>ঈদ আনন্দের অন্যতম উপলক্ষ খাওয়াদাওয়া। তারকাদের পছন্দের খাবার কী? পাঁচজন তারকা বলেছেন তাঁদের ঈদের পছন্দের খাবার। লিখেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

সেমাই পছন্দ মাহফুজের
ব্র্যান্ডের কোনো লাচ্ছা সেমাই না। কিংবা দেশি-বিদেশি খাবার না। ঈদের দিন অভিনেতা মাহফুজ আহমেদের প্রথম পছন্দ মায়ের হাতের লম্বা সেমাই। সেটা অবশ্যই দুধ দিয়ে রান্না হতে হবে। মাহফুজ আহমেদ বললেন, ‘এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই। অনেক সেমাই খাই। কিন্তু ঈদের দিন মায়ের হাতের লম্বা দেশি সেমাইটা আমার খেতেই হয়। না হলে ঈদটা অসম্পূর্ণ মনে হয়।’

রোস্ট খান জান্নাতুল পিয়া
কথার শুরুতেই জান্নাতুল পিয়া জানিয়ে রাখলেন, তাঁর শাশুড়ি খুব ভালো রান্না করেন। তাই বিয়ের পর থেকে শাশুড়ির হাতের রোস্ট ও ডিম-পোলাও আছে পছন্দের তালিকায়। পিয়া বললেন, ‘আমি খুবই সৌভাগ্যবান। আমার মাও খুব ভালো রান্না করেন। মা আর শাশুড়ি—এই দুজনের রান্না আমার খুবই পছন্দ। ঈদ এলে শাশুড়ির হাতের ওই দুটি খাবারের পাশাপাশি মায়ের হাতের খিচুড়িও খাই।’

চটপটি খান অপূর্ব
অভিনেতা অপূর্বর ঈদের খাবারের মধ্যে পছন্দের তালিকায় আছে চটপটি। এটা বাসাতেই বানানো হয়। ঈদের নামাজ শেষ করে এসে পরিবারের সবাই মিলে সেই চটপটি খেয়ে নেন। অপূর্ব বললেন, ‘বাসায় অনেক খাবারই রান্না হয়। আত্মীয়স্বজন আসেন। সবাই অনেক কিছু খায়। কিন্তু আমার পছন্দের তালিকায় ওই চটপটি। ঈদে চটপটি খেতে না পারলে মনে হয় ঈদটাই মাটি।’


মৌসুমী হামিদের পছন্দ চটপটি
‘আমি গ্রামে যাই ঈদ করতে। কারণ, ঈদে মায়ের হাতের চটপটি খাওয়ার লোভ।’ ঈদের পছন্দের খাবার প্রসঙ্গে এমনটাই জানালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। বলেন, বাসায় বানানো যেকোনো খাবারই পছন্দ। বাসার খাবারের স্বাদটাই অন্য রকম হয়। তাঁদের বাড়িতে আগের দিন থেকে চটপটি বানানোর আয়োজন শুরু হয়। আর খাওয়ার আয়োজন শুরু হয় ঈদের সকাল থেকে। এমনটাই জানালেন মৌসুমী হামিদ।

নানুর হাতের ফিরনি খান জোভান
যত খাবার ঈদের দিন খান না কেন, নানুর হাতের ফিরনি খেতেই হবে জোভানকে। ঈদের দিন নামাজ পড়ে এসে বাসায় খাওয়াদাওয়া সেরে তারপর রওনা হন নানুর বাসার দিকে। শুধু তাঁর হাতের ফিরনির লোভে। জোভান বললেন, ‘আমার এই অভ্যাসটা ছোটবেলা থেকেই। ঈদের দিন নানুর হাতের ফিরনি খেতে না পারলে ঈদটাই মাটি।’
