তানিয়ার দিনকাল
১২ মার্চের মহাসমাবেশ ঘিরে উত্তেজনার রেশ আগের দিন থেকেই শুরু হয়েছিল। রাস্তাঘাট ফাঁকা। সকাল, দুপুর, সন্ধ্যা—পুরো দিনই বাসায় হৈ-হুল্লোড় করে কেটেছে তাঁর। পান্থপথের পাশ ঘেঁষেই ‘গগন শিরীষ’। এটা বাসার নাম। সত্যিই যেন আকাশ ছুঁয়েছে ২০ তলার এ বিল্ডিংটি। তানিয়ারও যেন আকাশের কাছে বসবাস। ১৪ তলায় থাকেন। ওই সন্ধ্যায় কথা বলার জন্য যাই ওই আকাশের কাছাকাছি। দক্ষিণের বারান্দা। হু হু করে বাতাস বইছে। ওখানে দাঁড়িয়ে নিমেষেই যেন পুরো ঢাকা শহর দেখে নেওয়া যায়। ‘প্রায় প্রতিদিনই এই বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখি। ওই দিগন্তছোঁয়া আকাশের দিকে চোখ ভেসে গেলেই মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর। ভালোবাসি, জীবনটাকে অনেক বেশি। ভালো ভালো কাজ করে জীবনটাকে পরিপূর্ণ করতে চাই, দর্শকের কাছে থাকতে চাই।’ বলছিলেন তানিয়া হোসাইন। তানিয়ার ভালো কাজের স্বীকৃতিও মিলেছে। হোক সে থিয়েটার বা উপস্থাপনা বা টেলিভিশন নাটকে অভিনয়। ব্যস্ততার পাল্লাও ভারী। এখন কী নিয়ে তাঁর ব্যস্ততা? উত্তর দিতে সময় নেন না তানিয়া। বলেন, ‘এখন তো সারা মাসই নাটকের শুটিং করি। তবে খণ্ড নাটকের কাজ বেশি করা হচ্ছে। এক ঘণ্টার কাজ আমার নিজের কাছেও ভালো লাগে। একটা পরিপূর্ণ গল্প থাকে এক ঘণ্টার নাটকে, যা ধারাবাহিকের বেলায় হয় না। ধারাবাহিকের কাজ করতেও খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না।’ এর মধ্যে তানিয়া কাজ করছেন লুসি তৃপ্তি গমেজেরতবু ছুট, জল জোসনা, ম্যাচমেকার, সোহেল রানার পুতুলবৃত্তান্ত, সায়িদ রিংকুর আলোহীন আলো, আরলোর অচিন মানুষ, সেতু আরিফের সে এসেছিল কিংবা আসেনি। আরও প্রায় এক ডজন খণ্ড নাটক প্রচারের অপেক্ষায়। তাঁর অভিনীত একাধিক ধারাবাহিকও প্রচার চলছে। এর মধ্যে লেডিস ফার্স্ট, নো প্রবলেম, ইষ্টিকুটুম, চুপি চুপি। শুটিং চলছে এজাজ মুন্নার জেনারেশন নেক্সট, পার্থ সরকারের অন্তর মহল, এস এ হক অলীকের কুটুম আসছে প্রভৃতি। ‘এখন তো এক ঘণ্টার নাটক নিয়মিতই নির্মাণ হচ্ছে। প্রচারের সুযোগও হচ্ছে। বিভিন্ন চ্যানেল এক ঘণ্টার নাটক নিয়মিত প্রচারও শুরু করেছে। এটি একটি ভালো দিক। তবে কিছু নাটক যে খারাপ হচ্ছে না, তা নয়। হচ্ছে। তবে যাঁরা খারাপ মানের নাটক নির্মাণ করছেন, তাঁদের দৌড় ১/২ নাটকের মধ্যে। তার বেশি এগোনো কোনোভাবেই সম্ভব নয়। খারাপ কাজ বেশি দিন স্থায়িত্ব পায় না। হারিয়ে যায়।’ এভাবেই বললেন তানিয়া। নতুন প্রজন্মের ছেলেমেয়ের লেখা, পরিচালনার ব্যাপারে তানিয়া খুব আশাবাদী। তিনি বলেন, ‘এর মধ্যে চারুকলা থেকে একটা তরুণ দল নাটক নির্দেশনা দিচ্ছে, একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ থেকেও একটা দল নাটক নির্মাণে এগিয়ে এসেছে। তাদের লেখা, নির্মাণ অনেক শৈল্পিক। তাঁরা পড়াশোনা করে নাটকে কাজ করতে আসছেন। তাঁদের সহযোগিতা করলে তাঁদের হাত ধরে সামনে অনেক ভালো ভালো কাজ দর্শক দেখতে পাবে বলে আমার বিশ্বাস।’টেলিভিশন নাটকের সফল অভিনেতা তানিয়া হোসাইন থিয়েটার বা উপস্থাপনায়ও কম যান না। টেলিভিশন নাটক ছাপিয়ে এ দুটি মাধ্যমেও তাঁর সরব উপস্থিতি। থিয়েটার স্কুলে নাটকের ওপর পড়ালেখা করে নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে নিয়মিতই কাজ করছেন দীর্ঘদিন। বর্তমান দলের চলতি প্রযোজনা ঘাসিরাম কোতোয়াল, ছায়ানট, ত্রয়লাস ও ক্রেসিদা নাটকে অভিনয় করছেন। উপস্থাপনা করছেন এনটিভির সরাসরি গানের অনুষ্ঠান মিউজিক ইউফোনি, বাংলাভিশনে নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানের। এতগুলো মাধ্যমে কাজ করলেও তাঁর কাছে আপন মনে হয় কোনটি? টেলিভিশন নাটক, উপস্থাপনা নাকি থিয়েটার? তানিয়ার চটজলদি উত্তর। ‘তিনটিতেই আলাদা আনন্দ দেয়। তবে থিয়েটারের কাজটা বেশি মিস করি। মাঝখানে টেলিভিশনে বেশি কাজ করার জন্য থিয়েটারের সঙ্গে অল্প দিন কাজের ছেদ ঘটেছিল। তা এখন কাটিয়ে উঠেছি। এখন নিয়মিত কাজ করছি। অন্যদিকে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানগুলোতে উপস্থাপনার কাজ বেশি উপভোগ করি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়।’আজকের এই তানিয়া হোসাইনকে দর্শক খুঁজে নিয়েছিল ২০০৭ সালে আশরাফুল আলম রিপনের গোপনে সখা তোমারে কত ভালোবাসি নাটকে। পর্দায় শুরু হয়েছিল এ নাটক দিয়েই। নাটকের প্রেম, বিয়ে, সংসার এবং অন্যান্য ব্যস্ততা থেকে বেরিয়ে বাস্তব জীবনের প্রেম-বিয়ে-সংসার নিয়ে নতুন করে জানতে চাই তানিয়ার কাছে। ‘মানুষই তো ভুল করে। আমিও করেছিলাম। এখন আমি নিজেকে সামলে নিয়েছি, শুধরে নিয়েছি। এসব নিয়ে আর ভাবি না। এখন আমার একটাই লক্ষ্য—কাজ আর কাজ।’