তারকাদের পদচারণে মুখর এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তাতে কি, অন্ধকার বেশিক্ষণ থাকতে পারেনি। কারণ, এফডিসিজুড়ে যে তারকাদের মেলা বসেছিল। সকাল নয়টা বাজতেই শাকিব খান, মৌসুমী, ফেরদৌস—একে একে তাঁদের আগমন। পাশাপাশি সাধারণ শিল্পীরা এসেছেন ভোট দিতে। সবার মধ্যেই একটা উৎসবের আমেজ। তখনো আসলে বোঝা যাচ্ছিল না এটা পরিবর্তন, নাকি প্রত্যাবর্তনের উৎসব। বেশির ভাগ শিল্পীর মনে যে পরিবর্তনের দামামা বেজে উঠেছিল, তা-ও বোঝার কোনো উপায় ছিল না। বোঝা গেল ওই দিনই, রাত ১২টার পর।চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ছিল গত শুক্রবার। ১০টার কিছু পরেই আলমগীর, ফারুক এলেন ভোট দিতে। এরই মধ্যে লম্বা লাইন পড়ে গেছে। ভোট দিয়ে দুজনই চুপচাপ পরিচালক সমিতিতে ঢুকে পড়লেন। একটু পরেই দেখা মিলল তিন বোনের—সুচন্দা, ববিতা ও চম্পা। বেড়ে গেল পুলিশের তৎপরতাও। হুইসেল আর মৃদু ধাক্কাধাক্কির ভেতর দিয়েই তিন বোনের যাওয়ার জায়গা তৈরি হলো। শাকিব, ফেরদৌস, মৌসুমীসহ অন্য প্রার্থীরা তাঁদের সঙ্গে কুশল বিনিময় করলেন। তিন বোন সোজা চলে গেলেন ভোট দিতে। এমন সময় এলেন সাংসদ কবরী। তিনি ভোটকেন্দ্রের বাইরে দাঁড়ালেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন। শাকিবের কাছে ভোটের অবস্থা জানতে চাইলেন। এরপর গেলেন ভোটকেন্দ্রে। পরিচিত কয়েকজনকে শাকিবের প্যানেলে ভোট দেওয়ার জন্যও অনুরোধ জানালেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজু আহমেদের জন্য তখন ভোট চাইছেন নবাগত নায়ক জায়েদ খান ও খল-অভিনেতা ডিপজল। অনেকেই বলাবলি করলেন, ডিপজলের কথার বাইরে যাবে না ফাইটার গ্রুপের সদস্যরা। তাঁদের সংখ্যা অনেক। ফলে মিজু আহমেদই হয়তো জিতে যাবেন। কিন্তু শাকিব, মৌসুমী, ফেরদৌসরা ভোটের আগের রাতেই ফাইটার গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বলে আভাস পাওয়া গেল। শাকিবের সমর্থকেরা জানালেন, সবকিছুই তাঁদের অনুকূলে আছে।দেখা মিলল শাবনাজের। তিনি অনেক দিন পর এফডিসিতে এলেন ভোট দিতে। এলেন অপু বিশ্বাস, অঞ্জনা, পপি ও শিমলা। একটু পরই এলেন দিতি। তারপর তাঁরা সবাই শাকিবের পাশে দাঁড়িয়ে গেলেন। সাধারণ শিল্পীরা বুঝতে পারলেন ভোটের হাওয়া কোন দিকে যাচ্ছে। অনেকক্ষণ পর দেখা মিলল আনোয়ারার। তিনি সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন। একটু পরই ভেসে এল কয়েকজনের চিৎকার। আমিন খান বলছেন, ‘বিপুল ভোটে আমরা এগিয়ে যাচ্ছি।’ এমনি করে বেলা গড়িয়ে যায়। শেষ মুহূর্তে ভোট দিতে লাইনে দাঁড়ালেন অমিত হাসান। এ সময় ডিপজলের মুখোমুখি হলেন মিশা সওদাগর। ডিপজল অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে বললেন মিশাকে, ‘তুই তো ফেল করবি। ড্যানি সিডাক পাস করবে।’ মিশা সে মুহূর্তে শুধু বললেন, ‘শিল্পীরা আমাকে নির্বাচিত করবেন।’ ভোট নেওয়া শেষ হলো। সবাই বেশ ক্লান্ত। শাকিব, মৌসুমী ও ফেরদৌস বিশ্রামের জন্য পরিচালক সমিতিতে গিয়ে বসলেন। ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়েছে। রাত নয়টা থেকে একটু একটু করে খবর আসতে শুরু করল—শাকিব চার ভোটে, মিশা তিন ভোটে এগিয়ে। প্রার্থীদের চোখেমুখে টেনশন। রাত ১০টায় জানা গেল, শাকিব সাত ভোটে এগিয়ে, মিশা চার ভোটে। উত্তেজনায় প্রার্থীরা কেউ মাথার চুলে হাত দিচ্ছেন, আবার কেউ পায়চারি করছেন। রাত ১১টায় একটা চিৎকার—বিজয়ের আনন্দ, উল্লাস। শাকিব ৪০ ভোটে এগিয়ে, মিশা ৩০ ভোটে। ফেরদৌস অনেক ভোটের ব্যবধানে এগিয়ে। মৌসুমী ও আনোয়ারা জয়ী হওয়ার পথে। এফডিসিজুড়ে তখন অন্য এক দৃশ্য। ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হলো জয়োৎসব। তখনো ঘোষণা হয়নি। কিন্তু ভোট গণনার কক্ষ থেকে মুঠোফোনে খুদেবার্তা পাওয়া যাচ্ছে। সেখানে বলে দেওয়া হলো শাকিব খান ও তাঁর প্যানেলের বেশির ভাগ সদস্য জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল জেনেই বিমানবন্দরের উদ্দেশে ছুটলেন ফেরদৌস। যেতে যেতে বললেন, রাতের ফ্লাইটেই তিনি কলকাতা যাচ্ছেন। তাঁর শুটিং আছে। একটু পরই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো ফলাফল। আনন্দ আর কান্না তখন মিশা সওদাগরের চোখমুখে। আর শাকিব শুধু সবার উদ্দেশে হাত নেড়ে বললেন, ‘আমি অভিভূত। আমি সবার ভালোবাসার কাছে ঋণী।’রাত দুইটার দিকে সবাই এফডিসি প্রাঙ্গণ ছাড়লেন।