্রাইভেট চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে তাঁর। ‘ছোটবেলায় ক্ল্যাসিক নৃত্য শিখতাম। একটা সময় দেখলাম, অনেকেই তা শিখছেন। আমাকে একটু অন্য রকম কিছু করতে হবে। ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত ছিলাম। মাইকেলকে অনুসরণ করে নতুন ভাবনা মাথায় এল। তা শেখার জন্য ভারতে চলে গেলাম। সময়টা ১৯৯৯ সাল। ওখানে একাধিক কর্মশালায় যোগ দিই।’কিন্তু ডান্স গ্রুপ কখন গঠন করলেন? ‘১৯৯৯ সালের শেষের দিকে এসে ঈগল্স ডান্স গ্রুপ তৈরি করি এবং প্রায় ১২ বছর পর ২০১১ সালে ডান্স গ্রুপকে ডান্স একাডেমিতে রূপান্তর করি। এ পর্যন্ত ঈগল্স থেকে প্রায় ৫০০ ছেলেমেয়ে বের হয়ে অনেক মিডিয়াতে জায়গা করে নিয়েছেন।’ বললেন তানজিল। বর্তমান সময়ে বাংলাদেশে পশ্চিমা নৃত্যের একটা নতুন মাত্রা যোগ করেছেন তানজিল। কিন্তু এ পর্যায়ে এসে নৃত্য নিয়ে তাঁর স্বপ্নের জায়গাটা কোথায়?‘আমি মনে করি, এ দেশে আধুনিক নৃত্যে একটা নতুন মাত্রা যোগ করতে পেরেছি। তবে আমি আমার স্বপ্নের জায়গার ৬০ ভাগ পূরণ করতে পেরেছি। এখনো হাঁটতে হবে বহুদূর।’ বললেন তিনি। রাত পোহালেই নাকি স্বপ্নের শেষ হয়। এখনো রাত পোহানো বাকি। আর সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে ভবিষ্যতে নৃত্য নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করতে চান তানজিল।