পয়লা বৈশাখে উত্সবের সময় প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীরা চেষ্টা করেন নতুন কিছু গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে। আগে যেভাবে উত্সব ঘিরে তারকা শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের অ্যালবাম বের হতো, এখন আর সেভাবে হয়ে হয় না। এখন চিত্রটা ঠিক তার উল্টো। এখন নবীন শিল্পীদের পাশাপাশি প্রকাশ করা হয় তারকা শিল্পীদের অ্যালবামও। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এবার প্রায় ৫০টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। পয়লা বৈশাখে অ্যালবাম প্রকাশে সংখ্যায় শীর্ষে রয়েছে সংগীতা। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জানান, এবার তাঁরা মোট ১৯টি অ্যালবাম বাজারে ছেড়েছেন, যার বেশির ভাগই নতুন শিল্পীর। সংগীতার ব্যানারে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে—বারী সিদ্দিকীর সংকলিত গানের অ্যালবাম ‘আমি একটা জিন্দা লাশ’। আরও আছে ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর ‘বিবাগী’, সেরাকণ্ঠ খ্যাত রোমেলের প্রথম একক ‘ইচ্ছে আমার’, মোহনের ‘তোমার আমি’। এগুলোর বাইরেও বেশ কয়েকজন নতুন শিল্পী, চলচ্চিত্র গানের অ্যালবাম এবং কৌতুকের অ্যালবামও ছাড়া হয়েছে বলে জানান সেলিম খান। পয়লা বৈশাখের অ্যালবাম প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা অ্যালবাম প্রকাশের ধারাবাহিকতা রেখেছি। এবারও আমরা তারকা শিল্পীদের পাশাপাশি বেশ কিছু নবীন শিল্পীর অ্যালবাম প্রকাশ করেছি। পয়লা বৈশাখ উপলক্ষে এবার আমাদের প্রকাশিত মোট নয়টি অ্যালবামের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে শাকিলা জাফরের রবীন্দ্রসংগীতের অ্যালবাম “লাবণ্যে পূর্ণ প্রাণ”, হূদয় খানের “ছোঁয়া” এবং মিশ্র অ্যালবাম “হিট অ্যালবাম থ্রি”। এর শিল্পীরা হলেন—সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কণা, আরফিন রুমি, ন্যান্সি, তৌসিফ ও তপু।’লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘শুধু যে নতুন শিল্পীদের অ্যালবাম প্রকাশ করেছি, তা কিন্তু নয়। আমরা বেশ কয়েকজন তারকা শিল্পীর অ্যালবামও প্রকাশ করেছি। আমরা আসলে গুণগতমানের বিষয়টা সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফোক সম্রাজ্ঞী মমতাজের “ময়না”, দূরবীন ব্যান্ডের প্রধান ভোকাল শহীদের “নীলাম্বরী”, সেরাকণ্ঠ ইমরানের “স্বপ্নলোকে”, শওকত আলী ইমনের সুর ও সংগীতায়োজনে পুলকের “যাযাবর পুলক”, নবীন গায়িকা পপির “ইচ্ছে করে” এবং সুমন কল্যাণের সুরে দেশের গানের অ্যালবাম “সালাম বাংলাদেশ”।’ ফাহিম মিউজিকের কর্ণধার মনির হোসেন জানান, পয়লা বৈশাখে তাঁরা নতুন শিল্পীদের অ্যালবামই বেশি প্রকাশ করেছেন। সেগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশ্বাস দেন। এ প্রতিষ্ঠান থেকে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে আছে সেলিনা হুদা সীমার রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘মধুর ধ্বনি বাজে’ এবং তানজীনা তমার ‘মধুযামিনী’। সব মিলিয়ে এবার তারা প্রকাশ করেছে ১০টির মতো অ্যালবাম।এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হবে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিবের একক অ্যালবাম ‘আহ্বান’। বাংলালিংক নিবেদিত এই অ্যালবামটি বাজারে ছাড়া হবে ডেডলাইন মিউজিকের ব্যানারে।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটি বাজারে ছাড়া হবে।