তানিয়ার বিরতি...
নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দিয়েই মঞ্চে নিয়মিত কাজ শুরু করেছিলেন তানিয়া হোসাইন। আতাউর রহমান নির্দেশিত শেকসপিয়ারের ত্রয়লাস ও ক্রেসিদা নাটকের ক্রেসিদা চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী। কিন্তু দলের পরবর্তী নতুন প্রযোজনাগুলোতে তাঁকে আর দেখা যায়নি সেভাবে। তাহলে কি দল থেকে বিরতি নিলেন? ‘না, বিরতি বলা যাবে না। এর মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়নি। এ সময়টায় আমি টেলিভিশনে একটু বেশিই সময় দিয়েছি। একই সঙ্গে সম্প্রতি বেশ কিছুদিন আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে দলে নিয়মিত অভিনয় করা হয়নি। এমনকি টেলিভিশনেও কাজ করিনি। দলে নিয়মিত আসা-যাওয়াও হয়নি।’ বললেন তানিয়া। তবে তিনি জানান, ত্রয়লাস ও ক্রেসিদা নাটকে এখনো তিনি অভিনয় করছেন। দলের পরবর্তী প্রযোজনাগুলোতে নিয়মিত কাজ করবেন বলে আশা করেন তিনি। তানিয়া বলেন, ‘সামনে গ্যালিলিও নাটকটি নতুন করে আসবে। সেখানে অভিনয় করার ইচ্ছা আছে। এ ছাড়া দলের পরবর্তী নতুন প্রযোজনায় কাজ করব।’নাগরিক নাট্যসম্প্রদায়ের ত্রয়লাস ও ক্রেসিদা নাটকটি ২০০৭ সালে মঞ্চে আসে। এরপর কাঁঠাল বাগান, অপেক্ষমাণ, নতুন করে অচলায়তন নাটকটি মঞ্চে এসেছে।