তারকাদের দূরদেশে মন নির্ঘুম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>লকডাউনের কারণে অনেকেই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন অখণ্ড অবসর। কিন্তু বিনোদনজগতের কয়েকজন তারকা নিজ বাড়িতে থেকেও আছেন ভীষণ দুশ্চিন্তায়। কারণ, তাঁদের পরিবারের অনেকেই আটকে আছেন ভিনদেশে। কারও সন্তান, কারও জীবনসঙ্গী—কবে ফিরবেন তাঁরা, কবে আবার পুরো পরিবার এক হবে, তা জানা নেই। অনিশ্চিত এই সময়ে প্রিয়জনদের নিয়ে তারকাদের উদ্বেগ আর উৎকণ্ঠার কথাগুলো জানাচ্ছেন মনজুরুল আলম।
মেয়ে শ্রেমার সঙ্গে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী
মেয়ে শ্রেমার সঙ্গে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী

একাই কাটবে মেয়ের জন্মদিন

আগামীকাল ২৪ এপ্রিল অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকীর মেয়ে শ্রেমার জন্মদিন। কথা ছিল, বিশেষ দিনটি এই দম্পতি অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে গিয়ে মেয়ের সঙ্গে কাটাবেন। ভিসা-টিকিট সব ঠিকঠাক ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মেয়ের কাছে যাওয়া হলো না এই তারকা দম্পতির। দূরদেশে থাকা মেয়েকে নিয়েই এখন তাঁদের যত চিন্তা। শ্রেমা অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে ক্রিমিনাল ল’তে পড়ছেন। রোজি সিদ্দিকী বলেন, ‘মেয়েটা আমার ওখানে একা। শ্রেমার জন্য প্রতিটা মুহূর্ত চিন্তা হচ্ছে।’

মাহফুজ আহমেদের সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানেরা
মাহফুজ আহমেদের সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানেরা

‘মিসিং ইউ বাবা’

বাবার ভিডিও কল ধরে মেয়ে আরাধ্য (৮) আর ছেলে অরিত্র (৬) কোনো কথা বলে না। বাবাকে অপলক দেখতে থাকে। অভিনেতা মাহফুজ আহমেদও নিজেকে শক্ত রেখে ছেলেমেয়েদের দিকে হাসি মুখে তাকিয়ে থাকেন। নীরবতা ভেঙে একসময় সন্তানেরা বলে ওঠে, ‘মিসিং ইউ বাবা।’ মাহফুজের চোখ ভারী হয়ে আসে। তিনি বুঝতে পারেন ছেলেমেয়েরা বাবাকে না পেয়ে কেঁদে তাদের চোখ লাল করে ফেলেছে। অস্ট্রেলিয়ায় থাকা দুই সন্তানের জন্য বুকটা কেঁপে ওঠে বাবা মাহফুজের। সাধারণত দু–এক মাস পরপর অস্ট্রেলিয়ায় ছেলেমেয়েদের দেখতে যান এই অভিনেতা। সেটা এখন বন্ধ। আবার কবে যেতে পারবেন, তা–ও জানা নেই। মাহফুজ বলেন, ‘১৬ এপ্রিল ছেলেটার জন্মদিন ছিল, এই প্রথম দিনটাতে ছেলের পাশে ছিলাম না। কষ্ট হচ্ছে খুব।’

মা ববিতা ও ছেলে অনীক। ছবি: সংগৃহীত 
মা ববিতা ও ছেলে অনীক। ছবি: সংগৃহীত 

ববিতার চিন্তা ছেলেকে নিয়ে

একমাত্র ছেলে অনীক কানাডার ওয়াটারলুতে থাকেন। তাঁর সঙ্গে মা ববিতার শেষ দেখা হয়েছিল গত ডিসেম্বরে। দুই সপ্তাহের জন্য সেবার ঢাকায় এসেছিলেন অনীক। এবার ভেবেছিলেন ববিতাই যাবেন ছেলেকে দেখতে। কিন্তু শিগগিরই যে সেই সুযোগ আসছে না, তা বুঝে গেছেন এই খ্যাতিমান অভিনেত্রী। ববিতা বলেন, ‘ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছেলেকে ফোন করা। আমি কী করছি এই সব ভিডিও করে দেখাই। ওর রান্না করা দেখি। যতটা পারা যায় ওকে সচেতন থাকতে বলছি। ছেলেটার কাছে আমি নিজে যেতে পারছি না। সারাক্ষণ একটা চিন্তায় থাকছি।’ এই অভিনেত্রী শুনেছেন ছেলে যে এলাকায় থাকেন, তার আশপাশে কয়েকজন করোনায় আক্রান্ত। এ খবরে এখন দুশ্চিন্তা ভর করেছে মায়ের মনে।

