দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে এল। বছর শেষে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অডিও-সংশ্লিষ্ট ব্যক্তিদের। অডিও বাজারের ইতিহাসে এ বছরের চেয়ে এতটা হতাশার বছর আর আসেনি বলে মত দিয়েছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা। সারা বছরই মন্দাবস্থা কাটাতে হয়েছে অডিও প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু কয়েক বছর ধরে কেন এই মন্দাবস্থা কাটছে না? প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেই পুরোনো কারণ পাইরেসি আতঙ্ক, শেয়ারিং, ব্যানার বাণিজ্য, এমপিথ্রি ইত্যাদি।ধসের বছর: ২০১০ সালকে অডিওশিল্পের ধসের বছর হিসেবে অভিহিত করেছেন অনেকেই। যে অডিও ব্যবসাকে আয়ের একমাত্র উৎস হিসেবে মনে করত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, তা এখন অনেকের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে গানচিলের স্বত্বাধিকারী ও এমআইবির সভাপতি কুমার বিশ্বজিৎ বলেন, ‘২০১০ সালটাকে অডিও বাজারের ধসের বছর বললে কোনো ভুল হবে না। পাইরেসি রোধে আমরা নিজেদের লোকবল দিয়ে সারা দেশে এ বছর প্রায় এক হাজারেরও বেশি অভিযান চালিয়েছি। এমআইবি ও সরকারের উদ্যোগে হাইকোর্টের রায়ে ননব্র্যান্ডেড সিডি আইন করে বন্ধ করা হলেও বছর শেষে পাইরেসি-আতঙ্ক মোটেও কাটেনি।’কুমার বিশ্বজিতের সঙ্গে একমত পোষণ করে সাউন্ডটেকের সুলতান মাহমুদ বলেন, ‘অডিও ইন্ডাস্ট্রির খারাপ অবস্থার কারণে আমরা আস্তে আস্তে এ ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হয়েছি। গত বছর আমরা ১০০টি অ্যালবাম প্রকাশ করলেও এ বছর প্রকাশ হয়েছে ১৫-২০টার মতো।’শিল্পী তপন চৌধুরী জানান, পাইরেসি আর দুর্বল সিস্টেমের কারণে ধ্বংস হয়ে গেছে অডিওশিল্প। তিনি এও বলেন, ‘কানাডায় আমি নিজের অ্যালবামের পাইরেসি দেখেছি। তাও আবার এক অ্যালবামের পাঁচ রকম পাইরেসি। গান একই, শুধু অ্যালবামের কভার ও ছবির পরিবর্তন। এসব হলে অ্যালবাম বের হবে কী করে! এটা তো ভয়ংকর ব্যাপার।’দুই ঈদে নেই তারকার উপস্থিতি: চলতি বছরের দুই ঈদে সব প্রতিষ্ঠানের প্রায় ২৮০টির মতো অ্যালবাম বেরিয়েছে। এর মধ্যে পুরোনো শিল্পীদের কয়েকটি সংকলিত গানের অ্যালবাম ছাড়া সবই ছিল নবীনদের অ্যালবাম।বর্তমানে প্রযোজকদের মধ্যে এমন একটা ভাব, যেন শিল্পীরা সবকিছু তৈরি করে দিয়ে আসবেন। আর তাঁরা শুধু সেটা প্রকাশ করেই নিজেদের দায়ভারটা শেষ করবেন। এটা যেন এখন একটা রীতিতে দাঁড়িয়ে গেছে। সংগীতে এত বছর কাটানোর পর এখন যদি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ধরনা দিতে হয়, তাহলে একজন শিল্পীর এর চেয়ে অপমানজনক আর কিছুই হতে পারে না। অডিও বাজার সম্পর্কে এভাবেই নিজের ক্ষোভের কথা ব্যক্ত করলেন শিল্পী পার্থ বড়ুয়া। তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সিনিয়র শিল্পীদের প্রাপ্য সম্মান দিতে জানে না। আর এতে করে আমাদের সিনিয়র শিল্পীরাও আস্তে আস্তে এদের থেকে দূরে সরে যেতে থাকেন। ফলে বঞ্চিত হন শ্রোতারা তাঁদের প্রিয় শিল্পীর গান শোনা থেকে।’