তারকাদের ঈদের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব কটি টিভি চ্যানেলে এবারের ঈদ উপলক্ষে দেখানো হবে তিন শতাধিক নাটক ও টেলিছবি।এসব নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন অনেক শিল্পী। তাঁদের মধ্য থেকে কয়েকজন শিল্পীর সঙ্গে আলাপ হলো। নিজের অনেক কাজ থেকে বেছে নিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রটির কথাই বললেন তাঁরা। আর তা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।সুবর্ণা মুস্তাফাএবার ঈদে আমি একটি নাটকেই অভিনয় করেছি। নাম যাত্রাবিরতি। নাটকটি দেখানো হবে দেশ টিভিতে। সাতজন তরুণ নির্মাতা, যাঁরা আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন, তেমনি কজন এবার দেশ টিভির জন্য নাটক নির্মাণ করেছেন। বদরুল আনাম সৌদের একজন সহকারী মুনতাসির রিপন। তাঁর নাটকে অভিনয় করেছি। বেশ মজার গল্প। মধ্যবয়সী একজন নারীর চরিত্রে অভিনয় করেছি, যাঁর বিয়ে হয়নি। সারাক্ষণ সবাইকে বিরক্ত করেন। আর এ নাটকের একটা উল্লেখযোগ্য দিক হলো, নাটকের মাত্র দুটি দৃশ্যের কাজ হয়েছে বাইরে। আর পুরো নাটকটিই ঘরের মধ্যে শুটিং করা হয়েছে। জাহিদ হাসানঈদের জন্য কয়েকটি কাজই করেছি। এর মধ্যে আটটি নাটক প্রচারিত হবে। প্রতিটি নাটকই ভালো হয়েছে বলে আমার বিশ্বাস। এর মধ্যে এফ জামান তাপসের অপরাহ্নের আলো নাটকটি ভালো লেগেছে। সাগর জাহান সিকুয়েল নির্মাণ করেছেন আরমান ভাই ফাইসা গেছে। এখানে কাজ করে বেশ মজা পেয়েছি। সুস্ময় সমুন আমার নামেই একটি নাটক নির্মাণ করেছেন। নাম জনৈক জাহিদ হাসান। এটিও বেশ মজার নাটক।মাহফুজ আহমেদবিভিন্ন টিভি চ্যানেলে আমার ১০টি নাটক প্রচার হবে। এর মধ্যে আমি নিজে তিনটি নাটক পরিচালনা করেছি। এগুলোর মধ্যে দুটি নাটক আমার কাছে খুবই ভালো লেগেছে। একটি হচ্ছে, রেদোয়ান রনি পরিচালিত বেহালা। এটি ঈদের দিন বাংলাভিশনে প্রচারিত হবে। অন্যটি মোস্তফা কামাল রাজের ক্রাইম রিপোর্টার। বেহালা নাটকে আমি পঞ্চাশোর্ধ্ব একজন ব্যক্তি। আর ক্রাইম রিপোর্টার নাটকে একজন অপরাধবিষয়ক সাংবাদিকের চরিত্রে কাজ করলাম। শহীদুজ্জামান সেলিমএবার ঈদের জন্য আটটি নাটকে অভিনয় করেছি। দুটি নাটক আমি নিজেই পরিচালনা করেছি। তবে দুটি নাটকে কাজ করে খুব ভালো লেগেছে—ইনসমনিয়া ও অ্যাপয়নমেন্ট লেটার। ইনসমনিয়া নাটকটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। এটি প্রচারিত হবে এনটিভিতে। এ নাটকে কাজ আমি একজন মানসিক রোগী। অ্যাপয়েনমেন্ট লেটার নাটকটি নিজেই পরিচালনা করেছি। এটি প্রচারিত হবে এটিএন বাংলায়। এ নাটকে মহল্লায় বজলু ভাই নামের একজন মাস্তান থাকে। আমি নিজে সেই চরিত্রে অভিনয় করেছি। একজন মাস্তানের জীবন কেমন হয়, তা-ই নাটকে তুলে ধরেছি।আনিসুর রহমান মিলনঈদে আমার অভিনীত ১৫টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। এর মধ্যে দুটি নাটকের কথা না বললেই নয়। একটি জিন্না কসাই অন্যটি মুগ্ধ নীলিমার প্রান্তে। জিন্না কসাই নির্মাণ করেছেন দীপু হাসান। এটি প্রচারিত হবে একুশে টিভিতে। নাটকে আমি একজন কসাই। দেশে যখন অ্যানথ্রাক্স-আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন অন্য কসাইরা ভিন্ন পেশায় চলে যাচ্ছিলেন। কিন্তু আমি যাইনি। ঈদের জন্য অপেক্ষা করেছি। একসময় অ্যানথ্রাক্স আতঙ্ক দূর হয়। ঈদের দিন ৬০টি গরু কাটার দায়িত্ব পড়ে। কিন্তু ঈদের দিন অনেক সমস্যায় পড়ে যাই। মুগ্ধ নীলিমার প্রান্তে নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি প্রচারিত হবে বৈশাখী টিভিতে। এ নাটকে অভিনয়ের অনেক বেশি সুযোগ ছিল।