তারকাদের অনুভূতি

তারকা জরিপ
শাকিব খান
এবারের পুরস্কারটি ‘লাকি সেভেন’। সপ্তমবারের মতো এই পুরস্কার জিতেছি। এবারের পুরস্কার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। হিরো দ্য সুপারস্টার আমার প্রযোজিত প্রথম ছবি। আর এই ছবিতেই পুরস্কার পেয়েছি। আমার এই ছবি দেখতে হাজার হাজার দর্শক প্রেক্ষাগৃহে এসেছেন। প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল’ লেখা সাইনবোর্ড ঝুলেছে। আমি প্রমাণ করেছি, এ দেশের চলচ্চিত্র মুখ থুবড়ে পড়েনি। যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে কষ্ট করে আমার ছবি দেখেছেন, আমাকে ভোট দিয়েছেন, এই পুরস্কার তাদের সবার।
মাহিয়া মাহি
অনেক দিন আগে টিভিতে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান দেখাচ্ছে। মা তখন রান্না করছিলেন। আমি বললাম, মা, একদিন এই পুরস্কারটি আমিও পাব। মা তখন খুব হেসেছিলেন। আজ চিৎকার করে মাকে বলতে চাই, মা আমি এই পুরস্কারটি জিতেছি।
মোশাররফ করিম
প্রথম দিকে যখন আমার হাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হতো, তখন তেমন কিছুই বলতে পারতাম না। কিন্তু পুরস্কার পেয়ে পেয়ে এখন কিছু বলতে শিখেছি। ভালো থাকুন সবাই।
তিশা
এবার আমি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছি ধারাবাহিক নাটক বিজলীর জন্য। এই নাটকের শিল্পী, কলাকুশলী, প্রযোজক আর পরিচালককে অনেক ধন্যবাদ। যাঁরা আমাকে তাঁদের মূল্যবান ভোট দিতে ভোলেননি, তাঁদেরও ধন্যবাদ।
জেমস
‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আর আমার ভক্ত-শ্রোতাদেরও ধন্যবাদ।
ন্যান্সি
এ নিয়ে ছয়-ছয়বার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছি। এবার পুরস্কার পেয়েছি ‘ভালো না বাসলে বোঝা কি যায়’ গানের জন্য। গানটির গীতিকার কবির বকুল আর সুরকার শওকত আলী ইমনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার গান ও আমার প্রাণ একই সূত্রে গাঁথা। গান ছাড়া আমি ন্যান্সি অর্থহীন। আমাকে যাঁরা ভোট দিয়েছেন, সবাইকে ধন্যবাদ।
তানজিন তিশা
পুরস্কারটির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মনোনয়ন পেয়েছি, তাতেই অনেক খুশি হয়েছি। মঞ্চে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন কী করব, ভেবে পাচ্ছিলাম না। এটা আমার জন্য বিশাল সারপ্রাইজ। আমি তো কাজ শুরু করেছি বছর খানেক আগে। কিন্তু এই সময়ের মধ্যে ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি। পুরস্কার পাওয়ার পর এই দায়িত্ব আরও বেড়ে গেছে।