এ নিয়ে শিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘আমাদের দেশের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ব্যবসাবান্ধব বলতে পারেন। একজন সিনিয়র শিল্পীর অ্যালবাম অনেক দামে কেনার পক্ষপাতী তারা নয়।’লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে যেসব শিল্পী আসেন, আমরা সর্বোচ্চ সম্মান দেখিয়ে তাঁদের অ্যালবামগুলো প্রকাশ করে থাকি। কিন্তু আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়, কার কার অ্যালবাম তৈরি হয়ে পড়ে আছে। বিষয়টা যদি আমাদের জানানো হয়, তাহলে আমাদের পক্ষে অ্যালবামগুলো প্রকাশে উদ্যোগ নিতে সুবিধা হয়।’সাউন্ডটেকের সুলতান মাহমুদ বলেন, ‘শিল্পীদের স্বার্থরক্ষা এবং অডিওশিল্পকে টিকিয়ে রাখতে আমরা অনেক লড়েছি। কিন্তু সরকারের কোনো ধরনের সহযোগিতা পাইনি। সরকারের অবহেলায় দিন দিন এ শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে। সরকারের উচিত, এদিকে একটু নজর দেওয়া।’অন্যদিকে পাইরেসি ও অডিও বাজারের মন্দাবস্থার কারণে নতুন অ্যালবাম প্রকাশ নিয়ে প্রযোজকদের মধ্যে অনীহা আছে বলে জানা গেছে। শিল্পী ও প্রযোজকদের কথার মধ্য থেকে বোঝা যাচ্ছে, তাঁরা সবাই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এটা যদি এখনই সমাধান করা সম্ভব না হয়, তাহলে অদূর ভবিষ্যতে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কী হবে, সেটা এখন থেকেই অনুমান করা যায়।সাংগঠনিক কাজে তারকারা: অডিওশিল্পে ২০১০ সালকে সংগঠনের বছর হিসেবেও অভিহিত করা হয়েছে। বামবার সঙ্গে এ বছর যোগ হয় এমআইবি, এলসিএস গিল্ড ও কপিরাইট সোসাইটিও। বছরের শেষ দিকে এসে এক হয় বামবা ও এলসিএস গিল্ড। এর কিছুদিন পরই সংগীতাঙ্গনে আরেকটি সংগঠনের জন্ম হয়। গায়ক আসিফের নেতৃত্বে এই সংগঠনটির নাম আরওয়াইএমবি।দুর্ভাগ্যজনক হলেও সত্যি, উপরিউক্ত চার-পাঁচটি সংগঠন আপাতদৃষ্টিতে দাঁড়িয়ে আছে একে অপরের বিপরীতে। প্রতিনিয়ত একে অপরকে অস্বীকার করছে কাজকর্ম ও ভাষায়। সমাধানের জন্য একসঙ্গে বসলেও উঠছেন সমাধান ছাড়াই। পুরোনো হিস্যা বুঝে নিতে ও দিতে এবং ছাড় দিতে প্রস্তুত নয় কেউই। অনেকের মতে, অডিও ইন্ডাস্ট্রিতে ২০১০ সালে যেভাবে সংগঠনের ছড়াছড়ি হয়েছে, নতুন বছরে কমপক্ষে এমন আরও চার-পাঁচটি ভাগে বিভক্ত হতে পারে অডিও ইন্ডাস্ট্রি। যেভাবে সংগঠন তৈরির হিড়িক পড়েছে, তাতে দেখা যাবে, দুই-চারজন মিলেই নিজেদের স্বার্থরক্ষার জন্য একটি সংগঠনের আওয়াজ দিয়ে বসবেন। সদ্য শেষ হতে যাওয়া বছর সেটাই ইঙ্গিত করছে।এ সম্পর্কে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘আমরা অনেক দিন ধরে নানাভাবে প্রতারিত হয়ে আসছি। কিন্তু এখন সময় এসেছে অধিকার বুঝে নেওয়ার। তাই এটা যদি সাংগঠনিক উপায়ে হয়, তাহলে সেটা অনেকাংশে ভালো হবে বলেই মনে করছি। এ জায়গাগুলো ভেবেই সহকর্মীদের নিয়ে সংগঠিত হয়েছি। এটাতে দোষের কিছু দেখছি না।’