চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতজগতের তারকারা আগে কীভাবে ঈদ কাটাতেন, আর তারকা হওয়ার পর এখন কীভাবে কাটে তাঁদের ঈদ—এ নিয়েই এবারের আয়োজন
তারকা হওয়ার আগে, তারকা হওয়ার পরে

নতুন পোশাক লুকিয়ে রাখতাম
সুচন্দা
শৈশবের ঈদের কোনো তুলনা নেই। মনে আছে, বাবা যখন আমাদের জন্য নতুন পোশাক কিনে আনতেন, সেটা ঈদের দিন সকাল পর্যন্ত লুকিয়ে রাখতাম। পোশাক লুকিয়ে রাখার কারণ হলো, আগে দেখে কেউ ফেললে প্রিয় পোশাক যদি পুরোনো হয়ে যায়! ঈদের দিন সকালে সেই পোশাক পরে পাড়া বেড়াতে বেরোতাম। এভাবে পুরো কিশোরী বয়স পার করেছি। তার পরই তো চলচ্চিত্রে এলাম। আমার মতে, ব্যস্ততার মাধ্যে আলাদা করে ঈদের আনন্দ সেভাবে ধরা দেয় না। তখন আনন্দের ক্ষেত্রেও পরিবর্তন হয়—নিজের চেয়ে অন্যকে দিতে পারলেই বেশি ভালো লাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাই আত্মীয়স্বজনকে উপহার দিয়ে। মনে আছে, যখন প্রথম নিজে আয় করা শুরু করলাম, তখন থেকেই সবাইকে ঈদ উপহার দেওয়া শুরু করি। আত্মীয়স্বজন ও গরিব মানুষকে নতুন কাপড় কিনে দেওয়া, ঈদের বাজার করে দেওয়া—ঈদের সময় এসব করতে খুব ভালো লাগে। যখন আমার জহিরের (জহির রায়হান) সঙ্গে বিয়ে হলো, তখন তো রীতিমতো পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে। জহির সংসারের প্রতি ছিল অনেকটা বেখেয়ালি। সংসারের সব দায়িত্ব তাই আমাকেই পালন করতে হয়েছে সব সময়। সেই সময় সবার খুশিমুখ দেখার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতাম। এর ব্যত্যয় ঘটেনি এখনো—এখনো আগে সবার জন্য কেনাকাটা করি। পরে নিজের জন্য। ঠিক বুঝতে পারি না, তারকা হলে কীভাবে জীবন বদলে যায়।
সালামি দিয়েও মজা নিয়েও মজা

চম্পা
তারকা হওয়ার আগের ঈদের কথা বলতে গেলে ছোটবেলার কথা বলতে হয়। ছোটবেলার ঈদই বেশি আনন্দের। মনে পড়ে, আমরা তখন গেন্ডারিয়ায় থাকতাম। বাবা-মায়ের সঙ্গে ঈদের আগে মার্কেটে যেতাম। শপিং নিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা হতো। ভাই, বোন, বাবা-মা—সবার কাছ থেকে আলাদা আলাদা করে জিনিস নিতাম। জামার কাপড় কিনে বন্ধুদের দেখাতাম না। জামা তৈরি হওয়ার পর দরজিবাড়ি থেকে অবশিষ্ট ছোট টুকরাগুলোও নিয়ে আসতাম। যাতে কোনো বন্ধু আমার জামার রংটা পর্যন্ত না জানতে পারে। ঈদের দিন জামা পরে বন্ধুদের সারপ্রাইজ দিতাম। আর জুতা ছিল আমার খুবই প্রিয়। নতুন জুতা কিনে বাক্সসহ বিছানায় মাথার কাছে রেখে ঘুমাতাম। ঘুমানোর আগে পায়ে দিয়ে কয়েকবার বিছানার ওপর হাঁটতাম। ধুলা লেগে যাবে, এ জন্য মাটিতে হাঁটতাম না। ঈদের দিন নতুন জামা, জুতা পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম।
এখন আর সেই মজা পাই না। কারণ, পরিবেশও আগের মতো নেই। যান্ত্রিক যুগ, মানুষের মনও যেন যান্ত্রিক হয়ে গেছে। ঈদের দিন কোথাও ঘুরতে যাব। শহরের জ্যামের কথা মনে হলেও ভয় লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে সময় শেষ!
তারকা হওয়ার পর ঈদের সময় এখনো মার্কেটে যাই। তবে আগের মতো ঘুরে ঘুরে কেনা হয় না। অনেক কাপড় কিনে নিয়ে আসি। তা থেকে আলাদা আলাদা করে নিজেই ডিজাইন করি। আমার খুব কাছের একজন মানুষ অর্নিমা রায়। তাঁর কাছ থেকে নিজের করা ডিজাইনের শাড়ি, কামিজ বানিয়ে নিই। এতে করে আমার ঈদের পোশাক আলাদা হয়। তারকা হওয়ার আগে ঈদের সময় সালামি নেওয়ার ওস্তাদ ছিলাম। আমার হাত থেকে বড়দের কারোর রক্ষা ছিল না। এখনো আমি ঈদের সময় বোন, ভাই এবং আমার স্বামীর কাছ থেকে ঈদের সালামি নিতে ভুলি না।
তবে এখন আবার দিতেও হয় অনেক। বোন, ভাইদের ছেলেমেয়েদের সালামি দিয়ে বেশি আনন্দ পাই। সালামি দেওয়ার সময় আগেকার ঈদের মধুর আনন্দের স্মৃতিগুলো মনে পড়ে। উপভোগ করি।

