তার পরও আমি নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাওমি ওয়াটস
নাওমি ওয়াটস

সৃজনশীল মানুষের ভাবনার জগতে কখনো সংহত, কখনো বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় কত-না ভাবনা। সেই ভাবনাগুলোর কথাই শুনব আমরা এখানে। ছোট ছোট মন্তব্যগুলোই কখনো তৈরি করে দিতে পারে জীবনদর্শন...
নাওমি ওয়াটস
নাওমি ওয়াটসের জন্ম যুক্তরাজ্যে। কাজ শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। এখন থাকেন যুক্তরাষ্ট্রে। অভিনেত্রী, প্রযোজক তিনি। মঞ্চে মায়ের অভিনয় দেখেই তিনি অভিনয়শিল্পী হওয়ার প্রতি ঝুঁকে পড়েন মাত্র পাঁচ বছর বয়সে। ১৮ বছর বয়সে প্রথম অভিনয় করেন ফর লাভ এলোন ছবিতে। কিংকং, ফেয়ার গেম, দি ইন্টারন্যাশনাল, দি ইমপসিবল তাঁর অভিনীত কয়েকটি চলচ্চিত্র।
আমি একটা ডাকাবুকো ছেলের মতো বেড়ে উঠেছি। ভাইয়ের সঙ্গ ছাড়তাম না। ইচ্ছেমতো উঠেছি গাছের মগডালে, যুদ্ধ যুদ্ধ খেলেছি। তার পরও আমি নারী। আমি কোনো দিন সেই নারীদের বুঝে উঠতে পারিনি, যাঁদের সব বন্ধুই পুরুষ বন্ধু।
যে দরজাটা একটু পরেই খুলে যাবে, সে দরজায় করাঘাত করার প্রয়োজন নেই।
কিংকং ছবিতে অভিনয়ের পর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আর কখনো চলচ্চিত্রে অভিনয় করব না। ওই ছবিতে আমাকে দৌড়াতে হয়েছে, লাফাতে হয়েছে, ঠাস করে পড়তে হয়েছে। পরে দেখলাম, এটা সন্তান প্রসবের মতো ঘটনা। সন্তান জন্মদানের সময় অসহ্য কষ্ট সহ্য করে নারী ভাবেন, আর জীবনেও সন্তানের জন্ম দেব না। কিন্তু এই প্রতিজ্ঞা খুব দ্রুতই তিনি ভুলে যান।
মা হওয়া—এটা হচ্ছে সেই জিনিস, যা নিয়ে সবাই কথা বলে, কিন্তু এটা কথার চেয়ে অনেক বড়। আমি চাই, আমার সন্তানেরা খুব বেশি ভ্রমণ করুক। এরই মধ্যে ওরা অনেকগুলো দেশ ঘুরে ফেলেছে। আমার মনে হয়, ওদের মাথা এখন বিভিন্ন দেশের নানা চমকপ্রদ ঘটনায় ঠাসা! ভ্রমণের কারণে যদি আমার ছোট বাচ্চাটা ছয় সপ্তাহ স্কুল ফাঁকি দেয়, তাতেই বা খারাপ কী?
রুশ ম্যাগাজিন ‘এসকোয়ার’ থেকে অনুবাদ: জাহীদ রেজা নূর