তারকা জুটিদের ধন্যবাদ
অনুষ্ঠান শুরুর তখনো বাকি ১৫ মিনিট। পুরস্কার তুলে দেবেন যাঁরা, তাঁদের বেশির ভাগই তখনো অনুপস্থিত। আনিসুল হকের কড়া নির্দেশ, সবাইকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করতে হবে। মেহেদী মাসুদের নেতৃত্বে কয়েক দিন আগেই সবাইকে ফোন করে বারবার তাগাদা দেওয়া হয়েছে, সবার হাতে সম্পাদক মহোদয়ের চিঠি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তবু উত্কণ্ঠা, সবাই ঠিকমতো আসবেন তো। আর এবার অনুষ্ঠান ঠিক ছয়টাতেই শুরু করা হবে, একজনের অনুপস্থিতিই সেই প্রতিজ্ঞা ভঙ্গের জন্য যথেষ্ট!শুরুতেই ছিলেন জুয়েল আইচ ও বিপাশা আইচ। তাঁরা দুজনে বসে আছেন মঞ্চের একটু সামনে। পরের জুটি দিতি ও শহীদুজ্জামান সেলিম। সেলিম এসেছেন, কিন্তু দিতি তখনো আসেননি। কী হবে? মুঠোফোনে ফোন করতেই দিতি বললেন, ১০ মিনিট লাগবে। আল মনসুর ও মিতা চৌধুরী চলে এসেছেন। এবার পরের পুরস্কারের তারকা জুটিদের খোঁজ নিতে হলো। কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে কী হবে এবার? যেমন সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদের পুরস্কার দেওয়ার কথা। সুবর্ণা মুস্তাফা জানালেন, ‘শুক্রবারে যে এত জ্যাম থাকে, তা জানা ছিল না। যানজট দূর করতেই কিন্তু উত্তরা থেকে আশুলিয়া বেড়িবাঁধ হয়ে রওনা হয়েছি।’ এ কথা শুনে রীতিমতো ভয় নেমে আসে। একটু পরেই মৌসুমীকে ফোন। তিনি তখনো এয়ারপোর্ট রোডে। তাঁর জুটি ফেরদৌস চলে এসেছেন, কিন্তু দেখা নেই মৌসুমীর। মৌসুমী বেশ আত্মবিশ্বাস নিয়েই বললেন, এত চিন্তা কোরো না তো, আমি ঠিক সময়মতোই আসব।এ সময় মনে হলো, আফসানা মিমি তো উত্তরায় থাকেন। তিনিও কি যানজটে পড়লেন? জানা গেল, তিনি এরই মধ্যে অনুষ্ঠানের মিলনায়তনে পৌঁছেছেন। তাঁর নায়ক আজিজুল হাকিমের তখনো দেখা নেই। আনন্দ বাহিনী মিলনায়তনে ছোটাছুটি শুরু করল। মিলনায়তন অন্ধকার হওয়ার আগেই একজন জানালেন, হাকিম চলে এসেছেন। বহু নাটকে যাঁদের দেখা গেছে মমতাময়ী বাবা-মা হিসেবে, সেই জুটি মাসুদ আলী খান ও দিলারা জামান চলে এসেছেন। দিলারা জামানের হাত ভেঙে গেছে। তার পরও তিনি সতর্কতা অবলম্বন করেই অনুষ্ঠানে এসেছেন, পুরোটা সময় অনুষ্ঠান উপভোগও করেন।অরুণা বিশ্বাস এসেছেন। তাঁর নায়ক কোথায়? ইলিয়াস কাঞ্চনকে ফোন করতেই তিনি বললেন, এফডিসিতে র্যাবের সঙ্গে একটি বৈঠকে আছেন।বলেন কী? অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে তো।কাঞ্চন বিস্ময় প্রকাশ করে বললেন, এত তাড়াতাড়ি! আচ্ছা, আসছি। আবার টেনশন বেড়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত কাঞ্চন অনুষ্ঠান শুরুর কিছুটা পরে এলেও পুরস্কার তুলে দেওয়ার আগেই এসে পৌঁছালেন।ফারুক-কবরী পুরস্কার তুলে দেবেন। ফারুক এসেছেন অনেক আগেই। কবরী কোথায়? একজন জানালেন, তিনি এসেছেন। কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল তিনি সামনের সারিতে বসে আলোচনায় মশগুল।আলমগীর-রুনা লায়লা একসঙ্গেই এলেন। অবশ্য আলমগীরের নায়িকা রোজিনা আগেই এসে পৌঁছেছেন। দুজনে মিলে তুলে দেবেন পুরস্কার।ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার এখন সংগীতে বেশ জনপ্রিয় জুটি। তাঁরাও চলে এলেন। আলম খান ও রুনা লায়লা একসঙ্গে পুরস্কার তুলে দেবেন। আলম খান এসে পৌঁছানোর পর মনে হলো, সংগীতের পুরস্কার যাঁদের তুলে দেওয়ার কথা ছিল, তাঁদের নিয়ে আর কোনো চিন্তা নেই।এবার টিভি ও চলচ্চিত্র বিভাগের পুরস্কার তুলে দেবেন যাঁরা, তাঁরা কি এসে পৌঁছেছেন? প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এরই মধ্যে মঞ্চে উঠে গেছেন। মিলনায়তনের আলো নিভে গেছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, সবাই এসেছেন কি না।দেখা গেল মাহফুজ আহমেদ চেয়ারে মুখে চুইংগাম চিবুচ্ছেন আর হাত তুলে জানান দিলেন, তিনি এসেছেন। অপি করিম তো অনুষ্ঠানে অংশ নেবেন, তাই তিনি অনেক আগেই এসেছেন। সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদের একসঙ্গে পুরস্কার তুলে দেওয়ার কথা। আসাদ এসে বসে আছেন। সুবর্ণা কি তাহলে এখনো আসেননি? মোবাইলে ফোন করতেই সুবর্ণা বললেন, ‘আমি তো তোমাদের অনুষ্ঠানস্থলে বসে আছি।’দেখা গেল মৌসুমীও এক ফাঁকে চলে এসেছেন এবং তিনি বক্তব্য শুনছেন।যাঁরা পুরস্কার তুলে দেবেন সবার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর উপসম্পাদক আনিসুল হক ও কবির বকুল এক দিক থেকে স্বস্তি পেলেন। একটু পরই শুরু হবে মহাযজ্ঞ। সব শিল্পীরা, মনোনয়নপ্রাপ্তরা ঠিকভাবে এসেছেন তো! ঠিকঠাকমতো হবে তো—উত্কণ্ঠার কি সীমা আছে?