মোশাররফ করিমসব মিলিয়ে এবার ১০টি নাটকে কাজ করেছি। এর মধ্যে দুটি ধারাবাহিক নাটক। একটির নির্দেশনা দিয়েছেন রোদোয়ান রনি, অন্যটির সালাহউদ্দিন লাভলু। নাটকগুলোর মধ্যে দুটির কাজ বেশি ভালো লেগেছে। মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন দ্বিধা। সেখানে একটি ছেলের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক থাকে। আর ফোনে পরিচয় হয় আরেকটি মেয়ের সঙ্গে। আস্তে আস্তে ছেলেটি দ্বিধায় পড়ে যায়। এখানে ছেলেটির চরিত্রে অভিনয় করেছি আমি। আর আমার সঙ্গে আছে মৌসুমী ও তিশা। আরও একটি নাটক ভালো লেগেছে। রোদোয়ান রনির জিম্মি। এই কাজটাও খুব উপভোগ করেছি।তিশাঈদে নতুন-পুরোনো সব কাজ মিলিয়ে মোট আটটি কাজ প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে প্রতিটি কাজই ভালো লেগেছে। যেমন আলভী আহমেদের ফেলু কাজল, মাসুদ সেজানের যে তিনটি কাজ করেছি, সেগুলোও ভালো হয়েছে। মোস্তফা কামাল রাজের দ্বিধা নাটকটিও খুবই ভালো লেগেছে।সুমাইয়া শিমুএবার আমাকে ১৩টি নাটকে দেখা যাবে। এর মধ্যে রেদোয়ান রনির বেহালা নাটকে অভিনয় করে মজা পেয়েছি। এটি বাংলাভিশনে দেখানো হবে। একজন অভিনয়শিল্পী যে ধরনের চরিত্র খোঁজেন এবং যেভাবে অভিনয় করতে চান—এর সবই এই নাটকে আমি পেয়েছি। বিন্দুএই ঈদে কাজ করেছি ১২টি নাটকে। আর গত ঈদে প্রচারিত হয়নি, এমন কাজ মিলিয়ে মোট ১৭টি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে মোস্তফা কামাল রাজের ক্রাইম রিপোর্টার নাটকটি আমার কাছে অন্য রকম মনে হয়েছে। এ নাটকের যে গল্প এবং যে পটভূমি, সব মিলিয়ে এটি নিয়ে আমি বেশ আশাবাদী।মীমঈদে আমার মোট ১৫টি নাটক প্রচারিত হবে। এর মধ্যে বনলতা সেন আমার খুবই ভালো লেগেছে। এটি পরিচালনা করেছেন আকরাম খান। এনটিভিতে প্রচারিত হবে নাটকটি। এখানে যে সময়কে বেছে নেওয়া হয়েছে, সেই সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করাটাও ছিল এক ধরনের চ্যালেঞ্জ। আর আমি সেই চ্যালেঞ্জটা ভালোভাবেই নিতে পেরেছি।সজলএবার ঈদে মোট ২৪টি নাটক প্রচারিত হবে। এর মধ্যে একটি নাটক চরিত্রের কারণেই অন্য রকম মনে হয়েছে। নাটকের নাম সাম্পান। এটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে। এ নাটকে আমি এবং আমার স্ত্রী আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিই। এর পরই অনেক জটিল ব্যাপার আমাদের সামনে এসে দাঁড়ায়। সারিকাঈদে আটটি নাটক প্রচার হওয়ার কথা। সংখ্যাটা বেশিও হতে পারে। কারণ অনেক নাটকেই শুটিং করেছি। সেগুলো শেষ পর্যন্ত কোন কোন চ্যানেলে যাচ্ছে, তা জানি না। যে কাজগুলো করেছি, সেগুলোর প্রতিটিই ভালো হয়েছে। এর মধ্যে যেমন বৈশাখীতে করেছি গেন্দু চোরা। একই চ্যানেলের জন্য প্রেমের নাম বেদনা নামের তিন পর্বের ধারাবাহিক নাটকেও কাজ করেছি। এটিও বেশ মজার নাটক। একজন অভিনয়শিল্পী কীভাবে অভিনয় ছেড়ে সংসারজীবনে প্রবেশ করেন এবং এর পর কী কী সমস্যা তৈরি হয়, সেগুলোই নাটকে দেখানো হয়েছে।শখএবার ঈদে আমি দুটি নাটকে অভিনয় করেছি। নাটক দুটি হচ্ছে রুবেল হাসানের প্রত্যাবর্তন ও মাহফুজ আহমেদের প্রেমে পড়ে যাচ্ছি। এ দুটি নাটকের মধ্যে প্রেমে পড়ে যাচ্ছি আমার কাছে বেশি ভালো লেগেছে। এটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। নাটকটি ভালো লাগার কারণ হচ্ছে, এখানে আমাকে দেখে ৫০ বছর বয়সের এক ব্যক্তি প্রেমে পড়ে যায়। খুবই মজার একটি নাটক।