তারকা-বিচ্ছেদের বছর ২০১৫!

কেউ কেউ বলছেন বছরটা ছিল প্রাপ্তির; কারও মতে, বছরটা হারানোর। সুখ-দুঃখ-আনন্দ-বেদনার বছর। বছরজুড়ে হিসাবনিকাশ সেরে বছর শেষে এভাবেই উপসংহার টেনেছেন সবাই। তবে ‘পপসুগার’ নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, গত বছরটা ছিল বিচ্ছেদের। তাও আবার যেনতেন বিচ্ছেদ নয়; তারকা বিচ্ছেদের বছর।
কারণ হিসেবে পপসুগার যা দেখিয়েছে, তাতে পুরো বছরটার ওপর এমন ‘নেতি’র সিল মারার জন্য তাদের ঠিক দোষ দেওয়াও যাচ্ছে না। কারণ, একটি বা দুটি না, চল্লিশটিরও বেশি তারকা জুটির বিচ্ছেদের খবরের শিরোনাম ছিল বছরজুড়ে।

অবশ্য তারকা জগৎটাই যেন এমন। পণ্যের বিক্রয়োত্তর সেবার মেয়াদের চেয়েও সম্পর্কের মেয়াদ যেন অনেক সময়ই কম। মার্কিন মডেল ও অভিনেত্রী গিগি হাদিদের ক্ষেত্রে যেমন এক বছরেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে দুইবার। প্রথমবার মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাসের সঙ্গে, দ্বিতীয়বার ছিলেন অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসন। আর্নল্ড শোয়ার্জনেগার পুত্র প্যাট্রিক শোয়ার্জনেগার আর মাইলি সাইরাসের বিচ্ছেদও ঘটেছে গত বছরেই।

এদিকে ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে চার্লি এবার্সলের, গুয়েন স্টেফানির সঙ্গে গ্যাবিন রোজডেলের, মেগান ফক্সের সঙ্গে অস্টিন গ্রিনের, এমা স্টোনের সঙ্গে অ্যান্ড্রু গারফিল্ডের, ব্র্যাডলে কুপারের সঙ্গে সুকি ওয়াটারহাউসের বিচ্ছেদের খবর পাওয়া গেছে ২০১৫ সালের বিভিন্ন সময়ে। বেন অ্যাফ্লেক ও জেনিফার গারনার দীর্ঘ দশ বছর সংসার করার পর গত বছরের জুনে হঠাৎ করেই জানিয়ে দেন তাঁদের বিচ্ছেদের খবর।

ঝড়ের যেমন পূর্বাভাস পাওয়া যায়। তেমনই কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদের বিষয়টা আগেই টের পাওয়া গেছে। আবার সব অনুমান ছাপিয়ে আকস্মিক খবরে হতবাক করেছেন অনেকেই। বছর দশেক প্রেমের পর তাঁদের চার বছরের দাম্পত্য জীবন শেষে গত জুলাইয়ে সম্পর্কের ইতি টেনেছেন দুই মার্কিন সংগীতশিল্পী মিরান্ডা ল্যামবার্ট ও ব্লেক শেলটন। পপসুগার।