স্ত্রী ও ছেলের সঙ্গে কুমার বিশ্বজিৎ
স্ত্রী ও ছেলের সঙ্গে কুমার বিশ্বজিৎ

স্ত্রী যুক্তরাষ্ট্রে, ছেলেকে নিয়ে ঢাকায় কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিতের স্ত্রী নাইমা সুলতানা ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে আছেন। কিছুদিনের মধ্যে কুমার বিশ্বজিৎ ও তাঁর ছেলে নিবিড়ের সেখানে যাওয়ার কথা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বদলে গেছে। নিবিড়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মাকে খুব মিস করছি। ফোনে সব সময়ই যোগাযোগ হচ্ছে। এই সময়টায় সবকিছু বাবাই দায়িত্ব নিয়ে করছেন।’ কুমার বিশ্বজিৎ বলেন, ‘এখন বিশ্বব্যাপী যে অবস্থা তাতে দুশ্চিন্তা একটু বেশিই হচ্ছে।’ নিবিড় কানাডায় পড়াশোনা করেন। ৪ মে থেকে তার সেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত মাকে ছাড়া বাবার সঙ্গেই ঢাকায় থাকতে হচ্ছে তাঁকে।

হাসান মাসুদের সঙ্গে তাঁর ছেলে ও স্ত্রী
হাসান মাসুদের সঙ্গে তাঁর ছেলে ও স্ত্রী

ছেলের জন্য দুশ্চিন্তায় হাসান মাসুদ

অভিনেতা হাসান মাসুদের ছেলের নাম সূর্য সাকিব হাসান। সূর্য পড়ছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে। গত ডিসেম্বরে ছুটিতে কাটাতে দেশে এসেছিলেন। আগামী ৭ মে আবার দেশে আসার কথা ছিল সূর্যের। টিকিটও কাটা ছিল। কিন্তু করোনার হানায় এখন সূর্যের বাড়ি ফেরা অনিশ্চিত। হাসান মাসুদ বলেন, ‘ছেলে হোস্টেলের ডরমিটরিতে আছে। এই দুর্যোগের সময়ে ছেলের পাশে থাকতে পারছি না। দুশ্চিন্তায় বিপর্যস্ত হয়ে গেছি।’

মিশা সওদাগর ও তাঁর পরিবার
মিশা সওদাগর ও তাঁর পরিবার

পরিবারের জন্য চিন্তিত মিশা

ঢালিউডের অন্যতম খল অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী ও দুই ছেলে এখন আছেন যুক্তরাষ্ট্রে। ছোট ছেলেকে নিয়ে মিশার স্ত্রী আছেন নিউইয়র্কে। আর বড় ছেলে ওয়ালিদ টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। একেক জায়গায় ছড়িয়ে থাকা পরিবারের সদস্যদের নিয়ে ভীষণ চিন্তিত মিশা। তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। এরপর থেকে পরিবারের সঙ্গে দেখা নেই। পরিবার থেকে দূরে থাকা যে কতটা কষ্টকর, এটা কাউকে বোঝানো যায় না। তাঁদের সঙ্গে সব সময় ফোনে কথা হচ্ছে। রমজান মাসে দেখা হওয়ার কথা ছিল। সবই এখন অনিশ্চিত।’’

মিম ও তাঁর ছোট বোন মমি
মিম ও তাঁর ছোট বোন মমি

বোনের আসা হলো না, ভয়ে মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা মমি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এপ্রিল মাসে মমির দেশে আসার কথা ছিল। শুরুর দিকে মমি নাকি করোনা ভয়াবহতা অতটা বুঝে উঠতে পারেননি। এতেই মিমের চিন্তা বেড়ে গেছে বহুগুণ। মিম বলেন, ‘শুরুর দিকে ও (মমি) একটু কম সচেতন ছিল। এখন লকডাউনে আছে। তিন বন্ধু মিলে এক বাসায় থাকে। ওকে কড়া নিষেধ করে দিয়েছি একদম বাসা থেকে যেন বের না হয়। ওর জন্য সব সময় একটা ভয়ের মধ্যে থাকতে হচ্ছে।’

ছেলে শ্রাবণের সঙ্গে সাবিনা ইয়াসমিন
ছেলে শ্রাবণের সঙ্গে সাবিনা ইয়াসমিন

ফোনেই যোগাযোগ ছেলের সঙ্গে

সাবিনা ইয়াসমীনের ছেলে শ্রাবণ এই মুহূর্তে লন্ডনে আছেন। পড়াশোনা শেষ করে সেখানেই কর্মরত তিনি। আর এদিকে সাবিনা ইয়াসমীন এখন ঢাকায়। দেশ থেকে সর্বক্ষণ ছেলের জন্য চিন্তা করছেন, নিয়মিত খোঁজখবর রাখার চেষ্টা করছেন। এই গুণী শিল্পী বলেন, ‘এই মুহূর্তে তো বের হওয়া যাবে না। ফোনে রোজই কথা হচ্ছে। সব সময় ওকে বলছি যেন বাইরে না যায়। বাসায় যতটা পারা যায়, যেন সচেতন থাকে।’