এক্সক্লুসিভ ডিজাইন করে পোশাক বানাতাম
মৌসুমী
ছোটবেলায় এক ধরনের ঈদ করতাম, বড় হয়ে আরেক ধরনের ঈদ। আর এখন তারকা হওয়ার পর অন্য ধরনের ঈদ করি। এখন তো ছেলেমেয়ের আনন্দই আমার আনন্দ। আগে ছোটবেলায় আমরা নিজের জামা কাউকে দেখাতাম না। এক্সক্লুসিভ ডিজাইন করে পোশাক বানাতাম, যাতে সবাই আমার পোশাক দেখার জন্য বাসায় আসে। আমার পোশাকটাই সেরা হতে হবে—এমনটা মনে করতাম। এখন তো দেশি-বিদেশি ডিজাইনারদের অনেক ধরনের পোশাক পাওয়া যায়। আমি শুধু আমার ছেলেমেয়েদের পোশাক দিই তা নয়, ওদের শেয়ারিং বিষয়টা শেখানোর জন্য বলি, কাজিনদেরসহ তোমরা পোশাক কিনতে যাও। নিজেরা একটা ভালো ব্র্যান্ডের বা দামি পোশাক পরার থেকে সবাই মিলে নতুন পোশাক পরলে ভালো লাগবে।
ছোটবেলায় শুধু নিজেরটা ভাবতাম, এখন সবারটা ভাবি। তারকা হওয়ার আগে সারা দিন ঘোরাঘুরি করে রাতে ‘আনন্দমেলা’ দেখতাম বিটিভিতে। এখন এত চ্যানেল এত অনুষ্ঠানের ভিড়ে সব দেখা হয় না। তবে ঈদ মানেই খুশি। তাই এই খুশিকে উপভোগ আগেও করতাম, এখনো করি।
মেয়েরা ফিরিয়ে দিল আগের জীবন

ফেরদৌস
তারকা হওয়ার আগে ঈদের আনন্দ ছিল অন্য রকমের। ঈদের দিন খুব আগ্রহ নিয়ে ঈদের সালামি সংগ্রহ করতাম। সালামি পাওয়াটা খুব আনন্দের ছিল। সালামির টাকা দিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে রাজ্জাক, ববিতা, সালমান শাহ, অঞ্জু, ওয়াসিমের ছবি দেখতাম। তবে আমার সেরা দিন ছিল চাঁদরাত। ওই দিন বন্ধুরা মিলে এলিফ্যান্ট রোডে জুতা কিনতে যেতাম। সারা রাত হইহুল্লোড় করে মার্কেটে ঘুরতাম। সকালে বাসায় ফিরে গোসল করে নামাজে যেতাম।
তারকা হওয়ার পর সবকিছুই পাল্টে গেছে। তখন ঈদের সময় ছবি দেখতে যেমন আনন্দ পেতাম, এখন নিজের ছবি মুক্তি পেলে টেনশন লাগে। ছবিটি কেমন ব্যবসা করবে, সেই টেনশনেই অবস্থা খারাপ হয়ে যায়। তারকা হওয়ার পর মার্কেটে যাওয়াই হয় না।
তবে ইদানীং ঈদের সময় আমার দুই মেয়ে নুজহাত আর নামিয়াকে নিয়ে ঈদের শপিং করতে হয়। মেয়েদের কল্যাণে মনে হচ্ছে আবার সেই আগের জীবনে ফিরে গেছি। ভালো লাগে। ওদের নিয়ে যখন মার্কেটে যাই, তখন নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে। ঈদে অন্যদের সালামি দিতেই বেশি আনন্দ পাই।