তারকা নন, শিল্পী লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান, ছবি এএফপি
লিন্ডসে লোহান, ছবি এএফপি

‘শিল্পী নয়, বেশির ভাগ মানুষই আমাকে তারকা হিসেবে বিবেচনা করেন। বিষয়টি আমি রীতিমতো ঘৃণা করি।’ সম্প্রতি এভাবেই আক্ষেপ প্রকাশ করেছেন হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পাওয়া ২৮ বছর বয়সী তারকা অভিনেত্রী লিন্ডসে লোহান।

লিন্ডসে বলেন, ‘আমার প্রতি মানুষের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। দীর্ঘদিন ধরে তারকা হিসেবেই বিবেচিত হচ্ছি আমি। অথচ কখনোই আমি এমনটা চাইনি। তারকাখ্যাতি পাওয়ার জন্য আমি অভিনয় জগতে আসিনি। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলাম। সেই থেকে আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। মানুষ সম্ভবত বিষয়টি ভুলে গেছে। আমার মতে, তাঁদের মনে করিয়ে দেওয়ার জন্য উপযুক্ত সময় এসে গেছে আমার জীবনে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ই-অনলাইন।

ডেভিড ম্যামেটের ‘স্পিড দ্য প্লো’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটার। নাটকটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চ নাটকে অভিষেক হচ্ছে লিন্ডসের। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘মঞ্চ নাটকে চমত্কার কিছু মানুষের সঙ্গে কাজের সুযোগ আমি পেয়েছি। একজন শিল্পীর জীবনে এর চেয়ে ভালো আর কিছু কি হতে পারে! আমার প্রত্যাশা, নাটকটিতে অভিনয় করার পর মানুষ বুঝবে আমি একজন অভিনেত্রী এবং শিল্পী। শুধু এই স্বীকৃতি পাওয়ার জন্যই আমি অভিনয় জগতে এসেছি।’