এ বছরের অডিও ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পাওয়া মিউজিক ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ। সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি কুমার বিশ্বজিত্ মনে করছেন, এত দিনে প্রযোজকদের কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে। সবাই জোট বেঁধে না এগোলে অডিও বাজারের এ দুর্দশা দূর হবে না। দুর্দশা লাঘবে এমআইবি বেশ বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সবাই। তাই তিনি মনে করেন, সংগঠন একটা গুরুত্বপূর্ণ বিষয়।শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংগঠনমুখিতা দেখে বেবী নাজনীন বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা এখন অনেক বেশি সংগঠনমুখী। এখন কথা হচ্ছে, বাজারে যদি আমাদের প্রডাক্টই না থাকে, তাহলে সংগঠন দিয়েই বা কী হবে। আমাদের সবাইকে আসলে প্রডাক্টের দিকে বেশি নজর দেওয়া উচিত।’সাংগঠনিক কাজ নিয়ে আসিফের মূল্যায়ন একটু অন্য রকম। তিনি বললেন, ‘আমি আসলে সংগঠন করতে অনেকটা বাধ্য হয়েছি। আমাদের এখানে অনেকে সংগঠনের কথা বলেন। কিন্তু অডিও ইন্ডাস্ট্রিতে যন্ত্রশিল্পীদের অবদান সবচেয়ে বেশি, অথচ এখন পর্যন্ত কোনো সংগঠনেই এসব যন্ত্রশিল্পীর কোনো স্থান নেই। তাই তরুণ যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও গায়কদের নিয়ে তৈরি করেছি আরওয়াইএমবি।’বিদেশি শিল্পীদের আনাগোনা: ২০১০ সালের শুরু থেকে ঢাকায় ভারতীয় শিল্পীদের আনাগোনা ছিল সবচেয়ে বেশি। বছরের শুরুতেই ঢাকায় আসেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এরপর একে একে বাংলাদেশে এসে বিভিন্ন অনুষ্ঠানে গান করেন লোপামুদ্রা মিত্র, হরিহরণ, শ্রেয়া ঘোষাল, স্বপন বসু, তন্ময় বোস, শুভমিতা, মোনালি ঠাকুর, যোগিন্দর, নিরাজ শ্রীধর, ব্যান্ড দল ভূমি, দোহার, চন্দ্রবিন্দুসহ আরও অনেকে।দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে দুই ঈদেই দেশ টিভির কল-এর গান অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের দিকে একটু বেশি জোর দেয়। রোজার ঈদে এ তালিকায় ছিলেন স্বপন বসু ও ব্যান্ড দল ভূমি। দুই বাংলার বাউলদের অনুষ্ঠানে এসেছিলেন তন্ময় বোস।এ সম্পর্কে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন বলেন, ‘সত্যিকার অর্থেই ২০১০ সালে বিদেশি শিল্পীদের আনাগোনাটা অনেক বেড়ে গিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমি বিদেশি শিল্পী আনার বিরোধী নই। কিন্তু আমাদের গুরুত্বহীন না করে। আমাদের দেশকে উপস্থাপন করার মতো অনেক ভালো মানের শিল্পী এ দেশে আছেন। তাই এঁদেরও সেখানে পাঠিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় থাকবে, তবে সেটা নিজের দেশেরটাকে বিসর্জন দিয়ে নয় বলে মনে করছি।’কুমার বিশ্বজিত্ বলেন, ‘যে জাতি নিজের দেশ, সংস্কৃতি ও পণ্যকে সম্মান দিতে জানে না, সে আসলে খুবই দুর্ভাগা। এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না।’