তারকাদের নিয়ে ‘স্বপ্ন ওড়ার দিন’
‘আকাশছোঁয়া স্বপ্ন আছে, সব মানুষের বুকের কাছে/ স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে, কিছু স্বপ্ন ঝরে পড়ে/ তবুও মানুষ স্বপ্ন দেখে সীমাহীন/ মনটা ছুঁয়ে থাকে স্বপ্ন ওড়ার দিন’—এটা সেলিব্রিটি টক শো স্বপ্ন ওড়ার দিন অনুষ্ঠানের শিরোনাম সংগীত। আর এ গানটির কথার মধ্যে লুকিয়ে আছে অনুষ্ঠানের ভাবনা। তারকাদের জীবনের নানা স্বপ্নময় ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই টক শো। চ্যানেল আইয়ের জন্য অনুষ্ঠানটি তৈরি করছেন ফারিয়া হোসেন। ২৬ পর্বের এ অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করছেন তিনি।স্বপ্ন ওড়ার দিন নামের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিনোদনজগতের জনপ্রিয় তারকাদের। অনুষ্ঠানে তারকারা তাঁদের স্বপ্নের কথা শোনাবেন। এরই মধ্যে তিন পর্বের ধারণকাজ শেষ হয়েছে। এই তিন পর্বের অতিথিরা হলেন মৌসুমী, আফসানা মিমি ও অপি করিম। অনুষ্ঠানটি প্রসঙ্গে ফারিয়া হোসেন বললেন, ‘সবাই কিন্তু স্বপ্ন দেখি। কিন্তু সেসব স্বপ্নের কথা কজনই বা জানতে পারে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারকারা স্বপ্নের দিনগুলোতে ঘুরে বেড়াবেন। আমরা তারকাদের সেই সব স্বপ্ন দর্শকদের সামনে তুলে ধরব। এ ধরনের অনুষ্ঠান দর্শকদের আলাদা ভালো লাগা তৈরি করবে।’