তারকা দম্পতিদের নিয়ে দেশ টিভি
সাত তারকা দম্পতিকে দিয়ে নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্যাটেলাইট টিভি চ্যানেল দেশ টিভি। সামনের রোজার ঈদে দর্শকদের মানসম্পন্ন নাটকের পাশাপাশি চমক হিসেবে দেশ টিভি কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। এবারের ঈদে যে সাতটি তারকা দম্পতি নাটক নির্মাণ করছেন, তাঁরা হলেন—নাসির উদ্দীন ইউসুফ-শিমূল ইউসুফ, আলী যাকের-সারা যাকের, সুবর্ণা মুস্তাফা-বদরুল আনাম সৌদ, জাহিদ হাসান-সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ-বিপাশা হায়াত, অরুণ চৌধুরী-চয়নিকা চৌধুরী এবং নূরুল আলম আতিক-মাতিয়া বানু শুকু। কয়েকজন তারকা দম্পতি পরিচালক অবশ্য এরই মধ্যে নাটকের কাজ শুরু করে দিয়েছেন। তবে চয়নিকা চৌধুরী শুরু করছেন কাল সোমবার থেকে। নাম ‘বন্ধুতা’। অভিনয় করবেন মাহফুজ আহমেদ, সারিকা, অর্ষা, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।উল্লেখ্য, গত বছরের রোজার ঈদে সাতটি রঙ নিয়ে সাত দিনের অনুষ্ঠানমালা সাজায় দেশ টিভি। এতে প্রচার হয় সাতজন নারী নির্মাতার নাটক। কোরবানির ঈদে সাতজন তরুণ নির্মাতার নাটক প্রচার করে তারা।দেশ টিভির অনুষ্ঠানপ্রধান পারভেজ চৌধুরী বলেন, ‘ঈদের অনুষ্ঠানমালার সবকিছু এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এটা ঠিক, এবারের ঈদের অনুষ্ঠানের ক্ষেত্রে বৈচিত্র্য আনার জন্য তারকা দম্পতিদের নির্দেশনায় নাটক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।