বেড়েছে টিভিতে লাইভ শো: অ্যালবাম ব্যস্ততা না থাকায় চলতি বছর অনেকটাই দেশ-বিদেশের স্টেজ শো-কেন্দ্রিক হয়ে পড়েছেন তারকাশিল্পী থেকে শুরু করে এ সময়ের সম্ভাবনাময় শিল্পীরাও। শুধুু তা-ই নয়, স্টেজের পাশাপাশি শিল্পীরা এ বছর অনেক বেশি ঝুঁকে পড়েছেন বেসরকারি বিভিন্ন চ্যানেলের লাইভ প্রোগ্রামে। এ ক্ষেত্রে অনেক তারকাশিল্পী তাঁদের একক ও ব্যান্ডের গানের অ্যালবাম না করলেও স্টেজ ও চ্যানেলের লাইভ অনুষ্ঠানগুলোয় নিজেদের নতুন গান শোনাতে কার্পণ্য করেননি। ২০১০ সালে অ্যালবামকেন্দ্রিক ব্যস্ততা ভুলে স্টেজ, টিভি চ্যানেল ও এফএম রেডিওগুলোর সরাসরি গানের অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছে এলআরবি, নগর বাউল, মাইলস, সোলস, দলছুট, মাকসুদ ও ঢাকা, অর্থহীন, ওয়ারফেইজ, প্রমিথিউস, শিরোনামহীনসহ বেশকিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ড। এককভাবে এই ব্যস্ততায় ছিলেন মমতাজ, তপন চৌধুরী, সুবীর নন্দী, কনক চাঁপা, হাবিব, হূদয় খান, বালাম, ফুয়াদ, কৃষ্ণকলি, চন্দনা মজুমদার, শফিক তুহিন, হায়দার হোসেন, ন্যান্সি, আরফিন রুমি, বারী সিদ্দিকী, রিজিয়া পারভিন, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ডলি সায়ন্তনী, রবি চৌধুরী, শুভ্রদেব, মিলা, মেহরিন, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, টিপু, কণা, এলিটাসহ ক্লোজআপ ওয়ান ও সেরাকণ্ঠের তারকারা। আর গানের অনুষ্ঠান উপস্থাপনায় সরব ছিলেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান, পুতুল, এলিটা, আবিদ প্রমুখ।উঠে আসতে পারছেন না রিয়েলিটি শোর শিল্পীরা: আজ থেকে প্রায় ছয় বছর আগে এ দেশের টিভি চ্যানেলগুলোয় রিয়েলিটি শোর মাধ্যমে শিল্পী তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছিল। কয়েকটি অনুষ্ঠান ছাড়া অন্যান্য বছরের মতো এ বছরও এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত ছিল। এ বছরও চ্যানেল আই সেরা কণ্ঠ, মার্কস অলরাউন্ডার, ক্ষুদে গানরাজ, দূরবীণ, রকার্স হান্টসহ বেশ কয়েকটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছেন নতুন বেশ কজন শিল্পী। বরাবরের মতো এ বছরও এসব শিল্পীর মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন অডিওর খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, রিয়েলিটি শোর মাধ্যমে উঠে আসা এসব শিল্পী এখন পর্যন্ত দর্শক-শ্রোতাদের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারেননি। এ সম্পর্কে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আজকের ছেলেমেয়েদের মধ্যে ধৈর্যটা একেবারে নেই বললেই চলে। তারা সবাই তারকা হতে চায়, কিন্তু কেউ শিল্পী হতে চায় না। তা ছাড়া আমি মনে করি, আয়োজকেরা যদি এসব ছেলেমেয়েকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এবং তাদের কাজের ব্যাপারটা দেখাশোনা করে, তাহলে হয়তো ঝরে পড়ার হারটা হ্রাস পাবে। তা ছাড়া এখন এত শিল্পী আসছে যে ভাগ্যও একটা বড় ফ্যাক্টর বলে মনে করছি।’রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘প্রতিযোগিতায় যাদের সেরার তালিকায় দেখেছি, পরদিনই তারা কোথায় হারিয়ে যাচ্ছে সে খবর কেউই রাখে না। কিংবা তাদের ধরে রাখার কোনো ব্যবস্থাও এখন পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ গড়ে তোলেনি। সেরা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে লাখ লাখ টাকা, গাড়ি, ফ্ল্যাট। তাই উপার্জন, নাকি অর্জন—কোনটাকে ধরে রাখবে, তা আগেই সিদ্ধান্ত নিতে হবে উঠে আসা শিল্পীদের।’