তারকাবহর নিয়ে হালদা অভিমুখে তৌকীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌকীর আহমেদ
তৌকীর আহমেদ

আগামী রোববার থেকে আবার শুরু হচ্ছে তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘হালদা’র শুটিং। এই ছবির শুটিংয়ে অংশ নিতে বিশাল তারকাবহর নিয়ে হালদা অভিমুখে যাচ্ছেন তৌকীর। এই দলে আপাতত আছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী ও রুনা খান প্রমুখ।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। এই ছবিটি দেশে ও দেশের বাইরে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। ‘অজ্ঞাতনামা’র রেশ কাটতে না–কাটতে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন ছবির বিশাল তারকা তালিকা প্রকাশ করলেন তৌকীর। এক ছবিতে এত জনপ্রিয় তারকা নিয়ে কাজ করার কারণ প্রসঙ্গে তৌকীরের বক্তব্য হচ্ছে, ‘এটা ঠিক যে ছবিটিতে এ দেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন। আমি মনে করি, ভালো অভিনয়ের কোনো বিকল্প নেই। তাই জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশাকে নেওয়া। এ ছাড়া ফজলুর রহমান বাবু, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামানসহ আরও অনেকে যুক্ত হয়েছেন। আমি কৃতজ্ঞ যে তাঁরা এই ছবির জন্য সময় দিচ্ছেন এবং আশা করছি, তাঁরা চরিত্রগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলবেন।’
তৌকীর আরও বলেন, ‘আমি এ পর্যন্ত যতগুলো সিনেমার কাজ করেছি, সব কটিতে অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন। আমি সত্যিকারের অভিনয়শিল্পীদের ওপরই আস্থা রাখি। যাঁদের নিয়ে আমি কাজ করছি, এঁরা সবাই পরীক্ষিত। আমি নিজে আবার পরীক্ষিত শিল্পীদের নিয়ে কাজ করতে পছন্দ করি। দর্শকও তাঁদের অভিনয় দেখে তৃপ্ত হবেন বলে আশা করি। অভিনয়শিল্পীরাও অভিনয় করে আনন্দ পাবেন। আর এতে ভালো কাজের সম্ভাবনাও তৈরি হয়।’
হালদা নিয়ে ছবি নির্মাণের কারণ প্রসঙ্গে তৌকীরের বক্তব্য হচ্ছে, ‘আপনারা সবাই জানেন, হালদা একটি মাছের প্রজননক্ষেত্র। এটি চট্টগ্রামের একটি নদী। ফটিকছড়ি থেকে শুরু হয়ে কর্ণফুলীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে যায়। বহকাল ধরে মানুষ এই হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে। এই হালদাপারের মানুষের জীবন, তাদের জীবনের প্রতিকূলতা, হাসি-কান্না, বেদনা এবং বিপন্ন হালদার গল্প হচ্ছে আমাদের এই চলচ্চিত্র। আশা করি, ছবিটি দর্শককে ভাবাবে, তাঁরা হালদা নিয়ে ভাববেন, এ দেশের সাধারণ মানুষের কথা ভাববেন। যদি আমাদের প্রচেষ্টাটি তাঁদের ভালো লাগে, আমরা মনে করব, এরপর আরও একটি কাজের জন্য এগিয়ে গেলাম।’